সাম্প্রতিক সময়ে কর্ণাটকে ঘটে যাওয়া হিজাব নিয়ে বিতর্ক আমরা কম বেশি জানি। স্কুল বা কলেজে হিজাব পরা যাবে না, এই মর্মে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে একটি নোটিশকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। এবং আমাদের মনে বিভিন্ন মত, ভাবনা এসেছে। অনেকগুলো বিষয় জড়িয়ে আছে বলেই হিজাব বিতর্ক শুধুমাত্র আইনি সমস্যা হিসেবে আমরা কেউই দেখতে পারছি না।
বিজেপি প্রায় এক দশক ধরে কেন্দ্রীয় ক্ষমতায় আসীন। এই সময়ে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী এজেন্ডা তারা প্রাণপণে প্রয়োগ করার চেষ্টা করে গেছে সমাজ এবং সাংস্কৃতিক পরিসরে। আমরা দেখেছি একের পর এক গুজব ছড়িয়ে মুসলিম হত্যা এবং এলাকা জুড়ে ধর্মীয় দাঙ্গা। এবং ধর্মীয় সংখ্যালঘু মানুষদের ক্রমশ আর্থ- সামাজিক ও রাজনৈতিক অধিকার খর্ব করার চেষ্টা হয়ে চলেছে নিরন্তর।
শুধুমাত্র ইসলাম, খ্রিষ্টান বা অন্য সংখ্যালঘু মানুষেরাই নয়, বিজ্ঞানকর্মী এবং কুসংস্কারবিরোধী ব্যক্তিবর্গের চোরাগোপ্তা হত্যা বিজেপি শাসনের একটি উল্লেখযোগ্য চরিত্র। মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে অবিরত। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নাকচ করা হচ্ছে। কাগজে কলমে গণতন্ত্রে থাকলেও আসলেই আমরা একনায়কতন্ত্রে বাস করছি। যেখানে সামাজিক অধিকার তো বটেই, রাজনৈতিক অধিকার যেকোনো প্রকারে নস্যাৎ করা হয়ে চলেছে। বহু বৈচিত্র্যের দেশে সমসত্ব নীতি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আইনের ক্ষেত্রে চলছে কখনো ইউনিফর্ম সিভিল কোড, রাজনীতির ক্ষেত্রে লাগু করার চেষ্টা চলছে এক পার্টিরাজ, আর অর্থনীতির ক্ষেত্রে সাম্রাজ্যবাদ, বড় কর্পোরেটদের অবাধ বিচরণ।
ইউনিফর্ম সিভিল কোডের দাবী বিজেপি বহুদিন ধরে করে আসছে। প্রশ্ন হলো আমাদের দেশে যেখানে বহু ধর্ম, বহু সংস্কৃতির সহাবস্থান সেখানে ইউনিফর্ম সিভিল কোড কতটা যুক্তিযুক্ত? আমাদের স্বীকার করে নেওয়া ভালো যে আমাদের শাসন ব্যবস্থায় ধর্ম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। জনপ্রতিনিধি নির্বাচন থেকে সরকারি নীতি নির্ধারণ অনেকটাই ধর্মভিত্তিক। সংবিধানে ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থার কথা বলা হলেও, তা কখনওই মানা হয় না। ফলে অন্যদিক থেকে দেখলে ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ভারতের ধর্মনিরপেক্ষতা লাগু হবে এমনটা আশা করাই যায়। সবার জন্য একই রকম শাসন বিধি, একই আইন কার্যকরী হবে এটাই ইউনিফর্ম সিভিল কোড থেকে কাম্য। কিন্তু এখানে একটা কথা মনে রাখা দরকার, বিজেপির ইউনিফর্ম সিভিল কোডের ওকালতির কারন ধর্মনিরপেক্ষতা লাগু করা নয়। বরং উল্টোটাই। সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় নীতি রীতি সংখ্যালঘুর ওপর চাপিয়ে দেওয়াই লক্ষ্য এখানে। বিজেপি হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট দল। তাঁর ফ্যাসিবাদ সে কায়েম করেছে রাষ্ট্রনীতির প্রতিটি জায়গায়। এখানে কোনো প্রতিবাদী স্বর গ্রাহ্য হবে না। অন্যথা মানা হবে না। বহুত্ববাদী গণতন্ত্রের বিপরীতে বিজেপির অবস্থান। ফলে বিজেপি যদি ইউনিফর্ম সিভিল কোড চালু করে, তা ধর্মীয়, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিসরে এক ধর্ম, এক সরকার, এক ভাষা, এক আইন চালু করার ছক। বহুস্বর কে অগ্রাহ্য করে সমস্বত্ব এক জঙ্গি জাতীয়তাবাদ প্রচার করে, আসলে ভারতের বহুত্ববাদী গণতান্ত্রিকবোধ কে নস্যাৎ করার এক পরিকল্পনা।
