~ ১ ~
তিনমাস অন্তর অর্থাৎ বছরে চারবার জুটমিল শ্রমিকদের ডিএ পরিবর্তন হয়। গত ফেব্রুয়ারি মাসে যখন ডিএ ঘোষণা হয়, দৈনিক ৫০ পয়সা করে ডিএ কমেছিল। মে মাসে সদ্য যে ঘোষণা হয়েছে তাতে দেখা যাচ্ছে দৈনিক ৮ টাকা ১৮ পয়সা করে ডিএ কমে গেছে। যে সমস্ত শ্রমিকদের দৈনিক মজুরি ৪৩০ টাকা অবধি, তাদের ডিএ অপরিবর্তিত রয়েছে, কিন্তু যাদের মজুরি ৪৩০ টাকার বেশি, তাদের দৈনিক ডিএ ৮ টাকা ১৮ পয়সা করে কমল।
কিসের ভিত্তিতে জুটমিল শ্রমিকদের যে এই ডিএ নির্ধারিত হয়, তা কেউ জানে বলে মনে হয় না। কিন্তু মজুরি বৃদ্ধির পরিবর্তে এই যে মজুরি কমছে, সেটা নিয়ে কোনো প্রতিষ্ঠিত ইউনিয়ন মাথা ঘামাতে রাজি নয়। তারা এই সব নিয়ে এখন আর টুঁ শব্দও করে না। শ্রমিকরা রাগে ফুঁসছে ঠিকই, কিন্তু হাওয়ায় গালাগাল করা ছাড়া আর কিছু করার নেই তাদের। অনেক মিলেই এখন অর্ডার নেই, এই অজুহাতে একটা করে শিফট বন্ধ করে দিচ্ছে। শ্রমিকরা সেটা নিয়েই বেশী চিন্তিত, ‘তাহলে তো আর কাজই পাওয়া যাবে না’। যতদিন পর্যন্ত না শ্রমিকরা দালাল ইউনিয়নগুলোর ছায়া থেকে বেরিয়ে নিজেদের হক নিজেরা বুঝে নেবার মানসিকতা নিয়ে সংগ্রামী ইউনিয়নকে প্রতিষ্ঠিত করতে পারছেন, ততদিন অবধি মালিকের অত্যাচার এবং শ্রমিকের অসহায়তার ট্রাডিশন চলতে থাকবে।
~ ২ ~
জুটমিলগুলোতে যারা লার্নার বা শিক্ষানবীশ হিসেবে ঢুকছেন, তাদের মজুরী দেওয়া হয় দৈনিক ১০০ টাকা। লার্নার হিসেবে ঢোকার জন্য তাদের গেট পাস কিনতে হয়। ম্যানেজমেন্ট মিলে ইউনিয়নগুলোর শক্তি বিচার করে সেই অনুপাতে ইউনিয়নগুলোকে গেট পাস বিলি করে। ইউনিয়নগুলো যে যে রকম দাম পায়, সেই দামে লার্নারদের গেট পাস বিক্রি করে। কখনও কখনও মিলের সাহেব ইনচার্জরাও টাকা নিয়ে লার্নার হিসেবে লোক ঢোকায়। ৫-১০ হাজার টাকা খরচা করে মিলে ঢুকে লার্ণাররা মজুরি পায় দৈনিক ১০০ টাকা। প্রথম কয়েকদিন পর থেকেই তাদের দক্ষ শ্রমিকদের সমান কাজ করানো হয়, লার্নারদের অন্য শ্রমিকদের মতোই খাটানো হয়।
নিয়ম অনুযায়ী তিনটে স্তর পেরিয়ে ৩ মাসের মধ্যে লার্নারদের মিলহ্যান্ডস হিসেবে ফিট হয়ে যাবার কথা, লেবার নম্বর পেয়ে যাবার কথা। কিন্তু দেখা যায় ৭-৮ মাস পেরিয়ে গিয়েও লার্নাররা লার্নারই থেকে যাচ্ছে, ফিট আর হচ্ছে না। আবার ঝগড়াঝাটি করে যদি লার্নারদের ফিট করা হয়, তার আইরনি হল যে ফিট হবার পর থেকে সে আর কাজ পাবে না। মিলের হিসেবে সে তখন জুনিয়র শ্রমিক, ১-২ বছর ঘুরতে হবে, মিলে আসা যাওয়া করতে হবে, কাজ না পেয়ে ঘুরে যেতে হবে, বছরে হয়ত ১২-১৪ দিন কাজ হবে, পরবগুলোর পরে সিনিয়ররা ছুটি করলে বা বছরের শেষদিকে সিনিয়রদের লাইন ছুটি হয়ে যাবার পর তারা কামাই করলে তখন এরা কাজ পাবে।
