পাট চাষ এবং পাট চাষীদের সংকট

নদীয়া মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়েই কৃষকদের মূল অর্থকরী ফসল এই পাট। যদিও এখন মালদা, বর্ধমান, হুগলি জেলাতেও পাটের চাষ হচ্ছে। একটা সময় অবিভক্ত বাংলার এই পাট চাষকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল হুগলি নদীর দুইধারের চট কলগুলি। বাংলার অর্থনীতিতে জায়গা করে নিয়েছিল এই সোনার পাট। আরও এক ধরণের পাট পাওয়া যায়, মেস্তা পাট, যেগুলি মালদার দিকে চাষ হয়। যদিও মেস্তা পাট এর কদর বাজারে খুব কম। তাই সাধারণ পাট এর তুলনায় এর দামও কম।

আর একধরণের পাট পাওয়া যায় যেগুলির পাতা শাক হিসাবে খাওয়া হয়। সাধারণ পাট এর পাতা বাঙালির প্রিয় শাক হিসাবে বিক্রি হয়। শুরুর দিকে পাটের ঘনত্ব কমাতে বাছ পাট ও গাছ বড়ো হয়ে গেলে তার পাতা খাওয়া হয়। মালদার বামনগোলা, গাজোল, হরিশ্চন্দ্রপুরে পাটের সময়টায় অভাব এমন অবস্থায় থাকে যে ভাতের সঙ্গে পাট শাকই একমাত্র সবজি হিসাবে কৃষকদের বাঁচিয়ে রাখে। নদীয়া জেলায় কৃষক পাট চাষ বন্ধ করলে বাড়িতে অশান্তি লেগে যেতে পারে, গৃহবধূর সঙ্গে। কারণ পাটকাঠিই এখানে সারা বছর জ্বালানি হিসাবে ব্যবহার হয়। দূর্গা পূজায় ছেলে মেয়েদের নতুন জামা আসে এই পাট বিক্রি করেই।

পাটের কাজে প্রচুর মজুর লাগে। বীজ বোনার পরে ছোট গাছকে বড়ো করতে বেশ কয়েকবার নিড়ানী দিয়ে ঘাস মারতে প্রচুর মুনিষ লাগে। চাহিদা হিসাবে ৩০০/ ৩৫০ টাকা পর্যন্ত মুনিষের দাম বেড়ে যায়। এর পরে পাট মাঝারি সাইজের বড়ো হলে শেষ বারের মতো বাছ দিয়ে (ঘন পাটগুলিকে হালকা করা হয় ) বাকী গাছগুলির বিকাশের চেষ্টা হয়। এই গাছগুলি জাক দিয়েও চাষী কিছু অর্থ পেয়ে থাকে।

এই সময়টা মুনিষ খাটাদের জন্য খুব কষ্টের হয়। একদিকে পাটের ঘন ক্ষেতের মধ্যে ভ্যাবশা গরম, অন্য দিকে শুঁয়োপোকার (নদিয়ার ভাষায় আচা) আনাগোনা। এই সময় কৃষকরা মাঠে চলাফেরা করেন রাতে তারার অবস্থান দেখে। পাট ভালো হয় বন্যা প্রবণ এলাকা বা নামাল এলাকায়। বলা যায়, সাধারণ এলাকার তুলনায় নামাল এলাকায় দেড় গুণ বেশি পাট হয়ে থাকে। পাটের জমিতে গোবর সার দিলে ফলন ভালো হয়। পাট পরিপক্ক হয়ে গেলে তাকে জাক দেওয়া হয়। বোর্ড জাক, কুমির জাক – এই দুই রকমের উপায়তে জাক দেওয়া হয়ে থাকে। নামাল এলাকায় জমিতেই পাট জাক দেওয়া হয়ে থাকে সাধারণত। এক্ষেত্রে বৃষ্টির দিকে কৃষকরা তাকিয়ে থাকে। মুর্শিদাবাদে‌ নদীর পার্শবর্তী জমিগুলিতে ডুব দিয়ে মুনিষ খাটারা বড়ো বড়ো হাসুয়া দিয়ে পাট কেটে থাকে এবং জলঙ্গি নদীতেই জাক দেয়। স্রোতওয়ালা নদীতে জাক এর পাট এর রং খুব সুন্দর সোনালী রঙের হয়। ডাঙ্গা এলাকায় পুকুর, ডোবা, বিলে জাক দেয় কৃষকরা। জাক দেবার সময় বিচুলি, কচুরিপানা দিয়ে তার উপর ভারী কিছু দিলেও পাটের রং ভালো হয়। পাট ছাড়ানোতে প্রচুর মজুর লাগে। পাট শুকানোর কাজটা মূলত কৃষক রমণী ও পরিবারের সবাই মিলে করে থাকে।

২০০০ সাল নাগাদ নদিয়ার নাকাশিপাড়া থানায় পাটিকাবাড়ি গ্রামে একটি আধুনিক জুট মিল তৈরি হয়েছিল। ব্যাপক প্রচার করা হয়েছিল পার্শবর্তী এলাকা থেকে পাট সংগ্রহ করে পাঠ থেকে সুতো তৈরি হবে। কয়েক বছর পরে আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেলো। বুদ্ধ ভট্টাচার্য-র সাধের জুট মিল দীর্যস্থায়ী পরিকল্পনার অভবে বন্ধ হয়ে গেলো!

