পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে মানুষের নানাবিধ অধিকার এবং সাধারণ জীবনযাত্রার ওপর রাষ্ট্রীয় আক্রমণ আজ এক নতুন অধ্যায় যোগ করেছে। স্বাধীনতার পরবর্তী সময়ে সাধারণ মানুষের ওপর রাষ্ট্রীয় এবং পুলিশী আক্রমণের এমন চেহারা বোধকরি দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটা ঘটনা থেকে আমরা এর জ্বলন্ত উদাহরণ দেখতে পাই। শুধুমাত্র আন্তর্জাতিক শ্রমজীবি দিবসের (মে দিবস) অনুষ্ঠানে যোগ দেবার অপরাধে পরদিনই (২-রা মে, ২৩) এক গণতান্ত্রিক আন্দোলনের কর্মীর বাড়িতে তল্লাশি চালায় এনআইএ। ভোরবেলা দুই জিপগাড়ি ভর্তি পুলিশ নিয়ে এসে গণতান্ত্রিক ও উচ্ছেদ বিরোধী আন্দোলনের কর্মী, দামোদর তুরীর বাড়ি ঘিরে ফেলা হয়। সেই সময় তিনি ও তাঁর বৃদ্ধা মা বাড়িতে ছিলেন। তাঁর বাড়ি থেকে প্রচুর জিনিসপত্র সিজ করে নিয়ে যায় এবং তাঁকে ৮-ই মে এনআইএ অফিসে হাজির হবার জন্য নোটিশ ধরিয়ে যায়। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য দামোদর তুরী ঝাড়খণ্ডের কর্পোরেট লুন্ঠন এবং উন্নয়নের নামে আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ বিরোধী আন্দোলনের এক সুপরিচিত মুখ।
শুধু দামোদর তুরী নয়, একই দিনে ঝাড়খণ্ডের ১৪ জন গণ আন্দোলনের কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়, যার মধ্যে শ্রমিক সংগঠন এমএসএস-এর সম্পাদক বাচ্চা সিং-এর বোকারোর বাড়িও রয়েছে। এমনকি জেলবন্দী সাংবাদিক রূপেশ সিং-এর বাড়িতেও তল্লাশি চলে। অর্থাৎ শাসক দলের মতের সঙ্গে তাল দিতে না পারলেই তুমি আক্রান্ত হবে। ভারতের মতো রাষ্ট্রে, যেখানে কেন্দ্র হোক বা রাজ্যে, উভয় জায়গায় ফ্যাসিস্ট মানসিকতার সরকার রাজত্ব করছে, সেখানে মানবাধিকার যে একটা ছাপার অক্ষর মাত্র, তা আর বলে দেবার অপেক্ষা রাখে না।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শারীরিকভাবে ৯০% অক্ষম, জি এন সাইবাবা-কে আজ প্রায় ৬-৭ বছর ধরে মাওবাদী তকমা লাগিয়ে বন্দী করে রাখা হয়েছে। দীর্ঘ আইনী লড়াইয়ের পর মুম্বই হাইকোর্ট সাইবাবা সহ পাঁচজনকে নির্দোষ ঘোষণা করে। কিন্তু তাদের মুক্তি আটকানোর জন্য শনিবার ছুটির দিনে সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ বসানো হয় এবং সমস্ত মানবাধিকারকে ধূলোয় মিশিয়ে দিয়ে মুম্বই হাইকোর্টের আদেশের ওপর স্টে অর্ডার জারি করা হয়। পরবর্তীতে মুম্বই হাইকোর্টের মুক্তির আদেশকে বাতিল করে আবার নতুন করে শুনানীর নির্দেশ দিয়েছে। ৯০% শারীরিকভাবে অক্ষম এক অধ্যাপকের ওপর এই আদেশ বস্তুতঃ তার বেঁচে থাকার অধিকারের ওপরই এক প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে। জেল কাস্টডিতে এক অসহনীয় অবস্হার মধ্যে পড়ে অধ্যাপক সাইবাবা কার্যত মৃত্যুর দিন গুনছেন।
বেঁচে থাকার অধিকার, ন্যায় বিচার পাবার অধিকার মানুষের মৌলিক অধিকার। তা সে প্রধানমন্ত্রী হোন বা মাফিয়া ডন আতিক বা তার ভাই, যেই হোন না কেন – সবার ক্ষেত্রেই এই অধিকার প্রযোজ্য৷ কয়েকদিন আগে উত্তর প্রদেশের হাড়হিম করা এক ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। পুলিশ হেফাজতে থাকাকালীন, পুলিশী ঘেরাটোপের মধ্যেই, সাংবাদিকদের সাথে কথা বলার সময় আতিক বলে একজন মাফিয়া ও তার ভাইকে যেভাবে দুষ্কৃতীরা হত্যা করেছে, তা এককথায় নজীরবিহীন। পুলিশী বা জেল হেফাজতে যখন কোন বন্দী থাকেন, তার সম্পূর্ণ দায়িত্ব থাকে রাজ্য সরকারের এবং প্রশাসনের। পুলিশী