সাথী,
বাউড়িয়া জুট মিলে (নর্থ মিলে) মালের অর্ডার নেই, এই অজুহাত দিয়ে ম্যানেজমেন্ট প্রতি সোমবার করে মিল বন্ধ রাখছে। যদিও গত দুই সপ্তাহে নগদ টাকার বিনিময়ে সোমবার এক শিফট করে (টানা আট ঘণ্টা) প্রোডাকশন চালানো হয়েছে। এই সোমবার (২৫/০৯/২৩) শ্রমিকদের প্রতিবাদের মুখে মিল পুরোপুরি বন্ধ থেকেছে। শোনা যাচ্ছে পরের সপ্তাহ থেকে মিল দুই শিফ্ট চলবে, নাইট শিফ্ট বন্ধ থাকবে। সিনিয়র শ্রমিকরা কাজ পাবেন, তাদের নামের তালিকা টাঙিয়ে দেওয়া হবে। বাকিরা জায়গা ফাঁকা থাকলে কাজ পাবেন, নাহলে বাড়ি ফিরে যাবেন। ম্যানেজমেন্টের যুক্তি হলো, ফিনিশ্ড মালের অর্ডার নেই, তাই প্রোডাকশন কমাতে হবে, বিক্রি নেই বলে শ্রমিকদের মজুরি দেওয়া সম্ভব হচ্ছে না।
এই বছর একবারও ডি.এ. বাড়েনি, বরং ফেব্রুয়ারি এবং মে মাসে ডি.এ. কমেছে। মজুরি বাড়ানোর কথা আজ প্রায় দুই বছর ধরে ঝুলে আছে। শোনা যাচ্ছে, মালিকপক্ষ শর্ত দিয়েছে, মজুরি বাড়ালে পি.এফ., গ্রাচুইটির দায়িত্ব তারা নেবে না, টানা শিফ্ট চালু করতে হবে, শ্রমিকদের কামাই করা চলবে না, আরও আধুনিক মেশিন বসাতে দিতে হবে। আমরা মিলে কি দেখছি? প্রোডাকশন বাড়ানোর জন্য লাগাতার আমাদের ওপর চাপ বাড়ছে, মিটার বাড়ানো হচ্ছে। একদিন কামাই করলে দরখাস্ত লিখে আনতে বলছে, লেবার অফিস থেকে সই দিলে তবেই জয়েন দিচ্ছে, নাহলে বসে থাকতে হচ্ছে। এ শিফ্ট, বি শিফ্ট, নাইট শিফ্টে সাহেবরা যখন তখন রেইড করছে, কোনো শ্রমিককে বসে থাকতে, গল্প করতে, বিড়ি খেতে, বিশ্রাম নিতে দেখলে, এমনকি টিফিন টাইমেও কোনো শ্রমিককে বসে থাকতে দেখলে ছবি তুলে নিচ্ছে, লেবার নম্বর লিখে নিয়ে যাচ্ছে। তারপর তাকে তিন দিন, সাত দিন বসিয়ে দিচ্ছে। সাহেব, ইনচার্জ, এমনকি ইউনিয়নের নেতারাও প্রতি মুহূর্তে আমাদের ধমকি দিচ্ছে যে ম্যানেজমেন্টের কোন কাজে বাধা দিলে বসিয়ে দেবে, আর একবার যদি চার্জশিট ধরিয়ে দেয় আর জীবনে মিলে ঢুকতে পারবে না।
আজ যতদিন যাচ্ছে আমাদের অবস্থা তত কঠিন হচ্ছে, যা বোঝা যাচ্ছে আগামী দিনে আরো কঠিন হতে চলেছে। এমনিতেই প্রচুর ছেলে কাজ না পেয়ে ঘুরে চলে যায়। লার্নার থেকে যারা ফিট হচ্ছে, তারা কাজ পায় না। খাতার লোক আর ক্যাজুয়ালদের একই স্তরে নামিয়ে দিয়েছে। এখন হপ্তার রেস্ট তুলে দিয়ে একদিন মিল বন্ধ রাখছে, ফলে জুনিয়ররা কাজ পাচ্ছে না, দুই শিফ্ট মিল চালালে আরও অনেকে কাজ পাবে না। এমনিতেই আমরা যা মজুরি পাই, পুরো হপ্তা কাজ করলেও সংসার চলে না, সবাই কমবেশি লোনের ওপর নির্ভর করে চলছি। এরপর যদি অর্ধেকের বেশি লোক কাজই না পায়, তাহলে তাদের চলবে কি করে? সবারই তো পরিবার আছে, সংসার আছে।
এই অবস্থায় আপনারা সবাই ভাবুন যে কি করা উচিত। আমাদের প্রত্যেকের স্বার্থ একে অপরের সঙ্গে জড়িত। যা হালচাল চলছে, তাতে কমবেশি আমাদের সবার পেটেই লাথি পড়তে চলেছে। আমাদের অবস্থা নিয়ে কোনো সরকার, দল, ইউনিয়ন কিছু ভাবে না। অতএব আমরা সবাই যদি ঐক্যবদ্ধ না হতে পারি, ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে মালিকরা যা খুশি তাই করতেই থাকবে। আমরা কোনকিছু ঠেকাতে পারব না। তাই, আসুন সবাই মিলে জোটবদ্ধ ভাবে নিজেদের হকের জন্য আওয়াজ তুলি –
- সপ্তাহে সাতদিন তিন শিফ্ট মিল চালু রাখতে হবে।
- যখন তখন সাহেবদের নজরদারি বন্ধ করো। শ্রমিকদের টিফিন টাইমে এবং বিশ্রামের সময় ফটো তোলা বন্ধ করো।
- অন্যায়ভাবে কোনো শ্রমিককে কাজ থেকে বসানো চলবে না।
- সিনিয়র জুনিয়র সবাইকে মিলে মিশে কাজ দিতে হবে।
- অবিলম্বে দৈনিক মজুরি বাড়িয়ে অন্ততপক্ষে ৬০০ টাকা করতে হবে।
- নভেম্বর মাসে পুরো বছরের ডি.এ. পুষিয়ে দিতে হবে।
- উৎসব বোনাস বাড়াতে হবে।
সংগ্রামী অভিনন্দন সহ
জুটমিল মজদুর ইউনিয়ন
