এমনই একটা অর্থনৈতিক অবস্থার পটভূমিতে দাঁড়িয়ে অর্থমন্ত্রী ২০২৩ সালের বাজেট পেশ করলেন যেখানে অধিকাংশ জনগণ হয় চাকরি হারাচ্ছেন, নয়তো তাঁদের প্রকৃত আয় বেশ বড় রকমের ঘাটতির সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে এবারের বাজেটে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং আভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করার কেন্দ্রীয় বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত ছিল। কিন্তু যথারীতি ২০২৩ সালের বাজেটটাও আরও একবার জনগণের প্রত্যাশার সাথে বিশ্বাসঘাতকতার একটা দৃষ্টান্ত হয়ে রইল। ‘সকলের জন্য বাসস্থান’, ‘কৃষকের আয় দ্বিগুণ করে দেওয়া’, ‘পরিকাঠামোতে পাঁচ বছরে ১০০ লাখ কোটি টাকার লগ্নি’, ‘২০২৪ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি’ ইত্যাদি যা যা প্রতিশ্রুতি BJP সরকার অতীতে দিয়েছিল সেগুলোর একটাও তারা পূরণ করেনি। বরং, কল্যাণমূলক খরচের নিরিখে BJP-র অবদান একেবারে শূন্য। বেকারত্বের সংকট, যোগ্যতার নিরিখে নিম্নমানের কর্মসংস্থানের সংকট ইত্যাদিকে ঘিরে দেশের যুবকদের মধ্যে মারাত্মক ক্ষোভ রয়েছে। সেই কারণে আশা করা হয়েছিল যে সরকারী বিভাগ বা কেন্দ্রীয় খরচাধীন প্রকল্পগুলোতে শূন্যপদ পূরণের কথা মাথায় রেখে বেকার যুবকদের জন্য কিছু বড় ঘোষণা এই বাজেটে করা হবে। কিন্তু বাজেটে তেমন কোনো প্রতিফলন পাওয়া যায়নি। এই বাজেটে একটা বিরাট পরিমাণ ‘পপুলিস্ম’ বিদ্যমান, যেটা দেখে আপাতদৃষ্টিতে মনে হবে যে সমাজের প্রতিটা অংশ – মহিলা, আদিবাসী জনজাতি, দলিত, কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প – সকলকেই এই বাজেট কিছু না কিছু দিচ্ছে। কিন্তু ঘোষণার মধ্যে প্রকৃত সারবস্তু তখনই থাকতে পারে যদি প্রতিটা প্রকল্পের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়।
বেশিরভাগ গুরুত্বপূর্ণ সামাজিক-নিরাপত্তা প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ টাকার পরিমাণ প্রকৃত অর্থে হ্রাস পেয়েছে। কোভিড-১৯ মহামারী ও তার সাথে ঘোষিত লকডাউন মারফৎ তৈরি হওয়া অর্থনৈতিক ধাক্কাকে সামাল দিতে দরিদ্র পরিবারগুলো যে ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’ প্রকল্পের অধীনে বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছিল, সেই প্রকল্পটা কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করেছে। বাজেট ২০২৩-এ খাদ্য ভর্তুকির জন্য বরাদ্দ টাকা গত দুই বছরের সংশোধিত ও আনুমানিক বাজেট বরাদ্দের চেয়ে কম। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন কার্ডধারীদের সকলে প্রতি মাসে ৫ কেজি করে বোনাস রেশন পেতেন। এই বোনাস রেশন বন্ধ করে দিয়ে খাদ্য ভর্তুকির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভর্তুকির পরিমাণও ৭২,২৮৩ কোটি টাকা থেকে কমিয়ে ৫৯,৯৭৩ কোটি টাকা করা হয়েছে। সার ভর্তুকি ৫০,০০০ কোটি টাকা এবং পেট্রোলিয়াম ভর্তুকি ৬,৯০০ কোটি টাকা কমেছে। পুষ্টি-ভিত্তিক ভর্তুকি, সামাজিক নিরাপত্তা পেনশন এবং সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবাগুলোর (ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস) খরচও কমিয়ে দেওয়া হয়েছে। মিড-ডে মিলের জন্য কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ টাকার পরিমাণ ২০১৪-১৫ সালের তুলনায় আজ ৪০% কম। কৃষকদের আয় দ্বিগুণ করার চটকদারি দাবিটা যে আসলে ফাঁপা সেটা বোঝা যায় প্রধানমন্ত্রী কিষাণ তহবিলের বরাদ্দ টাকার পরিমাণ ৬৮,০০০ কোটি টাকা থেকে কমিয়ে ৬০,০০০ কোটি টাকা করার মধ্যে দিয়ে। লিঙ্গ-সম্পর্কিত বিষয়ের জন্য খরচের পরিমাণ রাখা হয়েছে মোট বাজেট খরচের মাত্র ৫%। SC ও ST জনগণ মোট জনসংখ্যার যথাক্রমে ১৬% ও ৮.৬% হলেও বাজেটে তাঁদের জন্য বরাদ্দ খরচের পরিমাণ যথাক্রমে ৩.৫% ও ২.৭%। উল্লেখযোগ্যভাবে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে ৬১০ কোটি টাকা, যেটা চলতি অর্থবছরে আগের বাজেট অনুযায়ী ছিল ১৮১০ কোটি টাকা।
