২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে৷ দলগুলো তাদের প্রচার শুরু করেছে এবং বেশ কয়েকটা ছোট ছোট গোষ্ঠী, সম্প্রদায়, গণতান্ত্রিক শক্তির কিছু প্রভাবশালী অংশ “বিজেপিকে হারান” স্লোগানকে কেন্দ্র করে একত্রিত হচ্ছে৷ আমাদের মধ্যে কয়েকজন যারা বর্তমান সময়ে কোনো বিকল্প প্রস্তাব ছাড়াই এই ধরণের অর্থহীন কথায় ভেসে যায়নি, তারা মনে করে যে বিজেপি দলটা তার প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে সত্যিই আলাদা কিনা এই প্রশ্নটা আত্মবিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। তাই কংগ্রেস এবং তার সহযোগীরা (যারা ১৯৪৭ সালের পরে বেশিরভাগ সময় জুড়ে ভারতে রাজত্ব করেছে এবং ফ্যাসিবাদী বিজেপির “গণতান্ত্রিক” বিকল্প হিসাবে চিত্রিত হয়েছে) বিজেপির থেকে সত্যিই আলাদা কিনা সেটা নিয়ে আলোচনা শুরু করাই ভালো।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, কংগ্রেস, বিজেপি, অথবা বিজেডি, আরজেডির মতো আঞ্চলিক দলগুলো উদারীকরণ-বেসরকারিকরণ-বিশ্বায়নের ওকালতি করে এসেছে এবং “ট্রিক্ল ডাউন তত্ত্ব”-র পক্ষে দাঁড়িয়েছে, যা ধনীদের ভর্তুকি দিয়েছে আর গরিবদের জন্য ভর্তুকি কমিয়েছে। সমস্ত শাসনকালেই একদিকে যেমন ধনীদের জন্য কর ছাড় দেওয়া হয়েছে, তেমনই অন্যদিকে গরিবদের জন্য ভর্তুকিকে ইনসেন্টিভ বা প্রণোদনা এবং বৃদ্ধির পথে বাধা হিসাবে বিবেচনা করা হয়েছে৷ আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন উল্লেখ করেছেন “… ২০০৬-২০০৮ সালের মধ্যে একটা বড় সংখ্যক ব্যাড লোন বা অনাদায়ী ঋণের উদ্ভব হয়েছিল৷” এটাকে ক্ষমতাসীন দল বিজেপি গোলাবারুদ হিসেবে ব্যবহার করেছে যা গত দশকে নন-পারফর্মিং অ্যাসেটের বন্যা বইয়ে দিয়েছে৷ কৃষি ও শিল্পের উপর ডব্লিউটিও এবং আইএমএফ-এর হস্তক্ষেপের বিপর্যয়কর প্রভাব কংগ্রেসের শাসনকালে শুরু হয়েছিল, যখন তারা সরকারি ক্ষেত্রগুলোর “বেছে বেছে বেসরকারিকরণ”-এর প্রস্তাব করেছিল, বেসরকারি ক্ষেত্রের উন্নতি সাধনের জন্য উৎসাহ হিসাবে আর্থিক ক্ষেত্রে প্রতিযোগিতার কথা বলেছিল, ইত্যাদি; আর স্বাভাবিকভাবে এই সমস্ত কিছুই বিজেপির নিজস্ব নাটক প্রদর্শনের মঞ্চকে মসৃণ করেছে। রাজ্যের ক্ষমতায় থাকা কোনো দলই কখনো এই প্রবণতাগুলোর বিরোধিতা করেনি। আঞ্চলিক দলগুলোর নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলো সর্বদাই কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক এজেন্ডাকেই অনুসরণ করেছে, এবং কংগ্রেস/বিজেপির শ্রেণী চরিত্র অনুযায়ী বড় বড় কর্পোরেট আর জমিদারদের সেবা করার পথেই হেঁটেছে। সংক্ষেপে, ঐতিহ্যবাহী সমাজ গণতন্ত্রী (সোশ্যাল ডেমোক্রেটিক) সংসদীয় বামপন্থী দলগুলো এবং অন্যান্য দলগুলো নয়া-উদারনৈতিক