ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবসের আহ্বান – প্যালেস্তাইনের মুক্তি সংগ্রামের পাশে দাঁড়ান

৭ ই নভেম্বর ২০২৩, ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবসে গাজা ভূখণ্ডে মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি হামলার বিরুদ্ধে ও প্যালেস্তাইনের মুক্তি সংগ্রামের সমর্থনে কলকাতার রাজপথে মৌলালীর রামলীলা পার্ক থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল সংগঠিত হয়।

মধ্যপ্রাচ্য জ্বলছে। এক মাস হয়ে গেল প্যালেস্তাইনের উপর ইজরায়েল আমেরিকার আক্রমণ বর্বরতার সমস্ত সীমা অতিক্রম করেছে। প্যালেস্তাইনে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে ৩ হাজার শিশু। যুদ্ধের সমস্ত আন্তর্জাতিক নিয়মবিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল হাসপাতাল, ধর্মীয় স্থান, স্কুলের উপর নির্বিচারে বোমাবর্ষণ করে চলেছে। সাম্রাজ্যবাদের গণতন্ত্রের মুখোশ প্যালেস্টাইনের মাটিতে উলঙ্গ হয়ে কবরে শায়িত। বহু দশক ধরে প্যালেস্তাইনের জনগণ স্বাধীনতার জন্য তাদের ন্যায্য সংগ্রাম করছেন। সাম্রাজ্যবাদী মদতপুস্ট ইসরায়েল বর্বর সন্ত্রাস ও যুদ্ধের মাধ্যমে এই দাবিকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে। এখন আবারো প্যালেস্তাইনের জনগণ তাদের জীবন বাজি রেখে মুক্তির সংগ্রামে সামিল হয়েছেন। আমেরিকা ব্রিটেন সহ যে সাম্রাজ্যবাদী শক্তি কথায় কথায় রাষ্ট্রসঙ্ঘের নিয়মের কথা বলে তারাই আজ রাষ্ট্রসঙ্ঘের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখানো ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে নির্লজ্জ ভাবে।

৭ নভেম্বর এই যুদ্ধের এক মাস পূর্ণ হবে। ৭ নভেম্বর বিশ্বের শ্রমজীবী জনগণের কাছে এক ঐতিহাসিক দিন। শোষণমুক্ত দেশ গড়ার লক্ষ্যে রাশিয়ায় শ্রমিকশ্রেণির নেতৃত্বে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়েছিল এই দিনে। সাম্রাজ্যবাদ মানেই যে যুদ্ধ , যুদ্ধকে চিরতরে বন্ধ করতে সাম্রাজ্যবাদের উৎখাত যে প্রয়োজন এই সত্যটি সে সময় থেকেই কমরেড লেনিনের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমিক শ্রেনীর আন্দোলন বারবার তুলে ধরেছে। যারা ‘ইতিহাসের পরিসমাপ্তি’, ‘সুস্থিত পুঁজিবাদ’ ইত্যাদি বলে সমাজতন্ত্র বা নয়া গণতন্ত্র গড়ে তোলার লড়াইকেই বাতিল ঘোষণা করেছিল, আজকের পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটমান যুদ্ধগুলি সাম্রাজ্যবাদী ব্যবস্থার সংকটকে সবার সামনে তুলে ধরে কমরেড লেনিন তথা নভেম্বর বিপ্লবের শিক্ষাকেই আবার পুনঃপ্রতিষ্ঠিত করছে। ৭ই নভেম্বর এর বিপ্লবের দাবি ছিল শান্তি রুটি জমি। এই দাবিকে প্রতিষ্ঠিত করতে শ্রমিক শ্রেণি ৭ই নভেম্বর নিজেদের হাতে ক্ষমতা তুলে নেয়। আজকেও যুদ্ধবাজদের ধ্বংস করার দায়িত্ব সর্বহারা শ্রেণির। নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক দিনে (৭ নভেম্বর) সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে জাতীয় মুক্তির পক্ষে সোচ্চারে সামিল হওয়া আজ সময়ের দাবি।

ইজরায়েলের এই আগ্রাসনের পরিস্থিতিতে আমাদের দেশের কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী চরিত্র সামনে এলো। প্রধানমন্ত্রী মোদি প্যালেস্তাইনের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করছেন তাদের নিন্দা করলেন অথচ যে ইসরায়েল নারকীয় সন্ত্রাস করে হাজার হাজার নিরীহ শিশু, মহিলাদের হত্যা করেছে তার নিন্দা করলেন না। এমনকি রাষ্ট্রসঙ্ঘের বিশ্বের সিংহভাগ ১২০ টি দেশ যুদ্ধবিরোধী প্রস্তাবে সমর্থন করলেও মোদির ভারত ভোটাভুটিতে বিরত থাকলো। এটা দেশবাসীর লজ্জা।

এই প্রেক্ষাপটে পশ্চিমবাংলার সংগ্রামী সংগঠন গুলোর পক্ষ থেকে আমরা দাবি করছি –

১. অবিলম্বে প্যালেস্টাইনে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে।
২. গাজা থেকে সমস্ত অবরোধ তুলে নাও।
৩. প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের পক্ষে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হোন।
৪. প্যালেস্তাইনের ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের ১৯৬৭ সালের সিদ্ধান্ত কার্যকর করো।
৫. ভারত সরকার ইসরায়েলের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল কর।

পিসিসি সিপিআই (এম-এল)
সিপিআই(এম-এল) নিউ ডেমোক্রেসি
মজদুর ক্রান্তি পরিষদ (MKP)
সিপিআই (এম-এল) আর আই
আজাদ গণমোর্চা
শান্তি গণতন্ত্র সংহতি মঞ্চ
শিবপুর জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চ


মিছিলের কিছু ছবি –

Leave a Reply