হিজাব বিতর্ক আসলে ইউনিফর্ম সিভিল কোড এবং প্রত্যেকের ধর্ম মানার বুনিয়াদী অধিকারকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা যদি সময়কাল হিসেব করি, দেখব সংখ্যালঘু বিশেষত মুসলিমদের গণশত্রু হিসেবে খাড়া করার একটা চেষ্টা আমরা দেখেছি। আমরা দেখেছি তাঁদের এনআরসি বা সিএএ ইত্যাদি আইন সংশোধন করে বেনাগরিক করার ষড়যন্ত্র। আর্থসামাজিক স্তরে তাঁদের এককোণে ঠেলে দিয়ে সংখ্যাগুরুর আধিপত্য স্থাপন করার চেষ্টা বহুদিন ধরেই চলেছে। অর্থনৈতিক ভাবে যদি ব্যাখা করার চেষ্টা করা যায়, দেখব আসলে বিজেপি দুনিয়া জোড়া সাম্রাজ্যবাদের সংকটকে একরকম ভাবে সমাধান করা চেষ্টা করছে সাম্রাজ্যবাদের স্বার্থে। বিজেপির উদ্দেশ্য ভারতের বিশাল জনসংখ্যাকে পুঁজিবাদের কাজে লাগানো এবং দুনিয়ার যাবতীয় পণ্যের কারখানা হিসেবে ভারতকে দেখানো। এবং তাঁর জন্য কর্মক্ষম জনগণকে শিক্ষিত করা ও অল্প পয়সায় শিক্ষিত শ্রমিক সরবরাহ করা দরকার। ফলত ভারতের বিশাল বৈচিত্র্য ম্যানেজ করা বিজেপির লক্ষ্য। এছাড়াও এক বিপুল বাজার হিসেবেও ভারতকে হাজির করানো হচ্ছে। বিজেপি তাই এক দিকে সামাজিক কল্যাণের জায়গা থেকে সরকারি দায় সরিয়ে গোটা দেশ জুড়ে পরিকাঠামো তৈরি করার ভার নিয়েছে। মানে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তকে জুড়ে দেওয়া হচ্ছে বড় রাস্তা তৈরি করে, বড় বড় কারখানার হাব তৈরি করা হচ্ছে। শ্রমিক আইন লঘু করা হচ্ছে। মালিক পক্ষের হাত শক্ত করা হচ্ছে শ্রমিক সুরক্ষা নাকচ করে। পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিজেপির এজেন্ডা নয়। উল্টে বন জমি ধংস করে, জল দূষিত করে শিল্পকারখানা তৈরি হচ্ছে। হচ্ছে অবাধ উচ্ছেদ। ফলে স্বাভাবিক ভাবেই দেশকে বড় শিল্পপতিদের হাতে বেচে দেওয়া, সস্তা শ্রমিক সরবরাহ এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা ছাড়া বিজেপির মূল উদ্দেশ্য আর নেই। তার জন্য কখনো যুদ্ধ যুদ্ধ খেলা, কখনো লোক খেপিয়ে দাঙ্গা হাঙ্গামা করা, আবার কখনও দেশ প্রেমের জিগির তুলে স্বাধীন মতপ্রকাশের জায়গা সংকুচিত করা হচ্ছে। মুসলিম বিরোধিতা বিজেপির কৌশলগত অবস্থান। সংখ্যালঘুকে যতভাবে হেনস্থা করা যায়, সংকটে ফেলা যায় ততই দেশের অন্যান্য অংশ যারা গণতন্ত্রে বিশ্বাসী, মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে তাঁদের বুঝিয়ে দেওয়া যায় যে বিজেপির ফ্যাসিবাদী সরকার যা চাইবে তাই হবে। অন্যথা হলেই জেল গারদ হবে ঠিকানা।
তবে হিজাব বিতর্কের পরে পরেই আমরা দেখলাম মহারাষ্ট্র সরকার কোনরকমের ধর্মীয় পোশাক বা চিহ্ন ধারণ নিষিদ্ধ করল শিক্ষাপ্রতিষ্ঠানে। অর্থাৎ একরকম ভাবে মুসলিম বা অন্য সংখ্যালঘুদের ওপর যা কিছু নিদান চাপানো প্রাতিষ্ঠানিক বা আইনি রূপ পেল। তবে এই ধরনের আক্রমনের প্রতিরোধ হবে এবং হচ্ছেও। প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রতিরোধের বা প্রতিবাদের ভেতরের কথা কি?