পথের কাছে আত্মসমর্পণ করেছে এবং সামাজিক ফ্যাসিবাদের আকার নিয়েছে। তাদের ভূমি ও শিল্প নীতি, শ্রম, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সম্পর্কিত নীতিগুলো থেকে এটা একেবারেই স্পষ্ট। শ্রম কোড এবং নতুন শিক্ষা নীতি ২০২০-এর উদাহরণগুলো উদ্ধৃত করা এক্ষেত্রে একেবারেই অন্যায্য হবে না, যেখানে সমস্ত রাজ্য সরকার প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকারের নীতিগুলোর সাথেই সামঞ্জস্য বজায় রেখে চলেছে; কিছু অল্পবিস্তর পরিবর্তন তারা করেছে যা মূল নীতিগুলোর সারাংশকে একেবারেই প্রভাবিত করে না।
অর্থনৈতিক এজেন্ডা ছাড়াও, রাক্ষুসে দল বিজেপি ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য অনগ্রসর জাতি ও সম্প্রদায়ের উপর আক্রমণ নামিয়ে এনেছে। কিন্তু সাচার কমিটির রিপোর্টে ঠিক কী দেখা গিয়েছিল? কংগ্রেস ও বাকি দলগুলোর জমানায় মুসলিম সম্প্রদায়ের জনগণের শোচনীয় আর্থ-সামাজিক দুর্দশার কথা তুলে ধরেছিল এই রিপোর্ট। সাচার কমিটির রিপোর্ট এবং রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট উন্নয়ন, কর্মসংস্থান, আয় সৃষ্টি, শিক্ষা, নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে সংখ্যালঘুদের প্রতি অবিচার ও বৈষম্যের যথেষ্ট প্রমাণ দেয়। দলিত নৃশংসতাগুলোও অতীতেরই ধারাবাহিকতা; সম্ভাব্য সমস্ত রকম উপায়ে দলিতদের উপর নিপীড়ন চালানোর মনুবাদী এজেন্ডা নিয়ে যে বিজেপি সর্বদাই সোচ্চার, শুধুমাত্র তাকে হেয় করার পরিবর্তে এক্ষেত্রে অবশ্যই কংগ্রেসকে দায়ী করতে হয়। উদাহরণস্বরূপ, হরিয়ানায় দলিতদের বিরুদ্ধে অপরাধ ও নৃশংসতা গত দশকের তুলনায় ২০০৪-২০১৩ সালের মধ্যে প্রায় আড়াই গুণ বেশি ছিল, আর এটাই ছিল কংগ্রেসের ভূপিন্দর সিং হুডা-র শাসনকাল। কোনও কংগ্রেস মুখপাত্র কি উত্তর দিতে পারবেন যে কংগ্রেস শাসিত কোনও রাজ্য কেন কখনও জাতি-সমীক্ষা কার্যকর করেনি? আদিবাসী নিপীড়নের ক্ষেত্রে (তাদের উন্নয়নের কথা তো ভুলেই যান), মনমোহন-চিদাম্বরমের শাসন আদিবাসীদের জমি ও প্রাকৃতিক সম্পদ লুট করার পথকেই প্রশস্ত করেছে, যা বিজেপি শাসনকালে বন সংরক্ষণ বিল এবং সিএনটি, এসপিটি-এর মতো অন্যান্য কয়েকটা আইনের সংশোধনের মাধ্যমে আনুষ্ঠানিক আকার নিয়েছে। মজার ব্যাপার হলো, বন সংরক্ষণ আইন-কে সংশোধন করার জন্য বিলের মূল্যায়ন করতে লোকসভায় যে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠন করা হয়েছিল তার মধ্যে চেয়ারপারসন ছাড়া বিজেপি, কংগ্রেস, টিএমসি, বিজেডি, ডিএমকে দলের ৩১ জন সদস্য অন্তর্ভুক্ত ছিল। খনি ও খনিজ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) সংশোধনী আইন ২০১৫ পাস করার জন্য লোকসভায় বিজেপি সরকার নিজের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করেছিল এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং বিজেডি-র সমর্থন সমেত এই আইন পাস করেছিল। দেশের খনিজ সম্পদকে অবাধ লুঠের মাধ্যমে বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করার একটা দলিল হলো এই আইনটা।
মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, ভিন্নমত প্রকাশের অধিকার ইত্যাদি প্রশ্নে, জরুরি অবস্থার সময়কার ইন্দিরা শাসন কি আজকের থেকে আলাদা? নাকি আমাদের রাজ্যে রাজনৈতিক বিরোধীদের সঙ্গে বামফ্রন্ট সরকার বা তৃণমূলের আচরণ আলাদা রকম কিছু? শাহিনবাগে মুসলিম মহিলাদের নির্ভীক আন্দোলন মোকাবেলায় আম আদমি পার্টি সরকারের ভূমিকা কী ছিল? এমন কোনো রাজ্য সরকার আছে কি যা রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ইউএপিএ আইনের ব্যবহার করেনি? কাশ্মীরের প্রশ্নটাই বিবেচনা করুন – যেটা এমন একটা জ্বলন্ত সমস্যা, কেন্দ্রের সমস্ত সরকারকেই শুরুর দিন থেকে যার সম্মুখীন হতে হয়েছে। কেউ কি এটাকে রাজনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করেছে, নাকি একটা পাল্টা সামরিক জবাব দিয়েছে? কেউ যুক্তি দিতেই পারেন যে শাসক শ্রেণীর অর্থনৈতিক সংকটের উপর ভিত্তি করে আগ্রাসনের মাত্রা ভিন্ন হতে পারে। তবে সেটাকে অতীতের নিরিখে তুলনায় গুণগত কোনো পরিবর্তন হিসেবে চিহ্নিত করা যায় না।
রাজ্য/কেন্দ্রীয় ক্ষমতায় থাকা সমস্ত দলই ফ্যাসিবাদী প্রবণতা দেখিয়েছে এবং যখনই অর্থনৈতিক সংকট চরমে পৌঁছেছে তখনই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। তাহলে কি এমন কোনো বিষয় আছে যেটার উপর ভিত্তি করে বিজেপিকে আলাদা করা যায়? আছে, আর সেটা হলো বিজেপি-র হিন্দুত্ব মতাদর্শ বা সঙ্ঘ পরিবারের হিন্দু রাষ্ট্র প্রকল্প যা বিজেপি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আর বিজেপি-আরএসএস এর নেতৃত্বে এই হিন্দু ফ্যাসিবাদী রাষ্ট্রের উত্থানকে পুঁজির বিশ্ব সংকটের থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। ২০০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র যে মোদীকে ‘ধর্মীয় স্বাধীনতাকে গুরুতরভাবে লঙ্ঘন’-এর জন্য দায়ী করে তাকে দেশে প্রবেশের জন্য কূটনৈতিক ভিসা প্রত্যাখ্যান করেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্রই সাম্প্রতিক বছরগুলোতে তাকে স্বাগত জানিয়েছে, যেখানে তিনি মার্কিন কংগ্রেসের সদস্যদের সামনে ভাষণ দিয়েছেন এবং কিছু এমএনসি-র শীর্ষস্থানীয় সিইও-দের সাথে কথাবার্তা বলেছেন। আসলে, আরএসএস/বিজেপির হিন্দুত্ব এজেন্ডা সঠিক সময়ে নয়া-উদারনৈতিক প্রকল্পের সাথে ভালোভাবে মিশে গেছে, যখন জনগণকে বিভক্ত করা এবং তাদের শোষণ করার জন্য বিজেপি ছাড়া অন্য কোনো