দেশ জুড়ে শিক্ষার বেসরকারিকরণ ও গৈরিকীকরণ বন্ধ হোক!

নয়া শিক্ষানীতি (NEP) ২০২০ বাতিল করা, দেশজুড়ে শিক্ষার বেসরকারিকরণ ও গৈরিকীকরণ বন্ধ করা, রাজ্যে কোনও স্কুল বন্ধ না করা ইত্যাদি দাবিতে গত ১৮-ই নভেম্বর ২০২৩-এ ভারতসভা হলে অনুষ্ঠিত হয় All India Forum For Right To Education (West Bengal)-এর কনভেনশন। বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা সক্রিয়ভাবে এই কনভনশনে অংশগ্রহণ করেন। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন Democratic Teachers’ Front-এর সেক্রেটারি বিক্রম দেভ সিং। প্রস্তাবনা পাঠ করেন PDSF-এর কুশল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন PDSF-এর মৃন্ময়, শিক্ষা সংলাপ-এর তরফে অনিন্দ্য, আজাদ গণ মোর্চা-র পক্ষ থেকে তুহিন, DYSA থেকে উদ্দীপন, PYL-এর মানবেন্দ্র, রেড স্টার-এর শঙ্কর, APDR থেকে সাহানারা খাতুন প্রমুখরা।

আমাদের দেশে কিছু শিক্ষিত মানুষ আছেন যারা যে কোনো ছাপা অক্ষর দ্রুততার সাথে পড়ে ফেলতে পারেন, মোটা মোটা বই থেকে গবেষণা পত্র। আর আছে কোটি কোটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ এমনকি স্নাতক মানুষ যাদের কাছে ছাপা অক্ষর আজও বিভীষিকা। ফলে এই কতিপয় শিক্ষিত মানুষদের অবজ্ঞা, হেনস্থা, অপমান সহ্য করেই বেঁচে আছেন বাকিরা।

