তাঁতশিল্প এবং তাঁতশ্রমিকদের চলমান সমস্যা

তাঁত শ্রমিকদের সমস্যা একটি দীর্যদিনের সমস্যা। মূলত শাড়ি, গামছা, লুঙ্গি, এই সব অতীত কাল থেকে তাঁতে হয়ে আসছে। বর্তমানে ওড়না, রুমালও হচ্ছে। তারও একটা বাজার রয়েছে। মোগল আমল থেকেই এই শিল্প সাবেকি বাংলার (বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম) অর্থনীতিতে জায়গা করে আছে। স্বনির্ভর এই কুটির শিল্পটি ব্যাপক মানুষের জীবিকা নির্বাহে বিশেষ ভূমিকা নিয়ে আছে আজও। মাঝে ব্রিটিশ ভারতে এই স্বনির্ভর অর্থনীতিকে ধ্বংস করতে বাংলার তুলা চাষের জমিগুলিকে নীলচাষের জমিতে পরিণত করে, পরবর্তীতে ব্রিটেন এর কলে রঙিন শাড়ি তৈরি হওয়ার কারণে, তাঁত শ্রমিকদের আঙ্গুল কেটে নেবার মতো ঘটনা ঘটিয়েছে। এত প্রতিকূলতা সত্ত্বেও বার বার ঘুরে দাঁড়িয়েছে শিল্পটি।

১৯৪৭ পরবর্তীতে এই শিল্পটি নিয়ে কোনো সরকারের কোনো পরিকল্পনা রইলো না। যে বিদেশি বণিকরা এদেশের তাঁতে তৈরি মসলিন, টাঙ্গাইল, ধনেখালি নিয়ে পৃথিবীর দেশে দেশে বাণিজ্য করতো তখনকার যোগাযোগের একমাত্র মাধ্যম জলপথে, আজ আকাশ পথের মতো সুবিধা থাকার পরেও এই শিল্পর অবস্থা কঠিন থেকে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ মসলিন তৈরি করতে গেলে বাংলায় তুলার জমি থাকা দরকার যাতে তুলা ফুটলেই চাষী সেটা থেকে সুতা বানাতে পারে। এই পদ্ধতির বিকল্প আজও আবিষ্কার হয়নি। সমস্যা হল তুলা চাষ সরে গেছে অন্য রাজ্যগুলিতে। এরপরে আছে সুতা,সানা, বোয়া, মাকু, পাওয়ার লুম – যেগুলো আসে ভিন দেশ ও ভিন রাজ্য থেকে। সবকিছুর উপর আছে GST-এর জুলুম।

আজও এই শিল্পটিকে অসংগঠিত স্তরে রাখা হয়েছে। এই শিল্পের দুর্দশা নিয়ে শিল্পের শ্রমিক, বা সচেতন শ্রমিকদের পক্ষ থেকে কোনো আন্দোলন অতীতে হয়নি।ফলে সরকারগুলিও ফাঁকা বুলির আড়ালে শিল্পের সমস্যাকে এড়িয়ে গিয়েছে। যেমন, শাসক নেতা এবং শাড়ি ব্যবসায়ীদের মধ্যে সমিতির নামে এক অশুভ আঁতাত গড়ে উঠেছে। তন্তুশ্রী মেলার নামে যে শাড়িগুলি কেনা হয় তার সঙ্গে ছোট তাঁতি, তাঁত শ্রমিকদের কোনো সম্পর্ক স্বাভাবিকভাবেই থাকে না। তাঁতিদের উন্নয়নের নামে বিশাল টাকা ওই অশুভ চক্রটি খায়।

