লক্ষ্মীর ভাণ্ডার – মানুষের অধিকারবোধকে ধ্বংস করার পরিকল্পনার একটা অংশ মাত্র

যেহেতু মানুষের কর্মসংস্থানের সুযোগ কমছে, মানুষ জীবিকা হারাচ্ছেন, ফলে এক বৃহৎ সংখ্যক জনগণের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। তাই বিভিন্ন রকম ডোল বা অনুদানের মাধ্যমে গরীব মানুষের কাছে কিছু কিছু অর্থ পৌঁছে দেওয়া এবং তাদের ক্রয় ক্ষমতাকে ধরে রাখার উদ্দেশ্যে গোটা পৃথিবী জুড়ে এই পলিসি চলছে

গত বিধানসভা ভোটের আগে মানুষের, বিশেষ করে মহিলাদের মন জয় করতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আবার ক্ষমতায় আসলে রাজ্যের মহিলাদের মাসে ৫০০ টাকা করে সরকারী কোষাগার থেকে দেওয়া হবে। তফশিলি জাতি ও অন্যান্য উপজাতিভুক্ত পরিবারের মহিলারা মাসে ১০০০ টাকা করে পাবেন। সরকারী কর্মচারী এবং পেনশনভোগী বাদ দিয়ে ২৫- ৬০ বছর বয়সের সমস্ত মহিলারাই এই সুবিধা পাবেন। এই প্রকল্পটার নাম দেওয়া হয় “লক্ষীর ভান্ডার”। ২০২১ সালের ভোটে জেতার পর সেই বছরই সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পটি শুরু হয়েছে।

শেষ তথ্য পাওয়া অবধি ১ কোটি ৮০ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। রাজ্য সরকার নাকি আরও ৮০ লক্ষ মহিলাকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসার লক্ষ্যমাত্রা রেখেছে। দুয়ারে সরকার এর ক্যাম্পগুলোতে সারা রাজ্য জুড়ে লক্ষীর ভান্ডারে নাম লেখানোর লাইনে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে আহত হওয়ার ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই প্রকল্পকে ঘিরে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলগুলির মধ্যে তরজাও চলছে বেশ কিছু দিন ধরে। বিরোধীদের বক্তব্য মানুষের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ যে মহিলারা মাত্র ৫০০ টাকার জন্য ভিখারীর মতো হয়ে গেছেন। জনগণকে ভিক্ষা দিয়ে তাদেরকে নিজেদের তাঁবে রাখতে চাইছে তৃণমূল। অন্যদিকে তৃণমূল বলছে, এই ধরনের সামাজিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের হাল ফিরিয়ে দিয়েছে এই সরকার। তাই লক্ষীর ভান্ডার নিয়ে এত উৎসাহ মহিলাদের মধ্যে। কিন্তু লক্ষীর ভান্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের (যেমন কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী ইত্যাদি) মাধ্যমে যদি সমস্ত যোগ্য রাজ্যবাসীকে সরকারী অনুদান দিতে হয়, তাহলে সেই পরিমাণ অর্থ কি আছে সরকারী কোষাগারে? মানুষ হয়ত সেটা বুঝতে পারছে, আর সেই কারণেই লক্ষীর ভান্ডারের লাইনে এতো তাড়াহুড়ো, পাছে টাকা পাওয়ার আগেই না শেষ হয়ে যায়।

যুক্তি দিয়ে দেখতে গেলে লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী ইত্যাদি কোনোটাই ভিক্ষা নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের ব্যক্তিগত টাকা থেকে বা দলের কোষাগার থেকে এই অনুদান দিচ্ছেন না। সরকারী অর্থে দিচ্ছেন। যেটা জনগণের করের টাকা। তাহলে জনগণের টাকা জনগণের হাতে গেলে তা ভিক্ষা হয় কী করে?

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জনসভাসহ বিভিন্ন জায়গায় যেভাবে এইসব প্রকল্পের প্রচার করেন এবং মানুষের জন্য ‘এতকিছু’ করে দেওয়ার পরেও কেন কিছু মানুষ আরও দাবীদাওয়া জানাচ্ছেন, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, তাতে বোঝা যায় যে তিনি নিজে এগুলোকে একধরণের ভিক্ষা দেওয়ার মতোই মনে করেন।