এমনই এক দেশের একটি রাজ্যে আজ কেন্দ্রের নয়া শিক্ষা নীতির বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় মঞ্চ, এআইএফআরটিই-র কনভেনশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শিক্ষার জন্য লড়াই সমাজের অন্যতম মৌলিক লড়াই, তারই অংশ আজকের এই নয়া শিক্ষা নীতি বিরোধী সংগ্রাম। যা রুখে দিতে না পারলে শিক্ষার অবশিষ্ট সমস্ত অধিকার চলে যাবে তো বটেই, এমনকি জ্ঞান বিজ্ঞানকে অস্বীকার করে ছাত্রছাত্রীদের আরএসএস-এর কুশিক্ষায় দীক্ষিত করা শুরু হবে, সরকারি পাঠক্রমের সাহায্যে। এতকাল দেশে আরএসএস-এর সমান্তরাল স্কুল ছিল। কিন্তু সরকারি পাঠক্রমকে অস্বীকার করে স্কুল চালানো সম্ভব ছিল না তাদের। হয়তো কিছু বিশেষ ও বাড়তি পাঠক্রমের মধ্য দিয়ে তারা দীনদয়াল উপাধ্যায়ের নাম ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতেন। অথচ সমাজ জুড়েই লক্ষ কোটি ছাত্র ছাত্রী জেনে এসেছে যে গান্ধী, নেতাজি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, ভগত সিং-এনারা প্রাতঃস্মরণীয়। যারা আবার আরএসএস-এর কাছে হিন্দু বিরোধী অসুর। ফলে আজ বিজেপি আরএসএস দেশের সরকারী পাঠক্রমকে করায়ত্ত্ব করে মানুষকে ভ্রুণাবস্থা থেকেই বোঝাতে চাইছে যে এদেশে বেদের আমলেই ছিল এরোপ্লেনের জ্ঞান, ইংরেজরা শত্রু ছিল না, বিদ্যাসাগর বা রামমোহন এদেশের ক্ষতি করে গেছেন, রবীন্দ্রনাথের থেকে শ্রীকৃষ্ণ বড় কবি ছিলেন। অথবা বস্তুর গতিই একমাত্র সত্য নয়, সৌরমন্ডলের একটি ক্ষুদ্র অংশ পৃথিবী নয়, বা পরিমাণগত বিবর্তন ও গুণগত উল্লম্ফনের মধ্য দিয়ে জীবজগতের একটি অংশ হিসেবে মানুষের জন্ম হয়নি। কিছু শিক্ষিত ছাত্র ছাত্রী এসবে বিশ্বাস করবে না। কিন্তু সমাজের বাকি ছাত্রসমাজ এসবই মানবে, অন্ধ ভক্ত হয়ে থাকবে। আসলে সাধারণ মানুষের কাছে শিক্ষার গুরুত্ব হল শিক্ষান্তে রোজগারের নিশ্চয়তা। ফলে কুসংস্কার শেখালেও যদি চাকরি পাকা হয় তবে মানুষের সমস্যা নেই, থাকার কথাও না। আসলে বিজেপির এই নয়া শিক্ষানীতি শিক্ষার সুস্ত সুযোগ সাধারণ মানুষের কাছ থেকে প্রত্যাহার করে নিচ্ছে, চাকরি দিতে না পারার অক্ষমতাকে ঢাকছে কুসংস্কার পড়িয়ে। যদি আর কোনো কাজ না জোটে পুরোহিত হওয়ার হাতছানি থাকবে, পাড়ায় পাড়ায় কত মন্দির গড়ে উঠবে। সংবিধান সভায় বহু বিতন্ডার পর শিক্ষা প্রথম তিন দশক ধরে ছিল রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। তারপরের ৫ দশক ধরে তা যুগ্ম তালিকায় রয়েছে। এখন বিজেপির রাজনীতি হল এক দেশ, এক নেতা, এক দেবতা, এক ভাষা, এক কেন্দ্র। আর বাকিরা কেন্দ্রের প্রজা। শুধু কি তাই! কর্পোরেট স্বার্থে, বাজারের প্রয়োজনে এবং হিন্দুরাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এতদিন পর্যন্ত জরাজীর্ণ অবস্থাতেও টিকে থাকা দেশের এলাকাগত বৈচিত্র্যপূর্ণ শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে ‘এক সিলেবাস, এক পরীক্ষা, এক ভাষা, এক শিক্ষা, এক দেশ’ যুক্তির আধারে। প্রস্তুত করা হচ্ছে একই ধরনের শিক্ষায় শিক্ষিত, একই কর্পোরেট নৈতিকতায় দীক্ষিত বাজারের জন্য প্রয়োজনীয় শ্রমবাহিনী। শিক্ষার কেন্দ্রীকরণ, শিক্ষাক্ষেত্রে কাঠামোগত বদল, লাগু করার চেষ্টা চলছে জোরকদমে। রাজ্যগুলি বা বিশ্ববিদ্যালয়ের হাতে থাকা স্বাধিকারকে নাস্তানাবুদ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। UGC, AICTE, MCI, CSIR তুলে দিয়ে চলছে HEERA, HEFA, NTA-এর মতো শিক্ষা সংক্রান্ত একটিই কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা তৈরি করার পরিকল্পনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলির ব্যাপক বেসরকারিকরণের মাধ্যমে শিক্ষাকে অর্থের বিনিময়ে বিক্রয়যোগ্য একটি বাজারি পণ্যে পরিণত করা হচ্ছে, যা স্বাধীনতা পরবর্তীতে কোঠারী কমিশনের দেশব্যাপী শিক্ষাকে প্রতিটি শিশুর মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়ার মূল ভাবনার সুপারিশের উপর সরাসরি কুঠারাঘাত।