একটা সময় ছিল পাওয়ার লুমে সাদা শাড়ী হতো। কালনায় বেশ কয়েকটা এইরকম পাওয়ার লুম ছিল, ৯০ সাল নাগাদ বন্ধ হয়ে গেছে। তখন পাওয়ার লুমে রঙিন শাড়ী তৈরি কেন্দ্র সরকার থেকে বন্ধ ছিল। অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের সময় থেকে চেন্নাই এর মিলে তৈরি লুঙ্গি ঢোকার ফলে বাংলার লুঙ্গি শিল্পে মন্দা শুরু হয়। নবদ্বীপ, রানাঘাট, শান্তিপুর এর লুঙ্গির কারখানাগুলি বন্ধ হয়ে যায়। তাঁতগুলি লোহা লক্কড়ের দরে তাঁতিরা বিক্রি করে দেয়। তাঁত শ্রমিকদের বড়ো অংশ কনস্ট্রাকশন শ্রমিক, হকারি এই কাজ করছিলো। ভিন দেশ থেকে পাওয়ার লুম তাঁত আসায় আবার লুঙ্গি শিল্পে গোটা রাজ্য ঘুরে দাঁড়ায়। রিলায়েন্স সুতোর (সিন্থেটিক) সঙ্গে সুতি মিশিয়ে গামছা হচ্ছে। প্রথম দিকে সমস্যা তৈরি হলেও পরে আস্তে আস্তে ক্রেতাদের সচেতন হওয়ার জন্য সুতির গামছা ঘুরে দাঁড়িয়েছে। বেলডাঙা, রানাঘাট, বসিরহাট, বাঁকুড়া, নবদ্বীপ এর গামছা আগের স্থান দখল করছিলো।

শাড়ির ক্ষেত্রে বর্তমানে তিন ধরণের তাঁত দেখা যায়। ১) হাতেবোনা, হাতে তৈরি নকশায়; ২) হাতে বোনা, জ্যাকেটে তৈরি নকশা; ৩) পাওয়ার লুমে তৈরি, জ্যাকেটে ডিজাইনওয়ালা তাঁত। তার মধ্যে সবচাইতে গুণগত মানের শাড়ী তৈরি হয় হাতে তৈরি তাঁতে। তার পরেই আছে জ্যাকেটের তৈরি শাড়ি। এরপরে আছে পাওয়ার লুমের জ্যাকেটওয়ালা শাড়ি। হাতে বোনা তাঁত এর খরচ বেশি। সব মিলিয়ে এই শাড়ির তাঁতিরা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জ্যাকেট তাঁতের অবস্থাও প্রায় একই, কদর দেবার লোকের সংখ্যা কম। পাওয়ার লুমের জোড়া জ্যাকেট তাঁতের শাড়ির কয়েক বছর ধরে বাজার বেশ ভালোই ছিল। ডবল জামদানি, অল ওভার, বালুচুরি শাড়ীগুলি ভালোই মার্কেট পাচ্ছিলো।

প্রতি বছর পূজার পরে শাড়ির দাম ইচ্ছা করে কমিয়ে দেওয়া একটা নিয়মে পরিণত করেছে মহাজনেরা। ফলে তাঁত শ্রমিকদের মজুরিও কমে যাবে। এইরকম একবার ধাত্রীগ্রামে ২০০০ সালে তাঁত শ্রমিকরা বিদ্রোহ করেছিল। স্বতঃস্ফুর্ত এই আন্দোলনে শত্রু মিত্র চিহ্নিত করার ভুলের কারণে আন্দোলনের ফলাফল বিপরীতমুখী হয়েছিল। ছোটো তাঁতিদের সঙ্গে তাঁত শ্রমিকদের জোট তৈরি করে মহাজন, ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন করার পরিবর্তে তাঁতিদেরকেও শত্রু নির্বাচন করে আন্দোলনের রূপ হিসাবে তাঁত এর তানা কেটে দেওয়া, বাজারের থলে কেড়ে নেওয়া (তাঁতি, ব্যাবসায়ী, মহাজনদের থেকে) ইত্যাদি ঘটে। সিপিএম মহাজন ও ব্যবসায়ীদের পক্ষ নিয়ে তাঁতিদের মারধর করা, পুলিশ লেলিয়ে দেওয়ার ব্যবস্থা করে। অবশেষে তাঁতঘর খুললে সংগ্রামী নেতাদের কাজে নেওয়া বন্ধ করে দেয়। এইসব করে তাঁতিদের জব্দ করা হয়েছিল।