এদিকে বেকারত্বের হার ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে, অথচ ঠিক সেই সময়ে এই বাজেট MGNREGA প্রকল্পে (১০০ দিনের কাজে) বরাদ্দ ৩৩% কমিয়ে দিয়েছে। গ্রামীণ এলাকাগুলোতে এখনও নিয়মিতভাবে কাজ পাচ্ছেন না বলে মেহনতী জনগণ চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও, বর্তমান বছরের সংশোধিত হিসেবের সাথে তুলনা করলে দেখা যাবে যে MGNREGA প্রকল্পের বরাদ্দ খরচ ৬০,০০০ কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এর প্রভাব পড়বে প্রায় ৫.৬ কোটি পরিবারের উপর। ২০২০-২১ সালে, যখন বরাদ্দ ছিল ১.১১ লক্ষ কোটি টাকা, তার তুলনায় এই পরিমাণ এখন প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। মোট বাজেট ব্যয়ের মধ্যে গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে মাত্র ৫% এবং এর মধ্যে দিয়েই বোঝা যায় যে গ্রামীণ এলাকার উন্নয়নকে কোনো রকম অগ্রাধিকার দিতে চায় না এই সরকার।
আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সত্ত্বেও সাধারণ মানুষের জন্য ব্যাপক ভোগ্যপণ্যের উপর পরোক্ষ কর ছাড় দেওয়া হয়নি এই বাজেটে। যে মধ্যবিত্ত শ্রেণী আয়কর ছাড়ের আকারে কিছুটা উপশম আশা করেছিলেন তাঁদের দিক থেকেও বিপদের দিনে মুখ ফিরিয়েছে এই বাজেট। শুধুমাত্র যাঁরা নতুন কর ব্যবস্থা বেছে নেবেন তাঁদের জন্য কিছুমাত্র সীমিত আয়কর ছাড়ের সুবিধা প্রসারিত করা হয়েছে। সমস্ত আয়কর দাতাদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের যে ঘোষণা অর্থমন্ত্রী করেছেন তাতে কোনো ভাবেই মধ্যবিত্ত শ্রেণীর প্রত্যাশা পূরণ হয় না। উপরন্তু, বেতনভোগী শ্রেণীকে প্রভিডেন্ট ফান্ডে টাকা দিতে হবে, হয়তো আবাসন ঋণ নেওয়ার পথে হাঁটতে হবে এবং চিকিৎসা বীমার জন্য প্রিমিয়াম দিতে হবে, যেগুলোর জন্য কোনো কর ছাড় এই নতুন কর ব্যবস্থায় পাওয়া যাবে না।
কেন্দ্রীয় বাজেট ২০২৩-এ শিক্ষা খাতে সামগ্রিক বরাদ্দ বৃদ্ধি পেলেও শিক্ষা খাতে খরচ GDP-র ছয় শতাংশে উন্নীত করার যে ফাঁপা লক্ষ্য জাতীয় শিক্ষা নীতি গ্রহণ করেছে সেটা অর্জন করা থেকে এই বরাদ্দ এখনও অনেক দূরে। ২০২২-২৩ সালের অর্থনৈতিক সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে বর্তমানে শিক্ষা খাতে খরচ GDP-র ২.৯%-এ স্থির রয়েছে, যা ২০১৬ সালে যে শতাংশ ছিল তার থেকে সামান্য বেশি। স্কুল শিক্ষার স্তরে বাজেটে বেশ কয়েকটা উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে, যেমন – ন্যাশনাল বুক ট্রাস্ট এবং চিলড্রেন বুক ট্রাস্ট তৈরির পাশাপাশি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরী তৈরির উপর জোর দেওয়া থেকে শুরু করে গুণমানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং কোভিড-১৯ এর সময়কালে শিক্ষার যে ক্ষতি হয়েছে সেটাকে পুনরুদ্ধার করা। তবে কেন্দ্রীয় বাজেট ২০২৩-এ এই প্রকল্পগুলোর জন্য কোনো তহবিল বরাদ্দ করা হয়নি। বাজেটে শুধুমাত্র স্মার্ট ক্লাসরুমের কথা উল্লেখ না করে উন্নয়নের একটা অংশ হিসাবে স্কুল নির্মাণকে অগ্রাধিকার দেওয়া যেতে পারত। উচ্চশিক্ষা ক্ষেত্রের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে প্রদত্ত টাকার পরিমাণ (এনডাওমেন্ট কর্পাস) অত্যন্ত সীমিত বা প্রায় নগণ্য। টিউশন ও হোস্টেল ফি প্রদানের জন্য ভারী মাত্রায় আয়কর ছাড়ের অনুমতি দিতে পারত সরকার। সেটা অর্থনৈতিকভাবে দুর্বল অংশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষাকে সাশ্রয়ী করে তুলতে পারত এবং শিক্ষা খাতে সরকারের তুলনামূলকভাবে কম বরাদ্দকে (২.৯%) উন্নত করতে পারত।