প্রত্যেক মিলে প্রয়োজনের তুলনায় তিনগুণ শ্রমিক ভর্তি করিয়ে রেখেছে। ফলে কাজ করতে চাইলেও প্রতিদিন সবার পক্ষে কাজ পাওয়া সম্ভব নয়। তারপর প্রতি দিন প্রত্যেক শিফটে কিছু ভাউচার শ্রমিক, কিছু লার্নারকে দিয়ে তো কাজ করানোই হয়, যাতে মালিকের মজুরি খরচ সাশ্রয় হয়। ফলে লার্নারদের উভয় সঙ্কট, ফিট না হলে দৈনিক ১০০ টাকা রোজে হাড়ভাঙা খাটুনি। আর ফিট হলে কাজ না পেয়ে ঘুরে যাওয়া। তারপরও মানুষ লার্নার হিসেবে মিলে ঢোকার জন্য লাইন দিচ্ছে, ইউনিয়ন, নেতা বা সাহেব ইনচার্জদের ধার করে হলেও টাকা দিচ্ছে! বেকার সমস্যা, কর্মহীনতা কোন জায়গায় পৌঁছেছে আজ – সেটা বোঝার জন্য এটা খুব সাধারণ দৃষ্টান্ত একটা।
~ ৩ ~
প্যান কার্ড এর সাথে আধার কার্ড সংযোগ করাকে কেন্দ্র করে মানুষের নাজেহাল অবস্থা। মানুষের আর্থিক অবস্থা বিবেচনা না করেই কেন্দ্র সরকার মাথাপিছু ১০০০ টাকা করে আদায় করছে। এই নিয়ে প্রতিবাদও উঠছে, কিন্তু তাতে কান না দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা জরিমানা আরও বাড়ানোর হুমকি দিচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং আয়কর দফতরের বক্তব্য হচ্ছে যে দেশের ১৪৫ কোটি মানুষের মধ্যে মাত্র ২০ কোটি লোক আয়কর রিটার্ন ফাইল করে। আরও বেশী সংখ্যক মানুষকে প্রত্যক্ষ করের আওতায় আনার জন্য এই পদক্ষেপ জরুরী। কিন্তু কেন্দ্র সরকার এটা বলছে না যে দেশের ১৪৫ কোটি মানুষের থেকেই, এমনকি তাদের মাপকাঠিতে দারিদ্র্য সীমার নীচে থাকা মানুষদের থেকেও তারা নানা আছিলায় পরোক্ষ কর আদায় করে চলেছে। আর শুধু পরোক্ষ করই নয়, প্রত্যক্ষ করও আদায় করে।
প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স বলে একটা কর ব্যবস্থা আছে। নিয়ম হল, যারা স্যালারি (বেতন বা মজুরি) পায়, তাদের মাসিক স্যালারি ৮৫০০ টাকার কম হলে পি ট্যাক্স দিতে হয় না, ৮৫০০-১০০০০ টাকা অবধি স্যালারি হলে মাসে ৯০ টাকা পি ট্যাক্স দিতে হয়, ১০০০০ টাকার ওপর স্যালারি হলে মাসে ১১০ টাকা পি ট্যাক্স দিতে হচ্ছে।
জুটমিলে যারা মিলহ্যান্ডস তারা ডিএ ইত্যাদি মিলিয়ে দৈনিক গ্রস মজুরি পান ৪৫০-৪৮০ টাকার মধ্যে। মাসে ২৬ দিন কাজ এবং ২৬ দিনের মজুরি তারা পান। যদিও কোনো মাসেই পুরো ২৬ দিন কাজ করা কোন শ্রমিকের পক্ষে সম্ভব হয় না। সাধারণত ২০/২২ বা ২৪ দিন কাজ করতে পারেন। যদি গ্রস মজুরি কোন মাসে ১০০০০ টাকা অতিক্রম করে তাহলে ১১০ টাকা পিট্যাক্স কেটে নেয়, যদি ১০০০০ টাকার কম থাকে, তাহলে ৯০ টাকা পিট্যাক্স কাটে। অর্থাৎ প্রত্যেক বছর শ্রমিক পিছু ১০০০-১৩০০ টাকা কর আদায় করে সরকার। পশ্চিমবঙ্গ সরকার তো গর্ব করে বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই রাজ্যে প্রফেশনাল ট্যাক্স সংগ্রহ অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
