রক্তাক্ত ইতিহাস

অর্ক গোস্বামী

মৃত্যুমিছিল – শারীরিক আঘাত – মানসিক আঘাত এই তিনটে নির্মম সত্যি নিয়ে গাজার শিশুরা বিগত তিনসপ্তাহ যাবৎ দুর্বিষহ এক সমান্তরাল জীবন যাপন করে আসছে। প্যালেস্টাইন স্বাস্থ্য দপ্তরের তথ্যানুসারে প্রতিদিন গড়ে ১১০ জন করে শিশু গাজা ভুখন্ডে অকাল মৃত্যুর পথে যাত্রা করছে। প্রত্যহ আত্মীয় পরিজন, প্রতিবেশীর নির্মম হত্যা, বন্ধুর নিথর দেহের ভয়াবহ বাস্তবতা গাজার শিশুদের শরীরে বয়ে আনছে “পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার”-এর (পিটিএসডি) নানান উপসর্গ যেমন খিঁচুনি, বিছানা ভেজানো, অনিয়ন্ত্রিত রাগ, ভয় এবং কোনো অবস্থাতেই মা বাবা কে ছেড়ে না যাওয়ার প্রবণতা। শিশুদের দুরবস্থার এই চিত্র কাঁটাতারের দুই দিকেই কমবেশি একরকম। ইজরায়েলি পেডিয়াট্রিক এসোসিয়েশন এর প্রধান জাচি গ্রসম্যন জানিয়েছেন যে গত কয়েক সপ্তাহে ইজরায়েলের হাসপাতাল গুলিতে মানসিক সমস্যা নিয়ে চিকিৎসা করতে আসা শিশুদের সংখ্যা সুনামির মতো আছড়ে পড়ছে। হাসপাতালে ভর্তি থাকা এবং প্রাথমিক চিকিৎসার জন্য আসা শিশুদের নব্বই শতাংশই কম করে পিটিএসডি-র যেকোন একটি বা একাধিক উপসর্গে আক্রান্ত!

ভয়াবহতার একটি অন্যতম চিত্র হলো ২০০৮-২০২৩ – এই সময়কালে জীবিত আছে এমন যেকোন গাজানিবাসি কিশোর কিশোরী তাদের জীবনে কম করে পাঁচ বার প্রবল বোমাবর্ষনের সম্মুখীন হয়েছে। এই সময়কালে অনেক শিশু, কিশোর তাদের আত্মীয়স্বজন হারিয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে মানসিক যন্ত্রনা। সাতদশক ধরে চলা সহিংস ভূ-রাজনীতির জাঁতাকলে পড়ে তাৎক্ষণিক আবেগের বশে অনেকেই বেছে নিয়েছে চরমপন্থার রাস্তা। ২০১২ সালে “পিলার অফ ডিফেন্স” অপারেশন সম্পন্ন হওয়ার পরে ইউনাইটেড নেশন্‌স-এর করা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী গাজা ভুখন্ডে বসবাসকারী শিশুদের মধ্যে ৮২ শতাংশই প্রবল ভাবে মৃত্যু ভয়ে ভীত। তারা মনে করে যেকোন সময় আকাশ থেকে রকেট, মিশাইল অথবা রাস্তায় সামরিক সংঘর্ষের শিকার হয়ে তারা প্রাণ হারাবে। পাশাপাশি ২০০৮-০৯-এ তিন সপ্তাহ ধরে চলা “অপারেশন কাস্ট লিড” পরবর্তী সময়ে ইউনিসেফের করা সমীক্ষা অনুযায়ী গাজায় বসবাসকারী ৯১ শতাংশ শিশু অনিদ্রায় আক্রান্ত, এবং ৮৫ শতাংশ শিশু ক্ষুদামান্দ্যের শিকার। গাজা কমিউনিটি মেন্টাল হেল্‌থ প্রোগ্রামের রিপোর্ট অনুযায়ী গাজার শিশুরা বিশ্বের মধ্যে অন্যতম অসুরক্ষিত অবস্থায় জীবনযাপন করছে। ফলতঃ পাল্লা দিয়ে বাড়ছে মানসিক অসুস্থতা, অপরাধপ্রবণতা এবং গনতান্ত্রিক সমাধানের অনুপস্থিতিতে চরমপন্থার প্রতি ক্রমবর্ধমান প্রশ্নহীন আনুগত্য ।

গাজা ভুখন্ডের মোট ২৩ লাখ জনতার অর্ধেকই হলো শিশু যারা দিনের পর দিন মানবাধিকারের ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মাথায় ওপর নিশ্চয়তার ছাদ প্রায় নেই বললেই চলে। ইউনাইটেড নেশন্‌স পরিচালিত সামান্য কয়েকটি স্কুলে হাজার হাজার শিশু অমানবিক জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। বিগত পনেরো বছর ধরে চলা এই অবরোধ এবং সাতদশকের সংঘাতের ইতি না হলে একের পর এক প্রজন্ম এইভাবে বিশ্বের অন্যতম “মুক্ত কারাগারে” বন্দি থেকে শিশুর মানবাধীকারের অপমৃত্যুর ইতিহাস রক্তাক্ষরে লিখে যাবে।

তথ্যঋণ: প্যালেস্টাইন স্বাস্থ্য দপ্তর,
ইউনিসেফ সমীক্ষা, ইজরায়েলি স্বাস্থ্য দপ্তর।


লেখাটি প্রকাশিত হয় গণশক্তি-তে, ২৮ অক্টোবর ২০২৩ তারিখে।


কভার ফটো সৌজন্যে – New York Times, https://www.facebook.com/photo/?fbid=695965545896179&set=pcb.695965702562830 [Retrieved On: 30/10/2023]

Leave a Reply