‘পয়সা যার শিক্ষা তার’ এই নীতি এদেশে নতুন কিছু নয়। গত ৭৫ বছর ধরে মূলত এটাই মূল স্রোত। সরকারী বিনা পয়সার শিক্ষা কার্যত কার্যকর হয়নি। গরীব গ্রামের শিশু ঘাস কাটবে, গরু চড়াবে নাকি স্কুল যাবে এই সিদ্ধান্তে আসতেই পারেনি বহু দশক। তার পর একটু একটু করে গ্রামের মানুষের হাতে টাকা এলো, শিশুরা স্কুলে গেল, কিন্তু তাও মহাজনদের বাড়ি গেলে দুপুরের ভাতটা জুটে যাবে তাই তাদের পরিবারের জমিতে চাষটাই পছন্দ হলো। এর পর এলো মিড ডে মিল, enrollment হলো, কিন্তু লেখাপড়া হলো কি? মোটেই নয়। ইস্কুলের অর্ধেকের বেশী সময় খাওয়া দাওয়ার পেছনেই চলে গেল, শিক্ষকদের কাজও ঐ খাওয়া দাওয়া পরিচালনা হয়ে দাঁড়ালো। এর পর ছাত্র বাড়ি ফিরে সেখানে পড়াশনার কোনো পরিবেশ পায় না, একটাও বই নেই, খবরের কাগজ নেই, বাবা মা কেউই পড়তে জানে না। তবে পড়তে না পারলেও reel দেখার সুযোগ আছে। লেখাপড়া প্রতি শ্রদ্ধাও তেমন নেই। সমাজে তৈরী হলো এক এলিট শিক্ষিত সমাজ আর বাকিরা কার্যত ‘গরু ভেড়া’। সংরক্ষণের ফলে নিপীড়িত ছাত্র সমাজ ঢুকলো স্কুলে কিন্তু তাদের লেখাপড়ার দায় সরকার নিল না। সেই সুযোগ নিয়ে ২০১৫ সালে ইউনেস্কো কিছু নিদান দিলো।

অল্প অল্প ছাত্র ছাত্রী নিয়ে আর স্কুল চলবে না, বড় স্কুল, বড় পরিকাঠামো চাই। কিন্তু গ্রাম থেকে দূরে স্কুলে যাবে কে? বাধ্যতামূলক করার নিশ্চয়তা কী? মিডডে মিল? যে উদ্দেশ্যে মধ্যাহ্ন ভোজন, অর্থাৎ লেখাপড়া, সেটা করার সময় কই? অন্যান্য ক্ষেত্রে ডিবিটি হয় অথচ এক্ষেত্রে হয় না কেন? লেখাপড়ার প্রতি seriousness তৈরী হওয়ার জন্য পড়া শেষে যোগ্যতা অনুযায়ী নিশ্চিত রোজগার আছে? মেয়েরা তবু বিয়ের ভয়ে একটু serious, কিন্তু ছেলেদের সামনে আছে পরিযায়ী শ্রমিক হওয়ার হাতছানি। স্কুল থেকে ফিরে সান্ধ্যকালীন পড়াশুনা কেমন হচ্ছে এই গ্রামের শিশুদের? প্রাইভেট টিউটর তো সর্বত্র, কিন্তু লেখাপড়ার নজরদারি বিষয়ে পঞ্চায়েত, সরকারের ভূমিকা কী? কিছুই না। ফলে মোদীজী বলছেন, ক্লাস এইট অবধি পড়ুন। এদিকে ইউনেস্কো বলেছিল যে এদেশে সকলের সারা জীবন লেখাপড়ার সুযোগ দিতে হবে। সাহেবদের নানা রকমের মুখস্থ বিদ্যের অত্যাচার ছাড়া আর কিই বা বলা যায় এই প্রস্তাবকে?? যেমন এদেশে বাচ্চাকে মায়েরা (এইটাই বাস্তব) জোর করে ভাত খাইয়ে দেয়, এখন সাহেবরা বলেন জোর করা যাবে না। শিশু নির্যাতন নাকি সেটা!! কিন্তু সাহেবদের দেশে বাচ্চাদের খিদে পেলে ফ্রিজ খুলে ক্যান্ডি, চকলেট, ফল, দই, মাংস খেয়ে নিতে পারে। ওই ভাত, তরকারিটাই জোর করে খাইয়ে না দিলে অপুষ্টিতে ভুগবে সে। ভোর থেকেই শিশুটি একা। খাওয়া, স্কুলে পাঠানোর লোক নেই বাড়িতে। এসব বিদ্যে বোঝাই সাহেবদের নানা দাঁত ভাঙ্গা শব্দ ব্যবহার করে আমাদের চোখ কপালে তুলে দেওয়ার অভ্যেস আছে। তাই তাদের সব শব্দ —- ECCE, SDG ইত্যাদি ছুঁড়ে দেন আর তাদের সেই সব শব্দ ব্যবহার করে আজ মোদী শিক্ষার বিসর্জন দিচ্ছেন, বহুজাতিক ম্যানেজার হিসেবে বিজেপির মন্ত্রী আমলাদের টু পাইস কামানোর সুযোগও তৈরি হচ্ছে।