পাট চাষীদের সমস্যা : এই ক্ষেত্রে সমস্যা দুইটি। প্রথমত, দেশের সরকারগুলি বড়ো বড়ো কোম্পানিগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে থাকার কারণে প্লাস্টিক, পলিথিনের ক্ষতিকারক দিক জেনেও পরিবেশ বান্ধব পণ্য জুটের কথা না ভেবে, কৃষকদের কথা না ভেবে নেতা, আমলারা প্লাস্টিকজাত পণ্যকে বেশি গুরুত্ব দেয়। মনমোহন সরকারের জামানায় চটের বস্তার জায়গায় রেশনে লাইলনের বস্তা ব্যবহারের পারমিশন দিয়েছিল। বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের ময়ুরেশ্বরে আলুর বস্তা পর্যন্ত লাইলনের হচ্ছে আজকাল। চটের থলের জায়গা নিয়েছে লাইলনের ব্যাগ। সব মিলিয়ে এই ক্ষেত্রটির উপর চাপ বাড়ছে সরকারের কর্পোরেট তোষণ, পরিবেশ সম্পর্কে উদাসীন থাকার নীতির কারণে।

দ্বিতীয় দিকটা খুবই কঠিন। জুটমিল মালিক, ফড়ে, মহাজন, ব্যবসায়ীদের মধ্যে গড়ে উঠেছে এক অশুভ আঁতাত। একে তো চাষীকে চাষে যেতে হয় মাথা বিক্রি করে – হয় চক্রবৃদ্ধি হারে ৫ থেকে ১০% সুদে, নয় তো মহাজনের ঘরে মাল তোলার জন্য দাদন নিয়ে মাথা বিক্রি করে চাষে নামতে হয়। ফসল ওঠার সময় ফসলের দাম নামিয়ে দেয় জুট মালিক, মহাজন, ব্যবসায়ীদের জোট। চাষী বাধ্য হয় তাদের ঠিক করা দামে পাট বিক্রি করতে। সমবায় ব্যাংকের মধ্যে দিয়ে কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে এত জটিলতা যে সাধারণ কৃষকরা ঐ ঋণ কখনোই পান না। সরকারি যা ঋণ, অনুদান – সেই সব ধনী কৃষক বা জোতদাররা পেয়ে থাকে। ফলে মধ্য ও গরিব কৃষকরা মহাজনী প্রথার জটে আটকে আছে।

জুট কর্পোরেশন ইন্ডিয়া (JCI ) নামক একটা সংস্থা কেন্দ্রের পক্ষ থেকে আছে। তাদের আইন অনুযায়ী, তারা ৩০% পাট, চাষীর কাছ থেকে কিনবে। বাস্তবে মহাজন, ব্যবসায়ীদের জোটে এরা অংশগ্রহণ করে তাদের কাছ থেকেই পাট কিনে থাকে। JCI এর যুক্তি চাষীর পাটে জল থাকে তাই এটা কেনা যায় না।

সরকার থেকেও কখনো ফসলের নূন্যতম দাম বেঁধে দেওয়া হয় না। ফলে ঋণের দায়ে কৃষকদের আত্মহত্যা একটা ভয়ানক জায়গায় গেছে। ২০০৬/২০০৭ এই পর্বে মজুর কৃষক সংগ্রাম সমিতি ব্যাপক প্রচার করার মধ্যে দিয়ে আন্দোলনের প্রস্তুতি নেয়। পোস্টার, লিফলেট, মিছিল, পথসভা ইত্যাদি অনুষ্ঠিত হয়। অবশেষে নদীয়া, মুর্শিদাবাদ বন্ধের ডাক দেয়। পুলিশের পক্ষ থেকে জবরদস্তি বন্ধ ভাঙার চেষ্টা করলে ক্ষুব্ধ কৃষকরা সারের লরি পুড়িয়ে দেন। আজকেও পরিস্থিতি ঐ জায়গাতেই আছে, ব্যাপক আন্দোলন ছাড়া চাষীদের হাল ফিরবে বলে মনে হয় না।


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অগাস্ট ২০২৩ সংখ্যায়


কভার ফটো সৌজন্যে – https://www.ba.cpiml.net/deshabrati/2019/09/Jute-farmers-are-in-extreme-crisis [Retrieved On: 05/10/2023]

Leave a Reply