পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙ্গিনা এখন সরগরম। নির্বাচিত বিধায়ক নৌশাদ সিদ্দিকী বিগত ২০-২৫ দিন ধরে জেলবন্দী।* তৃণমূল কংগ্রেস দলের অনেক বিধায়ক জেলে আছেন ঠিকই, কিন্তু তাঁরা গ্রেফতার হয়েছেন বিভিন্ন দুর্নীতির মামলায়। সেখানে নৌশাদ সিদ্দিকী জেলে আছেন রাজনৈতিক সংঘর্ষের মামলায়। তাঁকে অন্য আরো কেসে শোওন অ্যারেস্ট করা হয়েছিল। শুধু নৌশাদ সিদ্দিকী নয়, তাঁর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) এর রাজ্য কমিটির বেশ কয়েকজন সদস্য সহ প্রায় জনা কুড়ি কর্মীকে কলকাতার হেয়ার স্ট্রিট থানা এবং দক্ষিণ ২৪ পরগণার লেদার কমপ্লেক্স থানার বিভিন্ন কেসে জেলবন্দী করে রাখা হয়েছে।
আপাতদৃষ্টিতে দেখলে ঘটনা হল, গত ২০ শে জানুয়ারি ISF-এর প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে প্রথমে ভাঙ্গড় অঞ্চলে তৃণমূল কংগ্রেস ও ISF-এর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং তার প্রতিবাদে ISF-এর কর্মী সমর্থকরা কলকাতার ধর্মতলা চত্বরে রাস্তা অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। তার ভিত্তিতে এই মামলাগুলি রুজু হয়। কিন্তু এটা তো শুধু উপরের ঘটনা। আসল বিষয় হল এই বছরের পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে এলাকা দখল নেবার জন্য ভোটবাজ দলগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও কোথাও তৃণমূলের নিজেদের মধ্যেই গোষ্ঠী সংঘর্ষ ঘটছে, কোথাও তৃণমূলের সাথে BJP বা CPM বা কংগ্রেসের সংঘর্ষ হচ্ছে। বোমা বিস্ফোরণ, বাড়ি উঠে যাওয়া, মানুষ খুন হওয়া, বোমা বাঁধতে গিয়ে হাত পা উড়ে যাওয়া রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকজন শিশুও বোমার বলি হয়েছে, প্রাণ হারিয়েছে। পঞ্চায়েতগুলো এখন গ্রামীণ ক্ষমতার এক বড় কেন্দ্র হয়ে উঠেছে। গ্রামীণ রাজনীতির কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নির্ভর করে পঞ্চায়েত কার দখলে আছে, সেটার ওপর। মূলত সাম্রাজ্যবাদ নির্দেশিত এবং বিশ্বব্যাংক, IMF-সহ সাম্রাজ্যবাদী সংস্থাগুলো দ্বারা ফান্ডেড বিভিন্ন প্রকল্প এবং দান খয়রাতির মারফত এখন পঞ্চায়েতগুলোতে টাকার এক বিশাল স্রোত প্রবাহিত হয়, যার এক বড় অংশই লুঠপাট হয় এবং সেই অর্থের বলে বলীয়ান হয়ে গ্রামীণ অর্থনীতিতে এক নতুন ক্ষমতাশালী পরজীবী শ্রেণীর উৎপত্তি ঘটেছে। এই ক্ষমতাশালী শ্রেণী সময়ের সাথে সাথে আরও বেশি বলবান হয়েছে এবং গ্রামীণ অর্থনীতিতে দন্ডমুন্ডের কর্তা হিসেবে উঠে এসেছে। কৃষিতে সাম্রাজ্যবাদী ও কর্পোরেট অনুপ্রবেশ ও আগ্রাসনের প্রধান বাহন হিসেবে এরাই কাজ করছে এবং কৃষি উপকরণ, সরঞ্জাম ও কৃষি পণ্য কেনাবেচা ও মজুদ করার ব্যবসার নিয়ন্ত্রণও এদের হাতে। এরা সবসময় শাসক দলের সাথে জুড়ে থাকে, শাসক পাল্টালে এরাও ঠিক দল পাল্টে নতুন শাসক দলে যুক্ত হয়ে যায়। যদি দেখা যায় যে ১৯৯৮ সাল থেকে প্রতিটা পঞ্চায়েত ভোট রক্তাক্ত হয়েছে এবং হিংসার মাত্রা প্রতি পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে। আমরা যদি খেয়াল করি যে CPM-এর শাসনের অবসানের সূচনাও কিন্তু ২০০৮ সালের পঞ্চায়েত ভোট থেকেই শুরু হয়েছিল। সেই জন্যই পঞ্চায়েত দখলে রাখার জন্য সংসদীয় দলগুলো সবচেয়ে মরীয়া এবং তাদের হিংস্রতার মাত্রা তথাকথিত জঙ্গি সংগঠনগুলোকেও লজ্জায় ফেলে দেবে।
