হাজার হাজার মানুষের জীবনে অস্তিত্বের বিপর্যয় ডেকে আনা কোভিড-১৯ মহামারীর মধ্যেই গত ২৯-এ জুলাই, ২০২০ তারিখে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা একযোগে জাতীয় শিক্ষা নীতি বা ন্যাশনাল এডুকেশান পলিসি (NEP) ২০২০-কে অনুমোদন দেয়। অনুমোদন দেওয়ার আগে রাজ্য বা কেন্দ্রশাসিত এলাকার বিধানসভাতে এই নিয়ে কোনো বিতর্ক আলোচনা করা হয়নি। বরং বিপরীতে শিক্ষার ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক পরিবর্তন হিসাবে এই প্রকল্পকে তুলে ধরার জন্য একাধিক অনলাইন সম্মেলন, সেমিনার ইত্যাদি পরিচালনা করা হয়েছিল। শিক্ষার প্রতিটা ক্ষেত্রে এটা একটা গেম-চেঞ্জার তো বটেই। প্রাথমিক বিদ্যালয়গুলোকে বন্ধ করার জন্য এবং “স্কুল কমপ্লেক্স” গঠনের জন্য সেগুলোকে বড় মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করার প্রস্তাব করেছে এই NEP ২০২০। শিক্ষাবিদরা বলেছেন যে স্কুলগুলোর এই একত্রীকরণের ফলে স্কুলছুটের সংখ্যা আরও বাড়বে, বিশেষ করে দেশের গ্রামাঞ্চলে। ২০২১-২২ সালে ২০,০০০-এরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী এর মূল কারণ হলো স্কুল শিক্ষকের সংখ্যা কমে যাওয়া। যদিও ২০২০-২১ সালের তুলনায় ২০২১-২২ সালে মোট স্কুল শিক্ষকের সংখ্যা কমেছে মাত্র ১.৯৫%।
যে দিল্লি সরকার স্কুল শিক্ষা সম্পর্কে বিরাট সব দাবি করেছিল, সেই সরকার NEP ২০২০-এর অংশ হিসাবে ২০২০ সাল থেকে ২০০-টারও বেশি সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে এবং ৮০,০০০-এরও বেশি শিশুকে সরকারি স্কুলে ভর্তি থেকে বঞ্চিত করেছে। কিছু স্কুলকে দিল্লি সরকার একত্রিত করেছে এবং বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোর জমি লাভের উদ্দেশ্যে তুলে দেওয়া হচ্ছে বেসরকারি বিল্ডারদের হাতে। এই পদক্ষেপগুলোর প্রতিবাদে নানাখেড়ি গ্রামের অনেক গ্রামবাসী ২০২২ সালের অগাস্ট মাসে অনশন শুরু করেছিলেন। শিক্ষকরা জানিয়েছেন যে অতিরিক্ত ভিড়ের কারণে একত্রিত করা সরকারি স্কুলগুলো থেকে অভিভাবকরা নিজেদের সন্তানদের সরিয়ে নিচ্ছেন। তাঁদের মতে, কিছু কিছু স্কুলে ৭,০০০ থেকে ৮,০০০ শিক্ষার্থী রয়েছে এবং দুই থেকে তিন ঘণ্টার শিফ্টে ক্লাস হয়। ছাত্র, অভিভাবক ও নাগরিক সমাজের সোচ্চার প্রতিবাদ সত্ত্বেও এই প্রক্রিয়াটা নিজের ক্রমবর্ধমান গতি সমেত এখনও অব্যাহত রয়েছে। পরিণামে এই স্কুলগুলোতে ভর্তি হওয়া প্রান্তিক বিভাগের, বিশেষ করে দলিত, সংখ্যালঘু এবং মহিলাদের মধ্যে থেকে আসা লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যতকে বিপদের মুখে ফেলেছে।
ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডেও ছবি আলাদা কিছু নয়। বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন বা রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান (RTE), ২০০৯ আইনের সাথে সঙ্গতি রেখে ২০১১ সালে ওড়িশার রায়গড়ের সানালুকুতি গ্রামে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়েছিল। এক দশকেরও কম সময় পরে কোভিড-১৯ মহামারীর সময়ে ২০২০ সালের জুলাই মাসে এই স্কুলটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া এই স্কুলের পরিকাঠামোটা এবার পঞ্চায়েতের কাছে হস্তান্তর করা হবে, যা এই স্কুলটা বন্ধ করার তত্ত্বাবধান করেছিল। ২০১৭ সালে কেন্দ্রের থিঙ্ক-ট্যাঙ্ক, নিতি (NITI) আয়োগ দ্বারা চালু করা একটি প্রকল্পে যোগদানের পর থেকে রাজ্যে বন্ধ হওয়া এক হাজারেরও বেশি স্কুলের মধ্যে একটা হলো এই সানালুকুতি স্কুল। এই স্কুলে শিক্ষালাভ করা প্রতি নয়জন শিশুর মধ্যে আটজনকেই নিজেদের বাবা-মা আর বাড়িঘর ছেড়ে সাত কিলোমিটার দূরে আদিবাসী কল্যাণ দপ্তর পরিচালিত একটা হোস্টেলে থাকতে হয়েছিল। এদের সকলেরই বয়স ছিল ১০ বছরেরও কম। ফলে এই ধরনের পদক্ষেপ অধিকাংশ আদিবাসী ছাত্র-ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা থেকে সরে যাওয়াই নিশ্চিত করবে। জানা গিয়েছে যে আরও ৮,০০০ স্কুল এই একই পরিণতির মুখোমুখি হতে চলেছে। বেসরকারি পরামর্শদাতাদের সাথে অংশীদারিত্বে সাসটেইনেবল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটাল ইন এডুকেশন (SATH-E) নামে একটা প্রকল্প চালু করা হয়েছিল, যা মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড আর