অথচ যে মজুরি জুটমিল শ্রমিকরা পায়, তাতে তাদের জীবন ও সংসার কিভাবে চলে? ১৫ দিন অন্তর তাদের মজুরি হয়, সেই ১৫ দিনের মধ্যে যে কদিন তারা ডিউটি করেছেন, সেই কদিনের টাকা পাওয়া যায়। ১০% পিএফ, ১.২৫% ইএসআই, পিট্যাক্স কেটে গড়ে শ্রমিকরা হাতে পান ৩৮০০-৪২০০ টাকা। সেই টাকায় ১৫ দিন সংসার চালাতে হয়, সাথে ছেলেমেয়েদের টিউশন খরচ, অসুখবিসুখ হলে তার খরচ সামলাতে হয়। শ্রমিকদের কথায়, মজুরির টাকায় ১০ দিনের খরচ চলে, বাকি ৫ দিন চলে ধারে। আবার পরের খেপের মজুরি পেলে আগের খেপের ধার শোধ করে নতুন করে ধার করতে হয়। এই চক্রাকারে তাদের জীবন চলছে। মুদিখানার দোকানে ধার, ওষুধের দোকানে ধার, পিএফ থেকে লোন, বন্ধনের ঋণ, একটু স্বচ্ছল আত্মীয়স্বজনের থেকে ধার, সবশেষে চড়াসুদে প্রাইভেট লোন, মোটামুটি ভাবে ঋণের দায়ে দেউলিয়া দিন কাটে শ্রমিকদের। সাধারণ চোখে দেখলে এরা প্রত্যেকেই দারিদ্র্যসীমার নীচেই অবস্থান করেন। কিন্তু রাষ্ট্র এদের থেকেও ঘাড় ধরে প্রত্যক্ষ কর আদায় করে থাকে। অথচ কর্পোরেট ট্যাক্স ছাড়ের পরিমাণ প্রত্যেক অর্থবর্ষে বৃদ্ধি পাচ্ছে, সংবাদে প্রকাশ এই অর্থবর্ষে ১ লাখ ৬০ হাজার কোটি টাকা কর ছাড় দেওয়া হচ্ছে কর্পোরেট সংস্থাগুলিকে। কার সরকার, কার রাষ্ট্র এথেকেই স্পষ্ট হয়ে যায়।
~ ৪ ~
সরকারী কর্মচারীরা তাদের ন্যায্য ডিএ-র দাবীতে বিগত ২০ দিন যাবৎ আন্দোলন চালাচ্ছেন। তাদেরকে অভিনন্দন। আজ চাপে পড়ে সরকার মুখরক্ষার জন্য ৩% ডিএ ঘোষণা করেছে দেখলাম। সরকারী কর্মচারীদের আন্দোলন, অবস্থান, অনশন, কর্মবিরতির খবর মোটামুটিভাবে বিভিন্ন সংবাদমাধ্যমে আসছে। কিন্তু এর মাঝে আরও একটা ঘটনা ঘটে গেল, যার খবর হয়ত অনেকেই জানেন না।
জুটমিলের শ্রমিকদের বছরে চারবার ডিএ ঘোষণা হয়, ফেব্রুয়ারি, মে, আগস্ট এবং নভেম্বর মাসে। ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা হয়েছে তাতে জুটমিল শ্রমিকদের ডিএ ৮ পয়েন্ট কমেছে। অর্থাৎ মাসে প্রত্যেক শ্রমিকের ১৫ টাকা ৫৩ পয়সা করে মজুরি কমবে। মাসে ১৫ টাকা অর্থাৎ দিনে মাত্র ৫০ পয়সা, এই হিসেবে বিষয়টাকে হয়ত সামান্য ব্যাপার বলা যেতে পারে, কিন্তু জুটমিলের শ্রমিকরা দৈনিক মজুরি পায় খুবই কম, ৩৫০-৪৫০ টাকার মধ্যে। তাদের মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে বকেয়া হয়ে পড়ে আছে। জানুয়ারি মাসে সরকারী পরিসংখ্যান অনুযায়ী খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৬.২%। সেখানে ডিএ বৃদ্ধি পাবার পরিবর্তে কোন যুক্তিতে হ্রাস পায়, সেটার উত্তর দেবার মত কেউ নেই। প্রতিষ্ঠিত এবং বড় বড় ট্রেড ইউনিয়নগুলো এই নিয়ে একটা বিবৃতি দিয়েছে বা অন্তত মৌখিক প্রতিবাদ করেছে, শুনতে পাই নি।
