কলেজ-বিশ্ববিদ্যালয়ে বা অফিসের মতো কর্মক্ষেত্রে দলিত-আদিবাসী-সংখ্যালঘু ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা বা কর্মচারীদের ওপর ব্রাহ্মণ্যবাদী নিপীড়নের বিরুদ্ধে যতটা আওয়াজ যতটা চর্চা হয় (হওয়া উচিতও) ততটা কথাবার্তা শোনা যায় না শিল্পশ্রমিকদের ওপর ব্রাহ্মণ্যবাদী নিপীড়ন নিয়ে। এমনিতে একটা প্রচলিত ধারণা আছে যে শিল্পক্ষেত্রে মজুরি-শ্রমের সম্পর্কের জায়গা থেকেই এই ধরনের নিপীড়ন কমতে কমতে লুপ্ত হয়ে যায়। যারা সেই ধারণায় বিশ্বাসী নন তাদের চর্চাতেও এই বিষয়টি খুব একটা আসেই না। ভারতের শ্রমিক শ্রেণীকে জাতি-বর্ণ এবং ধর্মগত পরিচয়ের নিরিখে বিশ্লেষণ করতে গেলে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্র দুই জায়গাতেই দেখা যাবে সিংহভাগ শ্রমিক দলিত-আদিবাসী-সংখ্যালঘু জনগণ। তারপরেও এই অংশের ওপর তাঁদের কর্মক্ষেত্রে ব্রাহ্মণ্যবাদী নিপীড়নের চেহারাটি কি তা নিয়ে চর্চা বা উৎস কম কেন সেই প্রশ্নে আমরা পরে ফিরে আসবো। আপাতত এই ক্ষেত্রে নিপীড়নের কিছু নিদর্শন এবং সেই নিপীড়ন কিভাবে শ্রমিক শোষণের সাথে যুক্ত তার দিকে একটু আলো ফেলা যাক।
ভারতের শ্রমিকশ্রেণী যেমন দলিত আদিবাসী সংখ্যালঘু জনতার দ্বারাই সিংহভাগে পুষ্ট তেমনই ভারতের সংগঠিত শিল্পক্ষেত্রে যে ম্যানেজমেন্ট স্টাফরা কর্মরত তাদের আবার সিংহভাগই জাতি-বর্ণগতভাবে বর্ণহিন্দু। ফলে মিল-ফ্যাক্টরিতে শ্রমিকদের সাথে সামান্য উত্তপ্ত কথাবার্তাতেই উঠে আসে জাতি-বর্ণ এবং ধর্ম নিয়ে গালাগাল। উদাহরণ হিসেবে একটি সাম্প্রতিক ঘটনার কথা বলা যাক (যে ঘটনাটিই এই লেখার প্রয়োজনীয়তা অনুভব করালো)। ১৬-ই সেপ্টেম্বর ‘বুড়ো রান্না পূজো’। যদিও এই অনুষ্ঠানটিও আজ ব্রাহ্মণ দিয়েই করানো হয় তবুও এই পূজো বাংলার দলিত জনতার পূজো। যেখানে পূজো করা হয় মনসাকে। ব্রাহ্মণ্যবাদী ধর্মীয় সংস্কৃতিতে যার খুব একটা স্থান নেই। একটি মিলের এক শ্রমিক তার ডিপার্টমেন্টের সাহেবকে পূজোর আগের দিন বলতে যান যে তিনি দু’দিন আসবেন না, তাকে কি ছুটির দরখাস্ত তখনই করতে হবে নাকি আবার কাজে যোগ দেওয়ার সময় করলেই হবে। সাহেব তার থেকে কারণ জানতে চাওয়ায় সে সত্যিটাই বলে। সাহেবের কথাতেই শোনা যাক সত্য বলার ফলাফল…
দুলেদের আবার পূজো, খালি ফাঁকি মারার তাল কামচোরদের, এজন্যেই তোরা মিল-এই কাজ করে মরবি…
ছুটির কথা বলতে যাওয়া শ্রমিকটির পদবি দলুই, আর সাহেবের পদবি চ্যাটার্জি।
এই ঘটনা শিল্পক্ষেত্রে বিরল তো নয়ই বরং খুব স্বাভাবিক ঘটনা। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা আক্রান্ত শ্রমিকের মধ্যে দেখা দিয়েছে সেটা হলো হীনমন্যতা। যার থেকে তৈরি হয় আত্মবিশ্বাসহীনতা। যা তাকে মিল ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের ক্ষেত্রে অনেকটাই মানসিকভাবে পিছিয়ে দেয়।
ধর্মে মুসলমান এক শ্রমিক নেতার অভিজ্ঞতায় আসা যাক। নিজের ডিপার্টমেন্টে শুধু নিজের নয় অন্য যেকোনো শ্রমিকের সাথে অন্যায্য কিছু ঘটলেই প্রতিবাদ করা যার স্বভাব। একদিন একটা বড় গন্ডগোলের সূত্র ধরে ঘটনাস্থলে হাজির হন মিলের অবাঙালি ব্রাহ্মণ লেবার অফিসার। যিনি শ্রমিকের বিরুদ্ধেই কথা বলবেন সেটাই স্বাভাবিক, কিন্তু তার সাথে তিনি কোনো যুক্তিতর্কের ধার না ধেরেই ঐ শ্রমিক নেতাকে বলে বসলেন –
মুসলমানের আবার নেতা হওয়ার শখ!