ওড়িশা – এই তিনটে রাজ্যকে অন্তর্ভুক্ত করেছিল। এর প্রধান লক্ষ্য ছিল “র্যাশনালাইজেশান” বা স্কুলগুলোকে একত্রিত করা, অর্থাৎ যেসমস্ত স্কুলে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কম সেগুলোকে বন্ধ করা এবং সেই শিক্ষার্থীদের অন্য স্কুলে স্থানান্তরিত করার প্রক্রিয়া। এই প্রকল্পের সাথে যুক্ত প্রচারকদের বক্তব্য হলো এতে পরিকাঠামো আর শিক্ষকদের মতো সম্পদকে আরও কার্যকরীভাবে ব্যবহার করা যাবে। কেন্দ্র ধারাবাহিকভাবে এই পদক্ষেপের জন্য চাপ দিয়েছে, অতি সম্প্রতি যার প্রতিফলন দেখা গিয়েছে এনইপি-২০২০ তে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন রাজ্যে ৮,০০০-এরও বেশি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ করার বিষয়ে অনড়, যার মধ্যে ৬,৮৪৫-টা প্রাথমিক বিদ্যালয় এবং ১,৩৬২-টা উচ্চ-প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলগুলোর মধ্যে ৫৩১-টা কলকাতায়। সম্প্রতি, রাজ্য সরকার সেই স্কুলগুলোকে তালিকাভুক্ত করেছে যেখানে শিক্ষার্থী সংখ্যা ৩০ জনেরও কম। এই স্কুলগুলোতে গড় হিসেবে ১৭-২০ জন করে শিক্ষার্থী ভর্তি হয়, এবং এখানে নিযুক্ত মোট পূর্ণকালীন শিক্ষক ও অ্যাডহক শিক্ষকের সংখ্যা যথাক্রমে ১৯,০৮৩ জন ও ১,১৮১ জন। সরকার যদি এই স্কুলগুলোকে বন্ধ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে স্কুল-প্রতি গড়ে ২৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার হিসাবে প্রায় দুই লাখ শিক্ষার্থী সেই সিদ্ধান্তের শিকার হবে। বিগত ১০ বছরে রাজ্যে প্রায় ৭,০১৮-টা প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে। যেসমস্ত স্কুল বন্ধ করা হয়েছে সেগুলোর অধিকাংশই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এলাকায় অবস্থিত। বন্ধ হওয়া স্কুলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক (১,১৯২) ছিল দক্ষিণ ২৪ পরগণা জেলায়, তারপরে পশ্চিম মেদিনীপুরে (১,০৪৭), এবং পূর্ব মেদিনীপুরে (৮৬৭)। ভর্তি কম হওয়ার (প্রায় ছয় লাখ) হিসেবটাও এর সাথে মিলে যায়; ২০১২ সালে ৭৮,০৪,৬৮৪ জন শিক্ষার্থী থেকে ২০২২ সালে ৭১,৯৫,৭২৮ জন শিক্ষার্থী। এটা হঠাৎ করে ঘটেনি। রাজ্য ও কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণীত সমস্ত নীতিতেই দেখা যায় স্কুলশিক্ষা ব্যবস্থার প্রতি সম্পূর্ণ অবহেলার মনোভাব। একটা সাধারণ তথ্যের মধ্যে দিয়ে সেই অবহেলাকে তুলে ধরা যায়; যেমন – শিক্ষার অধিকার আইন অনুযায়ী যেখানে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত প্রাথমিক বিদ্যালয়ের জন্য হওয়া উচিত ১:৩০, এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য হওয়া উচিত ১:৩৫, সেখানে আমাদের রাজ্যের ক্ষেত্রে এই অনুপাত প্রাথমিক বিদ্যালয়ে ১:৭৩ এবং মাধ্যমিক বিদ্যালয়ে ১:৭২। বীরভূমের মুরারাই-এর তিওরপাড়া রাধারানি জুনিয়র হাই স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩৪২ জন। এই স্কুলে শুধুমাত্র অ্যাডহক শিক্ষক রয়েছেন, কোনো স্থায়ী শিক্ষক নেই। জলপাইগুড়ির ক্রান্তি জুনিয়র বালিকা বিদ্যালয়ে, সমস্ত শ্রেণীতে শিক্ষাদানের জন্য এবং ৩৫০ জন শিক্ষার্থী যাতে নিজেদের মিড-ডে মিল পায় তা নিশ্চিত করার জন্য শুধুমাত্র একজন শিক্ষক রয়েছেন। এদিকে বাস্তবে, UNESCO-র একটা প্রতিবেদন দেখায় যে রাজ্যে এক লাখেরও বেশি শূন্য শিক্ষক-পদ রয়েছে।
TMC-র লোকসভা সদস্যরা সংসদের অভ্যন্তরে এনইপি ২০২০-এর বিরোধিতা করলেও ২০২৩ সালের ১৭-ই মার্চ TMC সরকার ঘোষণা করে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী শিক্ষাবর্ষ থেকে NEP ২০২০-এর অধীনে চার বছরের স্নাতক প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে। স্কুল বন্ধ করার সাম্প্রতিক ঘোষণাকেও তাই বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। আগামী দিনে আমরা স্কুলশিক্ষার জন্য NEP-এর সাথে সঙ্গতিপূর্ণ আরও একাধিক নীতি দেখার আশঙ্কা করতেই পারি, কারণ স্নাতক প্রোগ্রামটা ইতিমধ্যেই এনইপি ২০২০-এর প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার মে ২০২৩ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://sinderellathewetcannonball.files.wordpress.com/2020/08/img-0028.jpg?w=1024 [Retrieved On: 07/06/2023]
