কর্মসংস্থান, ভাষার স্বাধীকার, জমির পাট্টার দাবিতে এবং চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের প্রতিবাদে জলপাইগুড়ি শহরে রাজবংশী ও আদিবাসী জনগোষ্ঠীর মানুষজনের মিছিল

কেএলও সংগঠনের সাথে যুক্ত সন্দেহে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ও ময়নাগুড়ি ব্লকের বহু নারী, পুরুষকে বিগত বামফ্রন্ট সরকারের আমলে জেলবন্দী করা হয়। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতার আসার পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কামতাপুর আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে যারা জেল খেটেছেন, সরকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু দেখা যাচ্ছে যে ধূপগুড়ি ও ময়নাগুড়ি ব্লকে প্রায় ৪৪২ জন এইরকম মানুষ আছেন যাদের এখনও আদালতের চক্কর কাটতে হচ্ছে এবং তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাও সরকার করেনি। একই সঙ্গে রাজবংশী মানুষের দীর্ঘদিনের দাবি তাদের ভাষার স্বাধীকার, অর্থনৈতিক উন্নয়ন এবং আলাদা রাজ্যের দাবির প্রতিও এই সরকার কোনো রকম কর্ণপাত করেনি। তারা অনেকদিন ধরেই বিভিন্ন স্তরে আবেদন, নিবেদন, চিঠিপত্র, ডেপুটেশন ইত্যাদি করছেন, কিন্তু কোনো ফল হয়নি।

অন্যদিকে চা বাগানের বহু সংখ্যক আদিবাসী শ্রমিক তাদের পিএফ-এর টাকার ঠিকমতো হিসাব পাচ্ছেন না, কারুর ২০ হাজার, কারুর ৫০ হাজার টাকা হিসাবে গরমিল। তারা আশঙ্কা করছেন যে এই টাকা লোপাট করে দেওয়া হয়েছে। সদর ব্লকের বাহাদুর অঞ্চলের ১১০-টি পরিবার দীর্ঘদিন ধরে জমির পাট্টার দাবিতে সরব হয়েছেন। ৩৭ বছর ধরে বসত করার পরও তাঁদেরকে জমির মালিকানা দেওয়া হয়নি।

এইসকল মানুষেরা একত্রিত হয়ে ২-রা নভেম্বর রাজনৈতিক বন্দী মুক্তি কমিটি, কে এল ও কে পি পি লিঙ্কম্যান নারী মোর্চা এবং বাহাদুর কৃষক মঞ্চের ব্যানারে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার ডাক দেন। কদমতলা মোড়ে প্রায় এক ঘণ্টা মতো সভা চলে, জ্যোৎস্না রায়, সন্ধ্যা বর্মণ, স্বাধীন রায়, সরোজ ঘোষ সহ বিভিন্ন বক্তা তাদের দাবিসমূহ শহরের নাগরিকদের সামনে তুলে ধরেন। তারপর প্রায় ৬০০ জনের মিছিল বেগুনটারী, দিনবাজার সহ প্রায় গোটা শহর পরিক্রমা করে। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আন্দোলনকারীরা জানান যে প্রশাসন যদি তাঁদের দাবি ও সমস্যাগুলোর প্রতি কান না দেন, তাহলে তাঁরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই প্রতিবাদ মিছিলকে আটকানোর জন্য প্রশাসন নানাভাবে চেষ্টা চালায়। মিছিলের আগের দিন (১-লা নভেম্বর) বিকেলে ময়নাগুড়ি থেকে রাজনৈতিক বন্দী মুক্তি কমিটির সদস্য তপন অধিকারী এবং ঐ দিন রাতের বেলা ধূপগুড়ি থেকে কামতাপুরি আন্দোলনের নেতৃত্ব বিধুভূষণ রায় সহ মোট ১১ জনকে পুলিশ যথাক্রমে ময়নাগুড়ি এবং ধূপগুড়ি থানায় আটক করে রেখে দেয়। বলা হয় প্রশাসনের উপর মহলের নির্দেশে এই পদক্ষেপ। যদি রাজনৈতিক বন্দী মুক্তি কমিটির প্রশ্নের উত্তরে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার এই আটকের পিছনে তার ভূমিকার কথা অস্বীকার করে। প্রায় ২৪ ঘণ্টা বেআইনি আটক করে রেখে মিছিল শেষ হওয়ার পর ২-রা নভেম্বর বিকেল ৫-টার সময় তাঁদের মুক্তি দেওয়া হয়।

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যায়


কভার ফটো সৌজন্যে – https://www.telegraphindia.com/west-bengal/kamtapur-peoples-party-united-supporters-rally-to-reassert-their-demand-for-separate-state/cid/1886676 [Retrieved On: 26/02/2023]

Leave a Reply