১৯৮০-র দশকের গোড়ায় কালনায় এই শিল্পের বিকাশ ঘটতে থাকে। তখন হাতে গোনা দুই তিনটে মালিক এই শিল্পটি চালাতো। তখন এটা ছিল কালনা টাউন ভিত্তিক। বর্তমানে এই শিল্পের কারিগর এই মহকুমাতে তো বটেই, পার্শ্ববর্তী হুগলি, নদীয়া পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই শিল্পের সুবিধা, মহিলারা গৃহস্থলীর কাজ করার পরেও এই কাজ করতে পারেন। ফলে রাখি শ্রমিকদের সিংহভাগ মহিলা, গৃহবধূ। কিছু যুবক এই রাখির কাঁচামাল রাখি শিল্পীদের কাছে পৌঁছে দেওয়া, আবার প্রস্তুত রাখি কারখানায় পৌঁছে দেবার কাজ করে থাকে। মালিকদের হিসাবরক্ষণের কাজও এরা করে থাকেন। এই কাজের বিনিময়ে মজুরীর থেকে প্রতি গ্রূস পিছু কয়েক টাকা তারা পেয়ে থাকেন। আসলে কারখানার একই ঘরে কাজ না করার জন্য সবাই সবাই কে জানতে না পারা, মতের আদান প্রদান না হওয়া, এই শিল্পের শ্রমিকদের দুর্দশার একটা প্রধান কারন। শ্রমিকদের প্রকৃত মজুরি কত, সেটা মালিক বাকিদের জানতে দেয় না। এই শিল্পের কাঁচামাল কলকাতার বড়ো বাজার, দিল্লি, মুম্বাই থেকে আসে। অবশ্যই বড়ো কারখানাগুলিই পারে রাজ্যের বাইরে থেকে কাঁচামাল নিয়ে আসতে। কয়েক বছর আগে কালনার বড়ো রাখি কারখানাগুলি ভিন দেশ থেকে মেটাল, কাঁচের তল কেটে পাথর বানানোর মেশিন নিয়ে আসে এবং কাজ চালু করে। রাখি ব্যবসায়ীদের থেকে সরকার কাঁচামালের ক্ষেত্রে GST নিয়ে থাকে। এটা নিয়ে কাঁচা বিল, পাকা বিল, মাল ধরা পড়া, ফাইন হওয়া, সবই চলে ট্রান্সপোর্টগুলিতে।
মূলত তিন ধরণের লেবার দেখা যায় এই শিল্পকে ঘিরে। ১) সরাসরি রাখি শ্রমিক, ২) মেটাল কাঁচের তল কেটে পাথর, মেটাল তৈরীর শ্রমিক, ৩) প্যাকিং শ্রমিক। রাখি তৈরিতে কাঁচামালগুলি পুঁথি, রকমারি সুতো, মেটাল, কাঁচ পাথর, জরি ফেভিকল, ডেনড্রাইট আঠা। ছোট কারখানাগুলিতে শ্রমিকরা সরাসরি মালিকদের কাছে গিয়ে রাখি তৈরীর সরঞ্জাম নিয়ে আসে। এটা বেশির ভাগ ক্ষেত্রে বছরে এক কিংবা দুইবার এককালীন শ্রমিকরা পারিশ্রমিক পেয়ে থাকেন। মাড়োয়ারি ব্যবসায়ীরা হোলির পর থেকে রাখি কিনে থাকে। ফলে পেমেন্টও ওই সময় রাখি শিল্পের মালিকরা পেয়ে থাকে। অনেক সময় কিছু পেমেন্ট আটকেও যায়। বড়ো মালিকদের থেকেও ছোট মালিকদের এক্ষেত্রে সমস্যা হয়। এমনিতেই বড়ো মালিকদের ক্ষেত্রে বেশ কিছু পণ্য সরাসরি তৈরি করায়, ভিন রাজ্য থেকে কাঁচামাল আনায় তাদের উৎপাদন খরচ কম পড়ে। ফলে অনেক সময় কম দামে বিক্রি করে ছোট কারখানাগুলিকে প্রতিযোগিতায় ফেলে দিয়েছে। তার উপর আছে লকডাউন জনিত সমস্যা। লকডাউন যখন ডাকা হয় তখন হোলির সময়। ফলে রাখি কারখানাগুলির মাল বাড়িতেই রয়ে যায়। ফলে রাখি শ্রমিকদের পেমেন্ট আটকে যায়। পরের বছর অনিশ্চয়তা থাকায় মালিকরা বেশি মাল তৈরীর ঝুঁকি নেয়নি। ফলে গোটা লোকডাউন জুড়েই শ্রমিকরা প্রায় বেকার ছিল। ছোট মালিকরা তাদের মাল ৩০% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে বেচেছে মাড়োয়ারিদের কাছে।
শ্রমিকদের মজুরীর অবস্থা এই শিল্পে আরও কঠিন। আজও গ্রূস প্রতি গড়ে ২০ টাকা দরে কাজ করতে হয় শ্রমিকদের। একজন দক্ষ শ্রমিক দিনে তিন গ্রূস রাখি বানাতে পারে। হিসাব করলে দিন প্রতি ৬০ টাকা মজুরীতে এই কাজ করে থাকে। তারপর মালিকদের ইচ্ছা অনুযায়ী বেতন পেয়ে থাকে। গোটা লকডাউন জুড়েই কাজ পায়নি তারা। তার উপর মজুরিও পেতে হয়েছে লকডাউন পরবর্তী সময়। কোনো রাখি কোম্পানি তো বটেই, কোনো রাজনৈতিক দল, সরকারের পক্ষ থেকে রাখি শিল্পীরা কেমন আছে সে খোঁজ কেউ নেয়নি।
আমরা সবাই জানি, রাখি এক সময় গোটা হিন্দিভাষীদের বিশেষ উৎসবের দিন ছিল। ওই দিন (রাখি পূর্ণিমা ) ভাইকে বোনরা রাখি পরাতো। আমাদের রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় সব ধর্মের লোকজনের মধ্যে সম্প্রীতির উৎসব হিসাবে রাখি বন্ধন শুরু করেন। এটা আস্তে আস্তে বাংলা সহ সারা রাজ্যের অনুষ্ঠান হয়ে গেছে। ঐ দিন রাজনৈতিক দল, NGO গুলি সব মানুষকে রাখি পরিয়ে থাকে। সারা পৃথিবী জুড়েই যেখানে ভারতীয়রা আছেন তারা এই উৎসব পালন করে থাকেন। ফলে এই শিল্প থেকে বিদেশি মুদ্রাও আসে আমাদের কাছে।
অথচ এই শিল্প নিয়ে, শিল্পীদের দুরাবস্থা নিয়ে কোনো উদ্যোগ সরকারের পক্ষে চোখে পড়ে না। এখন প্রয়োজন – ১) বাজারের মূল্যবৃদ্ধির সঙ্গে সংগতি রেখে মজুরি বাড়াতে হবে। ২) আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ঋণ দিতে হবে ক্ষুদ্র মালিকদের। ৩) রাখি শিল্পী, রাখি কারখানার মালিক, মহাজন, বড়ো রাখি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে রাখির মজুরি, রাখির বিক্রয় মূল্য ঠিক করতে হবে, শ্রমিকদের বোনাস ঠিক করতে হবে।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অগাস্ট ২০২৩ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://zeenews.india.com/bengali/state/kalna-rakhi-workers-are-in-distress-for-not-selling-rakhi-due-to-covid-19_330387.html [Retrieved On: 05/10/2023]
