দশকের পর দশক ধরে যেভাবে চা শ্রমিকদের বারবার ঠকানো হচ্ছে

চা উৎপাদনের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান দ্বিতীয়, চীনের ঠিক পরেই। অথচ নিজেদের জন্য দুই বেলার খাবার জোটাতে দার্জিলিং-এর চা বাগানের শ্রমিকরা হিমশিম খাচ্ছেন। ঔপনিবেশিক আমলের শ্রম ব্যবস্থার শিকলে আবদ্ধ এই শ্রমিকরা যৎসামান্য মজুরি পান। জমির উপর তাঁদের কোনো অধিকার নেই, এবং বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা তাঁদের কাছ অবধি পৌঁছায় না। দার্জিলিং, আলিপুরদুয়ার, কার্শিয়াং আর জলপাইগুড়ি জুড়ে ২৮৩-টা চা বাগানের সাথে যুক্ত ৩৫০,০০০-এর বেশি শ্রমিকদের জীবনযাত্রার মানের উন্নতির জন্য চা-সংস্থাগুলোর উপর বৈধ চাপ সৃষ্টি করার ব্যাপারে ইউনিয়নগুলো কোনোদিনই তাঁদের পর্যাপ্ত পরিমাণে একত্রিত করতে পারেনি। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ২০২২ সালের একটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, “চা শ্রমিকদের অত্যন্ত দুর্দশাগ্রস্ত কাজের পরিবেশ এবং জীবনযাত্রার অমানবিক পরিস্থিতি ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের দ্বারা প্রবর্তিত চুক্তিবদ্ধ শ্রমের কথা মনে করিয়ে দেয়।” এমনকি এই প্রতিবেদনে এটাও উল্লেখ করা হয়েছিল যে দার্জিলিং চা বাগানে দৈনিক মজুরি “দেশের যে কোনো শিল্প-শ্রমিককে প্রদান করা সর্বনিম্ন মজুরিগুলোর মধ্যে একটা।”

চা বাগানের শ্রমিকদের জন্য একটা ন্যূনতম মজুরি নির্ধারণের ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছার একটা অভাব লক্ষ্য করা যায় পরপর রাজ্য সরকারগুলোর মধ্যে। ২০২১ সালে শ্রমিকদের মজুরি আগের থেকে মাত্র ২৬ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল ২০২ টাকা। শ্রমিকদের কথা অনুযায়ী দৈনিক ন্যূনতম ১৬-২২ কেজি চা পাতা তুললে এই মজুরি পাওয়া যায়, এবং মহিলা ও পুরুষ উভয় শ্রমিকের ক্ষেত্রেই এই মজুরির পরিমাণ সমান। ২০২১ সালে তামিলনাড়ুর চা বাগানের শ্রমিকদের মজুরি ৩৪৫ টাকা থেকে সংশোধিত করে ৪২৫.৪০ টাকা করা হয়েছিল, যেটা উত্তরবঙ্গের শ্রমিকরা যা পেয়েছেন তার প্রায় দ্বিগুণ। এই অঞ্চলের শ্রমিকরা ভালো মজুরির প্রত্যাশায় ইতিমধ্যেই কয়েক বছর ধরে বাইরে চলে যাওয়া শুরু করেছেন। ২০০০ সালের গোড়ার দিক থেকে অত্যন্ত কম মজুরি এবং বেশ কয়েকটা চা বাগান বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরুষ জনসংখ্যার বিরাট মাত্রায় বহির্গমন এই অঞ্চলের আর্থ-সামাজিক গতিশীলতাকে লক্ষ্যণীয়ভাবে বদলে দিয়েছে। মহিলাদেরকে অতীতে মাঠের কাজে নামিয়ে দেওয়া হয়েছিল এবং পদ্ধতিগতভাবে পদোন্নতি থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। কিন্তু পুরুষরা যখন জীবিকার সন্ধানে অন্য স্থানে চলে যাওয়া শুরু করলেন তখন মহিলারা দক্ষ শ্রম হিসাবে কারখানায় প্রবেশ করতে শুরু করেছিলেন।