অনেকেই হিজাবের ওপর নিষেধ চাপানোকে মনে করছেন মেয়েদের নিজের ইচ্ছে বা অনিচ্ছের ওপর জোর খাটানো। তারা কোন পোশাক পরবেন, কোথায় যাবেন, কি করবেন এটা সম্পূর্ণ ভাবে তাঁদের নিজস্ব ব্যাপার। এর ওপর নাক গলানো মানে প্রাথমিক ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ এবং পিতৃতান্ত্রিক জোর খাটানো। এছাড়াও যে ভাবে হিজাবের সাথে শিক্ষার অধিকারকে জুড়ে দেওয়া হয়েছে, তাতে এটা মনে হতেই পারে যে, শিক্ষার অধিকার খর্ব করাই উদ্দেশ্য। আমরা মনে করি শিক্ষার অধিকার এবং যা কিছু পোশাক পরার অধিকার বা আরও স্পষ্ট করে বলতে গেলে ধর্মীয় চিহ্ন বহন করার অধিকারকে সুপরিকল্পিত ভাবে গোলানো হয়েছে এখানে। শিক্ষা বুনিয়াদী অধিকার। এর সাথে অন্য কোন কিছুর মিশ্রন চলে না। হিজাব বা পাগড়ি বা হাতের তাগা কোন কিছুই শিক্ষার বাধা হতে পারে না। এছাড়া ধর্মের চিহ্ন যদি বর্জন করতেই হয়, তার জন্য দীর্ঘকালীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেই সম্ভব। সরকার ওপর থেকে আদেশনামা চাপিয়ে কাউকে জোর করতে পারে না।
আমাদের দেশে আগেই বলা হয়েছে ধর্ম জীবনের সাথে জুড়ে থাকে। আমরা জানি অনেক ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিই শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা নেয়। আল আমিন মিশনের মাদ্রাসা থেকে রামকৃষ্ণ মিশন মনে করা যাক। রাষ্ট্র তাঁর শাসন কাঠামোয় যত বেশি ধর্ম বিচ্ছিন্ন হবে ততই মঙ্গল। এবং অকস্মাৎ জনগন ধর্ম থেকে দূরে সরে আসবে এমনটা আশা করা যায় না। তবে কর্ণাটকের ঘটনা যদি আমাদের হিজাবের পক্ষে অবস্থান নিতে বাধ্য করে সেটা দুর্ভাগ্যজনক। হিজাব ধর্মীয় এবং পিতৃতান্ত্রিক অনুশাসন থেকে আসা চর্যা। কোন মেয়ের কাছেই হিজাব কেন পরতে হবে তাঁর যুক্তিযুক্ত ব্যাখা নেই। ব্যক্তিগত অধিকারের বহিঃপ্রকাশ হিজাব নয়। হিজাব একটি ধর্মীয় চারণ। পিতৃতন্ত্র তাঁর নিজের মতো করে মেয়েদের ওপর নিজেদের শাসন কায়েম করার একটি পন্থা হিসেবে হিজাব চালু করেছে। ফলে শিক্ষার অধিকার এবং হিজাব পরার অধিকার এক নয়। আমাদের শিক্ষার দাবীকে সামনে নিয়ে আসতে হবে। পিছিয়ে পড়া কোন অনুশাসন শিক্ষার দাবীর বিকল্প হতে পারে না।
বিজেপি তার মতো করে হিন্দুত্ববাদী যুক্তির মারপ্যাঁচে আমাদের জড়িয়ে রাখছে। শিক্ষা অথবা হিজাব এই দুই অসম দাবী হাজির করছে আমাদের সামনে। যুক্তির গোলকধাঁধায় আমরা ঘুরে মরব না, ইসলামবিরোধিতার জিগিরে ভুলে বিজেপির হাত শক্ত করব না, সচেতন ভাবে প্রতিরোধই একমাত্র পরিত্রাণের পথ এটাই একমাত্র মনে রাখার কথা।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার ফেব্রুয়ারি ২০২২ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://www.ndtv.com/india-news/hijab-row-ban-on-protests-near-bengaluru-schools-colleges-extended-for-2-weeks-2780244 [Retrieved On: 07/05/2023]