আবার অন্যদিকে এই প্রকল্পগুলোকে জনগণের অধিকার হিসেবে চিহ্নিত করাও কঠিন। সাধারণত অধিকার তাকেই বলা হয় যা “রাষ্ট্র মানুষকে দিতে দায়বদ্ধ” বলে পৃথিবীর অধিকাংশ দেশেই স্বীকৃত। যেমন জীবিকার অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের অধিকার ইত্যাদি। যে অধিকার না থাকলে মানুষ তার জন্য সংগ্রাম করে। আর থাকা অবস্থায় কেউ কেড়ে নিতে চাইলে তা রক্ষার জন্য লড়াই করে। কিন্তু এই কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী বা লক্ষীর ভান্ডার যখন ছিল না তখন কি এইসবের দাবীতে কোনও আন্দোলন হয়েছিল? বা আজ যদি এই প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে এগুলো পুনরায় চালুর দাবীতে বিশাল কোনও আন্দোলন হবে বলেও মনে হয় না। কারণ জনমানসে সার্বজনীনভাবে এগুলো ‘অধিকার’ বলে স্বীকৃত নয়।

তবে আসল প্রশ্নটা হলো, এই সমস্ত প্রকল্প সাধারণ মানুষের জীবনধারণে আদৌ কোনও উন্নতি ঘটাতে পারছে কিনা।

বহু বছর ধরেই পশ্চিমবঙ্গের অর্থনীতির হাল ক্রমশ খারাপ হয়েছে। সরকারী চাকরি নেই বললেই চলে। সংগঠিত শিল্পে কাজের সুযোগ কমে গেছে। অধিকাংশ মানুষকেই ক্ষুদ্র ব্যবসা, পরিবহন এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্রে প্রবল অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে কোনোরকমে জীবনধারণ করতে হচ্ছে। ৩৪ বছরের সিপিএম আমলের অবস্থা ১১ বছরের তৃণমূল শাসনে কিছুই বদলায়নি। উপরন্তু, বিগত কয়েক বছরে করোনা ভাইরাসের বিঞ্জাপন লকডাউনের ও অজুহাতে কর্মসংকোচনের ফলে যে পরিমাণ বেকারত্ব এবং অর্ধ- বেকারত্ব বেড়েছে, তাতে বেশিরভাগ সাধারণ মানুষই এখন আর্থিক সঙ্কটের মুখে।

কৃষিতে বিপুল উন্নতির ‘গল্পের’ পরেও গ্রামবাংলা থেকে লাখ লাখ তরুণকে ভারতের নানা রাজ্যে জনমজুরি খাটতে যেতে হয়। তথ্য-প্রযুক্তি শিল্পের বিকাশের ঢালাও ‘প্রতিশ্রুতির’ পরেও মধ্যবিত্ত পরিবারের হাজার হাজার ছেলেমেয়েদের ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ইত্যাদি জায়গায় চাকরির খোঁজে যেতে হয়।

সিপিএম আমলে কৃষক উচ্ছেদ করে, কৃষিজমি দখল করে জলের দরে টাটা-সালেমদের হাতে তুলে দিয়ে ‘উন্নয়নের’ নাটক করা হয়েছিল। কিন্তু জনগণ সহজেই সেই ‘উন্নয়নের’ নাটকের আসল স্বরূপ ধরে ফেলেন । হাজার হাজার একর উর্বর কৃষিজমি দখল করে হাজার হাজার কৃষিজীবী কৃষির ওপর অপ্রত্যক্ষভাবে নির্ভরশীল মানুষের জীবিকা কেড়ে নিয়ে যে কারখানা তৈরী হয় সেখানে কাজ হারানো মানুষদের দশভাগের এক ভাগ লোকেরও কর্মসংস্থান হয় না। তাও বাইরে থেকে আসা দক্ষ শ্রমিকরাই সেখানে বেশি কাজ পায়। তৃণমূলের শাসনে কর্মসংস্থানের হাল দিনে দিনে আরও করুণ হয়েছে। মমতা মানুষের মধ্যে কর্মসংস্থানের অভাবজনিত ক্ষোভকে প্রশমন করার জন্য বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে অনুদানের রাজনীতি শুরু করলেন। একদিকে সরকারী অর্থে নানারকম অনুদান প্রকল্প দিয়ে বহু মানুষকে তুষ্ট করে রাখা হয়। আর অন্যদিকে যাঁরা চাকরির দাবীতে আন্দোলন করছেন সেইসব যুবক-যুবতীদের ভাগ্যে জোটে পুলিশের লাঠি, একের পর এক মামলা আর জেলের গরাদ। সেই সঙ্গে এই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের দূর্নীতি ও কাটমানির মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ উপার্জনের সুযোগ করে দেওয়া হচ্ছে।