বছর দুয়েক ধরে কম্পিউটার চালিত তাঁতে তৈরি হচ্ছিলো অল ওভার শাড়ী। প্রথম দিকে এই তাঁতে পলিয়েস্টার (রিলায়েন্স এর সুতো) দিয়ে দিনে ১২-টার বেশি শাড়ী তৈরি হচ্ছিলো, সস্তা হবার কারণে একটা মার্কেট ছিল এই শাড়ির। বর্তমানে এই কম্পিউটার চালিত তাঁতে পলিয়েস্টার এর বদলে সুতি, তসর এর মিশ্রিত শাড়ি বাজারে আসায় পাওয়ার লুম, হ্যান্ডলুম শাড়ির বাজার বিশাল ধাক্কা খেয়েছে। এমনিতে সরকারগুলি (কেন্দ্র এবং রাজ্য) সিন্থেটিক সুতো কোম্পানিগুলির সাথে এমন গাঁটছড়া বেঁধে আছে যে তাঁত সহ অন্য ক্ষুদ্রশিল্পগুলির বিকাশ ব্যাহত হচ্ছে। মোগল আমল থেকে এই শিল্পটির উপর নির্ভর করে জনসংখ্যার এক বড় অংশের মানুষ জীবিকা নির্বাহ করছে। সেখানে দাঁড়িয়ে শিল্পটিকে সংগঠিত রূপ দিয়ে, প্রয়োজনীয় বিকাশ ঘটানোর প্রয়োজন ছিল। সেটা না করে বৃহৎ শিল্প গোষ্ঠীর স্বার্থে এই শিল্পটিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

লকডাউন এর পরবর্তীতে অন্য শিল্পের শ্রমিক, কন্সট্রাকশন শ্রমিক সহ তাঁতি ও তাঁত শ্রমিকদের অবস্থা খুবই সঙ্কটজনক হয়ে দাঁড়িয়েছে। দাদন দিয়ে কাজ করানো তাঁতিদের শাড়ির দাম এক লাফে প্রায় ১০০ টাকা কমে গেছে। যে লুঙ্গির বাজার ভালো তাদের ক্ষেত্রেও মজুরি ২৫ টাকার বদলে ২০ টাকা হয়ে গেছে, এদিকে বাজারে জিনিসপত্রের দাম আগুন, গ্যাসের দাম কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না। শেষ খবর মহাজন এর ঘরে অবিক্রীত শাড়ির ক্ষেত্রে গুনোগার দিতে হবে তাঁতিকে, না হলে মহাজন তার শাড়ি আর নেবে না। মহাজনরা অবিক্রীত শাড়ির ক্ষেত্রে লোকসান এর অর্ধেক দায়ভার তাঁতিকে নিতে হবে বলে দিয়েছে। সেটা শাড়ির মূল্য হিসাবে ৩০, ৫০ বা ১০০ টাকা। শাড়ির দাম নেমে যাওয়ার কারণ, বাংলাদেশ থেকে বিপুল পরিমানে কমদামি শাড়ী আসা। এছাড়াও সুরাট থেকে কম দামি শাড়ী আসা আর একটা বড়ো কারণ।

এই পরিস্থিতিতে শ্রমিকরা অর্ধাহারে রয়েছে, তাঁতিরাও ঋণের জালে জড়িয়ে পড়ছে। কয়েক মাস আগে ধাত্রীগ্রামে তাঁত শ্রমিক স্বপন বসাক ঋণের জালে জড়িয়ে আত্মহত্যা করেছে।

এই ক্ষুদ্র শিল্পের দায়প্রাপ্ত মন্ত্রীর বাড়ি বিদ্যানগর বাজারে। তিনি লকডাউন পরবর্তী সময়ে পাওয়ার লুম মালিক আর বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে আলোচনায় তিনি তাঁতিদের পুরাতন হারে মজুরি দেবার নির্দেশ দিয়েছিলেন। সেটা কার্যকরী হয়নি জেনেও বর্তমানে তিনি নীরব দর্শক এর ভূমিকা নিচ্ছেন। সরকারের দেওয়া তাঁতি কার্ড কোন কাজে থাকবে, কখন লাগবে, সেটা তাঁত শ্রমিক ও তাঁতিদেরও জানা নেই।


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার মে ২০২৩ সংখ্যায়


কভার ফটো সৌজন্যে – https://www.anandabazar.com/editorial/handloom-labours-of-shantipur-are-at-a-fix-1.1035973 [Retrieved On: 16/06/2023]

Leave a Reply