বর্তমানে চা শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের ৫০%-এরও বেশি হলেন মহিলা শ্রমিক যাঁরা কম মজুরিতে বিপজ্জনক কাজের পরিস্থিতির মধ্যে কাজ করে চলেছেন। রাজনৈতিক দলগুলোর ‘শূন্যগর্ভ প্রতিশ্রুতি’ তাঁদের মোহভঙ্গ করেছে। অস্থায়ী শ্রমিকরা কেবলমাত্র চা পাতা তোলার মরশুমেই নিয়মিত কাজ পান, তবে সেই সময় স্থায়ী শ্রমিকদের মতো তাঁরা দৈনিক ২৩২ টাকা মজুরি পেয়ে থাকেন। কিন্তু উল্টোদিকে বিঘা শ্রমিকরা হলেন দিনমজুরির শ্রমিক যাঁদের কাজ পাওয়ার কোনো নিশ্চয়তা থাকে না। অস্থায়ী ও বিঘা শ্রমিক কেউই অন্যান্য সুবিধা পাওয়ার অধিকারী নয়। স্থায়ী শ্রমিকদের মজুরি থেকে একটা অংশ কেটে নিয়ে সেটা ওয়ার্কার্স প্রভিডেন্ট ফান্ড-এর তহবিলে জমা রাখা হয়। এর ফলে তাঁরা হাতে পান মাত্র ২০০ টাকা, যেটা তাঁদের জীবন যাপনের জন্য পর্যাপ্ত নয় এবং তাঁদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণও নয়। এটা একটা প্রতিষ্ঠিত সত্য যে চা বাগানের শ্রমিকরা কোনোদিনই তাঁদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকা পান না। এমনকি, শ্রমিকদের প্রদেয় টাকা দিতে মালিকরা বাধ্য হওয়া সত্ত্বেও শ্রমিকরা নিজেদের দাসত্বের জীবনকালে যা উপার্জন করেছিলেন তার থেকে কম বেতন মালিকরা তাঁদের দেন। প্ল্যান্টেশান লেবার অ্যাক্ট (PLA), ১৯৫১ অনুযায়ী তাঁরা নিজেদের স্ত্রী ও দুজন নির্ভরশীল সন্তানের জন্য ভর্তুকিসমেত রেশনের পাশাপাশি আবাসন সুবিধা, সন্তানদের জন্য শিক্ষা, রান্নার জ্বালানী, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, সন্তানদের তত্ত্বাবধান ও পরিবহনের সুবিধার অধিকারী। তবে বিগত ৭০ বছর ধরে PLA মূলত অবাস্তবায়িতই রয়ে গিয়েছে। তাই দৈনিক মজুরিটাই তাঁদের কাছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ অবলম্বন। দার্জিলিং-এর পুলবাজার CD ব্লকের গিং চা বাগানের একজন চা পাতা উত্তোলনকারী জোশুলা গুরুং জানিয়েছেন যে দৈনিক মজুরি হিসাবে যেখানে তিনি ২৩২ টাকা উপার্জন করেন সেখানে শিলিগুড়ি পর্যন্ত একমুখী ভাড়া ৪০০ টাকা। দার্জিলিং থেকে ৬০ কিমি দূরে অবস্থিত শিলিগুড়ি শহরটাই হলো নিকটবর্তী সবথেকে বড় শহর যেখানে শ্রমিকরা গুরুতর রোগের চিকিৎসার জন্য যান। এই কম মজুরি ছাড়াও অনিয়মিত বেতন হলো একটা নিয়মিত ঘটনা। বেতন দিতে কখনও কখনও এমনকি দুই-তিন মাসও দেরী হয় এবং সেটা পাহাড়ের প্রতিটা চা বাগানের জন্যই সত্য। গত পাঁচ বছরে এই অনিয়ম আরও ঘন ঘন ঘটছে।

“তৃণমূল কংগ্রেস চায় আমাদের পূর্বপুরুষরা যে জমি চাষ করেছিলেন সেটা ছেড়ে দিয়ে আমরা যেন জন্তুর মতো এই নতুন বাড়িগুলোতে গিয়ে উঠি। আমাদের গৃহপালিত পশুগুলোকে আমরা কোথায় রাখবো?”

– প্রতিমা, চা বাগানের জনৈক শ্রমিক

ন্যূনতম মজুরি ছাড়াও শ্রমিকরা কয়েক দশক ধরে প্রতিনিয়ত পরজা-পাট্টার দাবি জানিয়ে আসছেন। চা বাগানের মালিক এবং শ্রমিকদের মধ্যে একটা বিতর্কিত বিষয় হলো শ্রমিকদের জন্য জমির মালিকানা। শ্রমিকরা দাবি করেন যে তাঁদের জমির অধিকার দেওয়া উচিত কারণ তাঁদের পরিবার বরাবর সেই জমিতেই বসবাস করে আসছে। প্ল্যান্টেশান লেবার অ্যাক্ট (১৯৫১) অনুযায়ী চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবারদের জন্য উপযুক্ত জমি আর আবাসনের ব্যবস্থা করতে বাধ্য চা বাগানের মালিকরা। তবে, প্রজন্মের পর প্রজন্ম ধরে বাগান শ্রমিকরা যে জমি বা ঘর দখল করে আছেন সেগুলোর বৈধ মালিকানা তাঁদের নেই। বাগানে জমি ও সম্পত্তির দখল নির্ভর করে সেখানে পরিবারের একজন সদস্যও বাগানের শ্রমিক হিসাবে নিযুক্ত কিনা তার উপরে। চা বাগানগুলোতে আন্তঃপ্রজন্মীয় চুক্তিভুক্ত শ্রমের এই ব্যবস্থাটা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাগানে কাজ করা শ্রমিকদের অধিকার বাতিল করে দেয়। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল যে এই ব্যবস্থাটা “সাত দশকের স্বাধীনতা সত্ত্বেও চা শ্রমিকদের তাঁদের মৌলিক ভূমি অধিকার থেকে বঞ্চিত করে, যা দেশের সফল ভূমি সংস্কার আন্দোলনের স্পষ্ট দাবিগুলোকে সম্পূর্ণভাবে খাটো করে দেখে।” ২০১৯ সালে রাজ্য সরকার চা বাগানের ১৫% জমি বিকল্প উদ্দেশ্যে ব্যবহার করার জন্য অনুমোদন করেছিল। এর ফলে চা বাগান মালিকদের জন্য লাভজনক উদ্যোগ তৈরি হয়েছে। তাঁরা এখন শ্রমিকদের জন্য উন্নত সুযোগ-সুবিধা তৈরির কাজে জমি ব্যবহার না করে সেখানে হোটেল স্থাপন করা এবং পর্যটন ব্যবস্থাকে সহজতর করা শুরু করেছেন।