শুধু এই রাজ্যে নয়, সারা পৃথিবী জুড়েই নানা দেশে, এমনকি ভারতেও বহু রাজ্যে, শাসকশ্রেণী এই ধরনের স্টিক এ্যান্ড ক্যারট বা লাঠি ও মূলোর কৌশল নিয়েছে জনগণের ক্ষোভকে দমিয়ে রাখার জন্য। যতদিন যাচ্ছে উৎপাদন ব্যবস্থা প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে, স্বাভাবিকভাবেই মানুষের কর্মসংস্থানের সুযোগ কমছে। উপরন্তু, বেশিরভাগ নতুন কাজ এখন পরিষেবা ক্ষেত্রে (সার্ভিস সেক্টর)। ফলে সমাজে এখন পরিষ্কারভাবে এক শ্রেণীর সৃষ্টি হয়েছে যাদের কাজ হচ্ছে স্বল্পমূল্যে মালিক শ্রেণীকে পরিষেবা প্রদান, অর্থাৎ দাসত্ববৃত্তি করা। ফলে একদিকে বেকারত্ব আর অন্যদিকে দাসত্ববৃত্তির মাঝে টিকে থাকাই দুষ্কর হচ্ছে শ্রমিক শ্রেণীর। এদিকে যে বিপুল পরিমাণ পণ্য উৎপাদিত হচ্ছে, তা বিক্রির জন্য বাজারের প্রয়োজন। কিন্তু যেহেতু মানুষের কর্মসংস্থানের সুযোগ কমছে, মানুষ জীবিকা হারাচ্ছেন, ফলে এক বৃহৎ সংখ্যক জনগণের ক্রয় ক্ষমতাও কমে যাচ্ছে। তাই বিভিন্ন রকম ডোল অনুদানের মাধ্যমে বা গরীব মানুষের কাছে কিছু কিছু অর্থ পৌঁছে দেওয়া এবং তাদের ক্রয় ক্ষমতাকে ধরে রাখার উদ্দেশ্যে গোটা পৃথিবী জুড়ে এই পলিসি চলছে। আজ ইউরোপের দেশগুলোতে ইউনিভার্সাল বেসিক ইনকাম বলে একটা দাবিও উঠেছে, যাতে বলা হচ্ছে যে প্রত্যেক পরিবারকে রাষ্ট্র মাসিক একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে দেবে। আত্মমর্যাদা নিয়ে শ্রম করে জীবিকা নির্বাহ করার পরিবর্তে ভর্তুকির ওপর নির্ভরশীল এক জীবনে মানুষকে অভ্যস্ত করে দেওয়া, অধিকারবোধহীন এক পরনির্ভরশীল জীবে মানুষকে রূপান্তরিত করার চেষ্টা ছাড়া আর কিছু নয় এটা। তাই শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি, কেরল, উড়িষ্যা সহ দেশের প্রত্যেকটি রাজ্যেই এই রকম সব ডোল প্রকল্পের ছড়াছড়ি। ছিটেফোঁটা অনুদানের জন্য মানুষকে লাইনে দাঁড় করিয়ে কামড়াকামড়ি করতে অভ্যস্ত করানো হচ্ছে। মানুষের মধ্যে সংগ্রাম করে অর্জন করবার চেতনাকে ধ্বংস করে ফোকটিয়া পাওয়ার মানসিকতাকে বিকশিত করার চেষ্টা চলছে। চরম অভাব ও দারিদ্র্যের জায়গা থেকে বহু মানুষ বাধ্য হচ্ছেন এই সব প্রকারের জন্য লাইনে দাঁড়াতে। কিন্তু এটা বোঝা দরকার যে এইধরনের প্রকল্প কিছু মানুষকে জীবনধারণে সাময়িক কিছু সুবিধা করে দিতে পারে, দীর্ঘমেয়াদী জীবনযাত্রার মানের পরিবর্তন করতে পারে না এই সমস্ত প্রকল্প। তার জন্য দরকার নিশ্চিত কর্মসংস্থান, যা দৃঢ় করে মানুষের অধিকারবোধকে।

তাই যে সব মানুষ বাধ্য হয়ে এইসব অনুদান প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাঁরা ভিক্ষা করছেন বলে তাঁদের ছোট করা যেমন উচিত নয়, ঠিক তেমনই এইসব অনুদানের মাধ্যমে জনগণের জীবনের কোনও মূলগত পরিবর্তন যে হবে না তাও খুব স্পষ্ট করে বুঝে নেওয়া দরকার। রুটি-রুজির দাবীতে, কর্মসংস্থানের দাবীতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবী।


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার জুন ২০২২ সংখ্যায়

Leave a Reply