জুটমিলগুলোর বর্তমান যা পরিস্থিতি, শ্রমিকরা সবসময় আতঙ্কে থাকেন যে কখন মালিক লকআউট ঘোষণা করে। ফলে আন্দোলনে নামতে তারা ১০ বার ভাবে যে মিল বন্ধ হয়ে গেলে খাবো কি, বা কাজ থেকে বসিয়ে দিলে কি হবে। এমনিতেই ৮ ঘন্টা কাজ করার পরও নানা অজুহাতে ১ ঘন্টা বা ২ ঘন্টার হাজিরা কেটে নেওয়া প্রত্যেকটা শিফটে নিত্যনৈমিত্তিক ঘটনা। আন্দোলন না করেই, সামান্য কিছু তর্ক বিতর্ক বা ম্যানেজমেন্টের ভাষায় বেয়াদপী করলেই দু দিন, চার দিন, সাত দিনের জন্য কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। রিজার্ভ শ্রমিকের ভীড় এত মারাত্মক যে কোন কারণে কামাই করলে পরদিন কাজ পাবো কিনা তা নিয়ে সংশয়ে থাকেন অধিকাংশ শ্রমিক। ইউনিয়নের সাপোর্ট নেই, নেই হাইকোর্টের রক্ষাকবচ, মিডিয়াও আগ্রহী নয় তাদের নিয়ে, কাজ চলে গেলে জমানো টাকায় কয়েকদিন বসে খাবো, সেই সঙ্গতিও নেই। ফলে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, ম্যানেজমেন্ট যতই চাপ বাড়াক না কেন, একটু ফোঁস করে আবার পিছিয়ে আসা, এইভাবেই দিন চলছে অধিকাংশ মিল শ্রমিকের।
সবচেয়ে বড় দুটো শিল্প, চা এবং জুট, এখানকার শ্রমিকদের নিয়েই সবচেয়ে বেশি উদাসীন সরকার, সবচেয়ে বেশি শোষিত হচ্ছেন এরাই। চা বাগানের শ্রমিকরা বর্তমানে দৈনিক ২৩০ টাকা মজুরি পান, ১২% পিএফ, ইএসআই কাটার পর তারা হাতে পান ২০২ টাকা। দৈনিক ২০২ টাকা রোজগারে তাদের জীবনধারণ করতে হয়! ছুটির দিনে তারা ছুটে যান নিকটবর্তী শহর, গঞ্জে। রাজমিস্ত্রির যোগাড়ে বা অন্য কোন দিন মজুরির কাজের সন্ধানে। জুটমিলের শ্রমিকরা সাপ্তাহিক অফ ডে তেও ডিউটি করতে ছুটে আসেন, নগদে ৫০০ টাকা মজুরি পাওয়ার আশায়।
এনাদের তুলনায় সরকারী কর্মচারীরা অবশ্যই অনেক বেশি প্রিভিলেজড, সব দিক দিয়েই। আজ যখন তারা নিজেদের ন্যায়সঙ্গত দাবী নিয়ে একটা উল্লেখযোগ্য আন্দোলনের পথে এগুতে পেরেছেন, তখন প্রিভিলেজড এবং শিক্ষা দীক্ষা, সংস্কৃতিতে তুলনামূলকভাবে অগ্রণী অংশ হিসেবে অন্যান্য শোষিত শ্রমিকদের বঞ্চনার চিত্রটি তুলে ধরে আওয়াজ কি তারা রাখতে পারেন না?
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার মে ২০২৩ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://www.newsclick.in/west-bengal-jute-workers-demand-immediate-reopening-mills [Retrieved On: 21/06/2023]