শ্রমিকদের দীর্ঘদিনের দাবি হলো তাঁদের জন্য একটা গঠনমূলক মজুরি ও জমি নীতি। কিন্তু সেটার পরিবর্তে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে মমতা ব্যানার্জী-র সরকার চালু করেছিল চা সুন্দরী আবাসন প্রকল্প, যার বক্তব্য ছিল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার অঞ্চলে সমস্ত বাগান কর্মীদের জন্য পাকা ঘর তৈরি করা হবে। জমির অধিকারের ব্যাপারে চা সুন্দরী কোনো উন্নতি আনতে পারেনি। যাঁরা এইসব বাড়িতে স্থানান্তরিত হচ্ছেন তাঁদের মধ্যে কেউই জমির অধিকার পাচ্ছেন না। পরিবর্তে প্রশস্ত সবুজ-শীতল বসতবাড়ির জীবনকে পিছনে রেখে তাঁদের জোর করে ৮০ বর্গফুটের পায়রার গর্তে স্থানান্তরিত করা হচ্ছে, যেখানে কোনো গাছ নেই, সবুজতা নেই, এবং কোনো উঠোন নেই। জমির মালিকানার বিষয়ে এই প্রকল্পে কোনো স্পষ্টতা নেই, কারণ এখন শুধু বাড়ির বরাদ্দপত্র দেওয়া হয়। শ্রমিকরা কিভাবে এই বাড়িগুলো ব্যবহার করবেন এবং সেগুলো বিক্রী করা যাবে কিনা ইত্যাদি বিষয়ে বিধিনিষেধ থাকবে, কারণ এইসব ব্যাপারে নীতিতে স্পষ্ট করে কিছু বলা নেই। প্রসঙ্গত, এখনও পর্যন্ত কোনো সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় বাড়ির চাবি পাননি।

বন্ধ বা দুর্দশাগ্রস্ত চা বাগানগুলো, যেখানে প্রকল্পের প্রথম পর্যায়টা বাস্তবায়িত হয়েছে, সেখানে পরিস্থিতি সবথেকে খারাপ। কারণ সেখানে বাগানগুলোতে কোনো কাজ নেই এবং জায়গাটা শহর থেকে দূরে হওয়ায় সেখানে বাগানের বাইরে কাজের সুযোগ একেবারে নগণ্য। প্রতিমা নামে একজন শ্রমিক প্রশ্ন করেন, “আমার পরিবার ১ বিঘা (০.৬২ একর) জমিতে বাস করে। সেখানে আমাদের গৃহপালিত পশুগুলোও থাকে, যা আমাদের অতিরিক্ত আয়ের জোগান দেয়। তৃণমূল কংগ্রেস চায় আমাদের পূর্বপুরুষরা যে জমি চাষ করেছিলেন সেটা ছেড়ে দিয়ে আমরা যেন জন্তুর মতো এই নতুন বাড়িগুলোতে গিয়ে উঠি। আমাদের গৃহপালিত পশুগুলোকে আমরা কোথায় রাখবো? তারা কি আমাদের পশুগুলোকে আমাদের কাছে রাখতে দেবে?” আশিক মুন্ডা নামে একজন শ্রমিক মনে করেন যে চা সুন্দরী বাড়িগুলো আসল সমস্যার সমাধান করতে পারবে না। তিনি প্রশ্ন করেছিলেন, “আমাদের বর্তমান বাড়িতে, আমরা সবজি চাষ করি, এবং খোলা জায়গায় গবাদি পশু আর হাঁস-মুরগি পালন করি। একজন চা শ্রমিকের মজুরি দিয়ে কিভাবে আটজনের সংসার চালানো যায়!” সংক্ষেপে, চা শ্রমিকদের জন্য এই প্রকল্পটা হলো তাসের ঘরের মতো, যা মাথার উপর একটা অস্থায়ী ছাদের ব্যবস্থা করতে পারে কিন্তু জমির অধিকার দিতে পারে না।


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যায়


কভার ফটো সৌজন্যে – https://yourstory.com/bangla/178b22e44e-tea-workers-whereabouts [Retrieved On: 07/03/2023]

Leave a Reply