এখানে একটা বিষয় জানিয়ে রাখার যে ঐ মিলে সমস্ত ইউনিয়নের সেক্রেটারিরাই মুসলমান। তারপরেও লেবার অফিসারের মুখে ঐ কথা!!!
এই বিষয়গুলিকে অনেকেই সামাজিক বিভাজন হিসেবে তত্ত্বায়ন করতে পারেন। বলতে পারেন এর সাথে অর্থনৈতিক শোষণের কোনো সম্পর্ক নেই। ক্রমাগত অসম্মান আসলে যে হীনমন্যতার জন্ম দেয় এবং তার থেকে আসে আত্মবিশ্বাসহীনতা সেটা আগেই আলোচিত হয়েছে। আর আজ শ্রমিকশ্রেণীর নিজেদের মধ্যে থাকা হীনমন্যতা এবং আত্মবিশ্বাসহীনতা যে তাদের শ্রমিকস্বার্থ বিরোধী পুঁজির দালাল রাজনৈতিক পার্টিগুলির ওপর নির্ভরশীল করে রেখেছে এই বাস্তবতা শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত যে কোনো কর্মী জানেন। ফলে এই তথাকথিত সামাজিক বিভাজন আসলে শ্রমিকশ্রেণীকে অর্থনৈতিক ভাবে শোষণ করার একটি ভিত হিসেবে কাজ করছে।
এবার ফিরে আসা যাক সেই প্রশ্নে যে শিল্পক্ষেত্রে ব্রাহ্মণ্যবাদী নিপীড়নের চিত্রটি নিয়ে চর্চা নেই কেন। আসলে ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলন বা দলিত আদিবাসী সংখ্যালঘু জনতার (বহুজন জনতা) আন্দোলনের মুখপাত্ররা শ্রমজীবি বহুজন জনতার থেকে অনেকাংশেই বিচ্ছিন্ন। সেই কারণেই বহুজন জন্মপরিচয়ের যে অংশটা কোনো না কোনোভাবে সমাজের উচ্চবিত্তের সীমার মধ্যে বিচরণ করতে সক্ষম হয়েছেন তাদের ওপর ঘটে চলা ব্রাহ্মণ্যবাদী নিপীড়নগুলিকে নিয়েই চর্চা বা প্রতিবাদের পথে হাঁটেন। সেটা অবশ্যই প্রয়োজন। কিন্তু যে বিশাল সংখ্যক শ্রমজীবী বহুজন জনতাও একইরকম বা আরও বেশি মাত্রার ব্রাহ্মণ্যবাদী নিপিড়নের শিকার সেই অংশের সাথে বিচ্ছিন্নতা বর্তমান বহুজন আন্দোলনের অন্যতম সীমাবদ্ধতার জায়গা। একটা সময়ে গুজরাটের রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চ এবং উত্তরপ্রদেশে ভীম আর্মি ছাড়া শ্রমজীবী বহুজন জনতার সাথে সংযোগ স্থাপনে কেউই সাফল্য পাননি, বলা ভাল সেরকম চেষ্টাও হয়নি।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার নভেম্বর ২০২১ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://www.newsclick.in/west-bengal-jute-workers-demand-immediate-reopening-mills [Retrieved On: 01/07/2023]