বিকল্প আর ছিল না। কিন্তু এর মানে কি তাহলে এই যে অ-বিজেপি দলগুলো নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনে হিন্দুত্ব কার্ড ব্যবহার করেনি? সম্প্রতি, গত বছর মধ্যপ্রদেশের নির্বাচনে কংগ্রেস ‘ধর্মিক ও উৎসব প্রকোষ্ঠ’-কে পুরোপুরি সক্রিয়ভাবে ব্যবহার করেছে। এই কমিটির তরফে কমল নাথ-কে হনুমানের ভক্ত হিসাবেও প্রচার করা হয়েছিল এবং গত দুই বছরে রাজ্য জুড়ে ৩০-টা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই সময়ে কমল নাথ যুক্তি দিয়েছিলেন যে ভারত যে একটা হিন্দু রাষ্ট্র সেটা নিয়ে কোনো বিতর্ক নেই, কারণ হিন্দুরাই জনসংখ্যার একটি বিস্তৃত সংখ্যাগরিষ্ঠ অংশ এবং কংগ্রেসের শীর্ষ আধিকারিকদের তরফে কোনও রকম প্রতিক্রিয়া ছাড়াই এই বিবৃতিটা জাতীয় সংবাদমাধ্যমে গৃহীত হয়েছিল। এই গত ২০২৩ সালেই উত্তরপ্রদেশ কংগ্রেস লখনউতে নিজের সদর দফতরে কন্যা পূজার আয়োজন করেছিল। অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সভাপতি অজয় রাই এবং কংগ্রেস সেবাদলের প্রধান প্রমোদ পান্ডে, এবং অনেক প্রবীণ নেতারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এএপি, টিএমসি-র মতো মোদীর চরম বিরোধী অন্য দলগুলো কি দাবি করতে পারে যে তাদের রাজনীতি সমস্ত রকম ধর্মীয় অনুশীলন থেকে বিচ্ছিন্ন? “ধর্মনিরপেক্ষ কেজরিওয়াল” হিন্দুত্বকে “জীবনযাপনের উপায়” হিসাবে উল্লেখ করে সেটাকে ভীষণ স্বাভাবিক হিসেবে ব্যাখ্যা করেছেন, এবং এটাও বলেছেন যে “আমি সম্প্রতি রাম লালাকে দেখতে অযোধ্যায় গিয়েছিলাম। বাইরে আসার সময়, আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে দেশের প্রতিটা মানুষ যাতে রাম লালাকে দেখতে পায় সেটা যেন আমি নিশ্চিত করতে পারি। দিল্লীতে আমরা মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা চালাচ্ছি, যার আওতায় দিল্লীর প্রবীণ জনগণকে বিনামূল্যে তীর্থযাত্রার সুবিধা দেওয়া হয়।” রাহুল গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অন্যান্য অভিজ্ঞ রাজনীতিবিদদের কাছ থেকেও তাদের ধর্মীয় অনুরাগ দেখানোর আরও অনেক উদাহরণ উদ্ধৃত করা যেতে পারে। কিন্তু মোদী সরকার এখন অনেক বেশি খোলাখুলিভাবে তার হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদী এবং হিন্দু জাতীয়তাবাদী প্রবৃত্তি ঘোষণা করছে এবং নিঃশব্দে নয়া উদারনৈতিক ও বৃহৎ পুঁজি-পন্থী অবস্থান নিয়েছে, যা এই বিরোধীদের সিংহাসন ফিরে পাওয়ার জন্য কোনো সুযোগই ছেড়ে রাখেনি।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার এপ্রিল ২০২৪ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://thewire.in/politics/congress-opposition-alliance-bjp-tyranny [Retrieved On: 17/04/2024]