গত বিধানসভা ভোটের আগে ISF দল তৈরি হয়, নামে ধর্মনিরপেক্ষ (সেকুলার) বলে পরিচয় দিলেও তাদের টার্গেট ভোটার হল মুসলিম জনগোষ্ঠীর মানুষেরাই। আবার RSS-BJP-র হিন্দুত্ববাদী আক্রমণ এবং মুসলিম বিদ্বেষকে হাতিয়ার করে তৃণমূলের লক্ষ্যবস্তুও হল এই রাজ্যের প্রায় ৩০% মুসলিম ভোটার। ফলে ISF-এর প্রভাব প্রতিপত্তি বাড়ার অর্থ হল তৃণমূলের ভোট কমা, তাই শুরু থেকেই তৃণমূলের সাথে ISF-এর বৈরিতামূলক সম্পর্ক। বিধানসভা ভোটে ISF বামফ্রন্টের সাথে জোট করে। তাদের নেতা আব্বাস সিদ্দিকী অনেক হুঙ্কার দিলেও নির্বাচনে ISF খুব বেশি সুবিধা করতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও যেখানে CPM কংগ্রেস খাতাই খুলতে পারেনি, সেখানে নতুন দল হিসেবে প্রথম বার ভোটে দাঁড়িয়ে ভাঙ্গড় বিধানসভা কেন্দ্র থেকে নৌশাদ সিদ্দিকী ISF-এর হয়ে বিজয়ী হয়। বিশেষ করে দক্ষিণ ও উত্তর ২৪ পরগণার বিভিন্ন অঞ্চলে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বর্তমানে ISF-ই সামনে উঠে আসছে। পঞ্চায়েত ভোটে ঐ অঞ্চলগুলো কার নিয়ন্ত্রণে থাকবে তাই নিয়ে এখন দুই দলের মধ্যে সংঘর্ষ চলতে থাকবে। দুই পক্ষই এই লড়াইয়ে সশস্ত্র। তবে স্বাভাবিকভাবেই অর্থের যোগান বেশি থাকায় তৃণমূলের সামরিক বাহিনী ও শক্তি বেশি। সাথে সাথে সরকার যেহেতু তাদের ফলে পুলিশ ও প্রশাসনকে ইচ্ছা মত ব্যবহারের সুযোগ তাদের রয়েছে। সেই সুবিধাকে ব্যবহার করেই নৌশাদ সহ ISF নেতা কর্মীদের জেলবন্দী করে রেখেছে। এবং তৃণমূলের গুন্ডা নেতা আরাবুল তার বাহিনী নিয়ে ভাঙ্গড় দাপিয়ে বেড়াচ্ছে।
ফলে আমরা অবশ্যই নৌশাদ সিদ্দিকী সহ ISF-এর জেলবন্দী নেতা কর্মীদের মুক্তি দাবী করব, কিন্তু সাথে সাথে ভোটবাজ দলগুলোর মধ্যেকার এলাকা দখলের লড়াইয়ের বিরোধিতা করব। তৃণমূলের রাজনীতি আজ মানুষের কাছে পরিষ্কার, কিন্তু ISF কি রাজনীতি বহন করছে তা তারা পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরুক। গত দুই বছরে তাদের যে অনুশীলন দেখা গেছে তাতে অন্য সংসদীয় দলগুলোর থেকে তাদের আলাদা করে দেখার মতো কিছু পাওয়া যায়নি। শাসকশ্রেণীর একের পর এক জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে তাদের সেই রকম কোন আওয়াজ নেই। শুধুই মুসলিম জনগোষ্ঠীর মানুষের ক্ষোভ, বঞ্চনা, নিরাপত্তাহীনতা এবং ধর্মীয় ভাবাবেগকে নির্বাচনী বৈতরণী পার হবার জন্য কাজে লাগানোর মানসিকতা নিয়ে কোন প্রগতিশীল রাজনীতি হয় না।
* লেখাটা প্রকাশ হওয়ার সময় তিনি জেলবন্দী ছিলেন। ৪২ দিন জেলে কাটানোর পর উনি সম্প্রতি ছাড়া পেয়েছেন।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://www.dnaindia.com/india/report-panchayat-poll-violence-centre-says-first-report-sketchy-asks-bengal-govt-to-send-another-2615820 [Retrieved On: 20/03/2023]