যাই হোক, এখন থেকে নাকি দেশের ঐতিহ্য শিখবে ছাত্ররা। যদিও মেঘনাদ সাহা, হোমি ভাবা, রামানুজম, চার্বাক ধারা, সুশ্রুত দেশের ঐতিহ্য নয় তাদের কাছে। এমনকি বেদও নয়। তাদের কাছে একটাই ঐতিহ্য— bunch of thoughts, সতীদাহ, ব্রাহ্মণদের লাগামছাড়া লাম্পট্য ও বহু বিবাহ। শিক্ষার নাকি স্তরীকরণ হবে। কত ইংরেজি শব্দের চমক, multidisciplinary education!! বাংলা, ইংরেজি, নামতা, ভুগোল, ইতিহাস জানছে না কেউ, আর এরা বাংলার সাথে নাকি চলচ্চিত্র পড়বে!! আসলে বেশিরভাগ ছাত্র কোন ক্রমে ক্লাস এইট পর্যন্ত পড়ে আদানি, আমাবনি, টাটা, প্রেমজী আজিমদের কলে সস্তায় কাজ করতে যাবে, আর সেই আদানি আম্বানি, প্রেমজী আজিমদের মালিকানাধীন উচ্চ শিক্ষার কেন্দ্রগুলিতে পড়বে তারাই যারা মাসে এক লাখ টাকা দিতে পারে। আর দিতে পারে কয়েক শো লাখ টাকা ক্যাপিটেশন ফি, আসলে যা সাদা বাংলায় ঘুষ। নয়া শিক্ষানীতি নির্ধারক সংস্থাগুলিতেও (গত ৭০ বছরের ঐতিহ্য মেনেই থেকেছেন এসব ব্যবসায়ীদের তালেবর ম্যানেজার কুল। যেমন শিক্ষা নীতি সংক্রান্ত কমিটিতে ছিলেন আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাগ নেহার।) রাজ্যে রাজ্যে অবিজেপি সরকারগুলি ঘোষণা করেছে যে তারা কেন্দ্রের শিক্ষা নীতি মানছে না। তাই তারা রাজ্য শিক্ষা নীতি করছে বা করবে। মৌলিক ভাবে সিলেবাস-পাঠ্যক্রমের সাম্প্রদায়িকীকরণ-গৈরিকীকরণের উদ্দেশ্যসহ সেই পাঠ্যসূচী না তৈরি করা হলেও শিক্ষার বাজারীকরণ, কেন্দ্রীকরণের মাধ্যমে গোটা দেশ জুড়ে যে দ্বিস্তরীয় শিক্ষাব্যবস্থা গড়ে উঠছে তার খুব একটা ভিন্ন চিত্র উঠে আসছে না রাজ্য শিক্ষানীতিতেও। আর্থিক ভাবে স্বচ্ছল পরিবারের ছাত্রছাত্রীদের জন্য মোটা টাকার বদলে ঝাঁ চকচকে পাঁচতারা শিক্ষাপ্রতিষ্ঠান, আর ঠিক তার বিপ্রতীপে দেশের সিংহভাগ গরীব ছাত্রছাত্রীদের জন্য হাড় জিরজিরে, ধুকতে থাকা শিক্ষাব্যবস্থার যে চিত্রকে তুলে ধরা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে তার অন্যথা ঘটছে না রাজ্য শিক্ষানীতিগুলিতে। যে রাজ্যগুলি আলাদা করে রাজ্য শিক্ষানীতি তৈরি করেছে তারা সকলেই তা প্রস্তুত করেছে শিক্ষার বাজারিকরণের নীলনকশা অটুট রেখেই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে পশ্চিমবঙ্গ সরকার একদিকে একাধিক সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে, আর উৎসাহ দান করে চলেছে নিত্য নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলার। ছাত্রছাত্রী স্বার্থবিরোধী CBCS বা মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম লাগু করতে উদ্যত হয়েছে যা নয়া জাতীয় শিক্ষানীতিতেও সুপারিশ করা হয়েছে। ফলে কেন্দ্র হোক বা রাজ্য স্কুল বন্ধ হবেই, মোটা টাকার বিনিময়ে প্রাইভেট স্কুলে ছাত্রছাত্রীরা যাবেই। বাকি আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া, গরিব ‘গরু ভেড়ার’ দল শুধু মিড ডে মিল খেতে যাবে, আর তার পর সস্তার সামাজিক সুরক্ষাহীন শ্রমিক হয়ে যাবে। শিক্ষকদের তথৈবচ অবস্থা করুণতর হচ্ছেই। কর্ণাটক থেকে অসম হয়ে বাংলা, শিক্ষকদের অভিযোগ হলো যে তারা এখন কার্যত আর শিক্ষক নন, তারা প্রশাসন বিভাগের কেরানি। বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরি, নির্বাচনী ডিউটি বা মধ্যাহ্ন ভোজন নিয়েই তারা সারা দিন ব্যস্ত থাকেন।