স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ টাকার পরিমাণও প্রকৃত অর্থে কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে ৮৬,১৭৫ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাবের মানে হলো আগের বাজেটের তুলনায় ৩.৮২% বৃদ্ধি। কিন্তু মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে হিসেব করলে দেখা যাবে এটা আসলে তহবিলের হ্রাস। গত বছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে মূল্যবৃদ্ধি ছিল ৫.৫%। সুতরাং, স্বাস্থ্য বিভাগের বাজেট বেড়েছে বলাটা মোটেও সত্য নয়। জাতীয় স্বাস্থ্য মিশনের বাজেট ২০২২-২৩ সালে ৩৭,১৬৫ কোটি টাকা থেকে কমিয়ে এই বছর ৩৬,৭৮৫ কোটি টাকা করা হয়েছে। জনস্বাস্থ্য বীমা প্রকল্প ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা’-য় চলতি বছরে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু আগামী বছরের জন্য এই প্রকল্পে বরাদ্দ হয়েছে মাত্র ৩,৩৬৫ কোটি টাকা। তাহলে বর্তমানে এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত হতভাগ্যদের কী হবে? তাদের “বীমা” কি তাহলে অচল হয়ে যাবে?
অর্থমন্ত্রী ১৫৭-টা নতুন নার্সিং কলেজ খোলার পরিকল্পনাও ঘোষণা করেছেন। তবে আরও নার্সিং কলেজ তৈরি হলে গ্রামীণ এলাকায় শূন্যপদ পূরণ হবে কিনা সেটা একটা দেখার বিষয়। ভারতের সাম্প্রতিক গ্রামীণ স্বাস্থ্য পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে আরও মেডিকেল কলেজ তৈরি করেও গ্রামীণ এলাকায় ডাক্তারদের অপ্রতুলতার সমস্যাটা সমাধান করা যায়নি। অর্থমন্ত্রী নিজের বক্তৃতায় ওষুধ তৈরির ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনীর কথা বললেও এগুলোর জন্য তেমন কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই বলেই মনে হয়। আমাদের দেশের বাধ্যতামূলক ৮০-৮৫% আমদানি নির্ভরতা এবং চিকিৎসাযন্ত্র-সম্পর্কিত ৬৩,২০০ কোটি টাকার ক্রমবর্ধমান আমদানি বিলের অবসান ঘটাতে সাহায্য করতে পারে এমন কোনও ব্যবস্থা ঘোষণা করতে ব্যর্থ হয়েছে ‘আত্মনির্ভর ভারত’-এর মশাল বাহক এই সরকার। বছরের পর বছর ধরে স্বাস্থ্যের জন্য কম বরাদ্দের সম্পূর্ণ চিত্রটা এই ইঙ্গিতই করে ২০২৫ সালের মধ্যে স্বাস্থ্য খাতে GDP-র ২.৫% ব্যয় করার মিথ্যা দাবিতে পৌঁছানোর কোনো ইচ্ছাই এই সরকারের নেই।
বাস্তবটা হলো বাজেটের মোট পরিমাণ ৪৫ লক্ষ কোটি টাকা হলেও এর মধ্যে থেকে ১০.৮০ লক্ষ কোটি টাকারও বেশি শুধুমাত্র অতীতের ঋণের সুদ পরিশোধের জন্য ব্যয় করা হয়, যা সরকারী ব্যয় বাড়ানোর জন্য ঋণ গ্রহণের সম্ভাবনাকেও আরও সীমাবদ্ধ করে দেয়। এক কথায় বলা চলে যে ২০২৩ সালের এই বাজেটটা হলো জনগণের প্রত্যাশার সাথে বিশ্বাসঘাতকতা। অর্থনৈতিক বৈষম্য হ্রাস, সরকারি পরিষেবাগুলোতে সরকারী ব্যয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং জিনিসপত্রের মাত্রাতিরিক্ত দাম থেকে মুক্তি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে এই বাজেট কোনো নজর দেয়নি। মনে হচ্ছে নরেন্দ্র মোদি সরকার এটা দেখিয়ে দিতে চায় যে একটা নির্বাচনী বছরে জনগণের বিশাল অংশের বস্তুগত অবস্থার উন্নতির প্রচেষ্টা ছাড়াই, এমনকি তাদের কষ্টকে উপেক্ষা করেও তারা সাধারণ নির্বাচনে লড়তে পারে এবং জয়ীও হতে পারে।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://thewire.in/government/union-budget-2023-camouflage-populism [Retrieved On: 02/03/2023]
