~ ঈপ্সিতা
শব্দ এত সহজ, দৃষ্টিপাতে যেন পিছলে যায়।
জলের শব্দে ঘাই তোলে মৃত্যু সাদামাটা
তোমার চোখ এত দুঃখী, দুঃখ যেমন হয়
সিধে, নোনতা আর বুড়ি ঘোড়ানিমের মতো একা।
কী ভেবে লিখছি, কী জানি। চোরা বাতাসে
গল্প ঘোরে, এই শীতে, লালশালু ঢেকে দেবে
ঝরা পাতা। ওপারের গলিতে ভীত পড়শি
রাত জাগে, ভোর ভোর আসে তারা।
কথা মাড়িয়ে কত, লাঠি বন্দুক, আর টোটা।
ছুঁড়ে দেবে যদি ঘটি বাটি ছেঁড়া কাঁথা।
হেঁটে যাচ্ছো, দেখি। শেষ বিকেল। গোধূলি
মিলায়। পিছু ডাকি, ফিরে আসো যদি।
অসময়ের ঘুমে শ্মশানের মত স্থির পথ।
যাও। তাকিও না ফিরে।
কভার ফটো সৌজন্যে – Documentary film ‘Red Ant Dream’, by Sanjay Kak.