বর্তমানে কেন্দ্রীয় বা রাজ্য সরকার শিক্ষার কেন্দ্রীকরণ, বেসরকারিকরণের মাধ্যমে যেভাবে সংখ্যা গরিষ্ঠ গরীব-গুর্বো ছাত্রছাত্রীদের কোমর ভেঙে দিতে চাইছে, শিক্ষার অধিকার কেড়ে নিয়ে ব্যবসা করতে চাইছে, তা ইতিপূর্বের একাধিক সরকারও বারংবার করতে করতে গিয়েছে। শিক্ষার অধিকার নিয়ে ব্যবসা করার বেলায় সব শেয়ালের এক রা।

আদানি, বাইজুস, স্পেলবি, প্রেমজি, অশোকা-মালিক, এরাই এখন শিক্ষার গুরুঠাকুর। kothari কমিশন জলে। দেখা গেল কেন্দ্রের চার বছরের স্নাতক পাঠক্রম এরাজ্যেও চালু হয়েছে এবং কলেজগুলোতে ভর্তি হচ্ছে না কেউ। দুটো সম্পর্কযুক্ত তো বটেই। অঙ্গণওয়ারী কর্মীদের দিয়ে প্রাথমিক শিক্ষক হিসেবে স্থায়ী নিয়োগ কবে হবে কেউ জানে না।

আমাদের মঞ্চ AIFRTE এমন কোনো রাজনৈতিক দল নয়, যে নয়া শিক্ষা নীতি বাতিল হলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। বলা ভাল আমাদের কাজ নতুন করে শুরু হবে। চাকরির নিশ্চয়তা, শিক্ষার নিশ্চয়তার জন্য লড়াই। সংরক্ষণের অধিকারটি বাঁচিয়ে তার পর সেটিকে শুধু মুখস্থের মতো নয়, সত্যিই যাতে নিম্ন বর্ণের ঘরে শিক্ষা পৌঁছায় সেই উদ্দেশ্যে লড়াই।

সংগ্রামী অভিনন্দন সহ
অল ইন্ডিয়া ফোরাম ফর রাইট টু এডুকেশন (পশ্চিমবঙ্গ)

Leave a Reply