ঘেরাটোপের মধ্যেই গুলি চালিয়ে একজনকে হত্যা করা হল, কিন্তু আশ্চর্যজনক ভাবে কোনো পুলিশের গায়ে গুলি লাগল না, কেউ আহত বা নিহত হলো না। এটা স্পষ্ট যে পুলিশের উপরের স্তরের যোগসাজশ ছাড়া এই হত্যা অসম্ভব। শুধু এই ঘটনাই নয়, উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের শাসনে এইরকম অসংখ্য ভূয়ো সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে, এখানে মানবাধিকারের ধারণা এক প্রহসনে পরিণত হয়েছে। যত বড় দুষ্কৃতীই হোক না কেন, বিনা বিচারে কাউকে সাজা দেওয়া এবং জীবন কেড়ে নেওয়ার অধিকার ভারতের সংবিধাণ কাউকে দেয়নি। আমরা এই ভূয়ো সংঘর্ষের ঘটনাগুলোর তীব্র নিন্দা করি।
শুধু উত্তর প্রদেশ বা গুজরাত নয়, পশ্চিমবঙ্গেও সংবিধান স্বীকৃত যে সকল অধিকার প্রত্যেক নাগরিকের পাওয়ার কথা, যেমন মতপ্রকাশের স্বাধীনতা – তা আজ লাঞ্ছিত, লুন্ঠিত। কবি ভারভারা রাও-এর কসাই কবিতা অবলম্বনে লিখিত একটি নাটক মঞ্চস্থ করতে গিয়ে রাজ্যের শাসকদলের দ্বারা আক্রান্ত হতে হলো নাট্যকার-পরিচালক নিরূপম ভট্টাচার্যকে। নাটকটি মঞ্চস্থ হবার পর গভীর রাতে তার বাড়িতে ঢুকে পরিচালকের বৃদ্ধ বাবা মা কে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ‘রিহার্সাল বন্ধ করে হনুমান পূজো করুন’, ‘রানাঘাটে থেকে এসব নাটক করা যাবে না’ – এমন সব ফতোয়াও জারি করা হয়েছে । রাত ১১-টা থেকে ২-টো পর্যন্ত এসব ঘটনা ঘটতে থাকে। নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অফিসাররা প্রথমে অভিযোগ নিতেই অস্বীকার করে, ‘এভাবে অভিযোগ লিখুন’, ‘ওভাবে অভিযোগ করা যায় না’ – এসব বলে পরিচালক নিরূপম ভট্টাচার্য-কে ক্রমাগত হেনস্থা করা হতে থাকে। পরে একটি মানবাধিকার সংগঠনের সাহায্য নিয়ে অভিযোগটি নথিভুক্ত করা হয়। কিন্তু এখনও পর্যন্ত শাসকদলের কেউ গ্রেফতার হয়েছে বলে জানা যায়নি। মতপ্রকাশের অধিকারের ওপর এইরকমভাবেই ধারাবাহিক আক্রমণ চলছে রাজ্য জুড়ে। এর কিছুদিন আগেই বেলেঘাটা অঞ্চলে বিদূষক নাট্যগোষ্ঠী তাদের নাটক মঞ্চস্থ করতে গেলে একই ঘটনা ঘটে। নাটক দলের কর্মীদের তৃণমূল আশ্রিত লুম্পেনরা শারীরিক নিগ্রহ করে নাটক বন্ধ করে দেয়। আসলে মূলধারার নাট্য সংস্কৃতির বদলে ভিন্নমতের নাট্যগোষ্ঠীর ওপর এই আক্রমণ আসলে ভিন্নমত পোষণের অধিকারের ওপর আক্রমণ।
এমন অনেক ঘটনা আছে, যা দিন রাত আমাদের রাজ্যে এবং দেশে ঘটে চলেছে। এই তালিকা প্রতিনিয়ত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে। মূল স্রোতের মিডিয়া এগুলোকে খবর করে না। যথার্থ সংবাদ পরিবেশনের থেকে হলুদ সাংবাদিকতাই আজ শ্রেয়। এদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা আজ তলানীতে। সারা বিশ্বে এই নিরীখে ভারত আজ ১৮০ নম্বর স্থানে।
তাই প্রতিবাদই আজ মানুষের একমাত্র অবলম্বন। যে যেখানে, সামাজিকভাবে যেখানেই থাকুক না কেন, সেই জায়গা থেকেই তাকে এই ভেঙে পড়া ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, সে চটকল শ্রমিকের মাইনে বৃদ্ধি হোক বা নয়া শিক্ষানীতির বিরুদ্ধেই হোক, প্রতিবাদ করাটাই আজ সময়ের দাবী।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার মে ২০২৩ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://www.indiatoday.in/world/story/india-human-rights-issues-us-report-antony-blinken-press-internet-freedom-religious-violence-2349328-2023-03-21 [Retrieved On: 02/06/2023]
