রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা ও হানাহানির বিরুদ্ধে গণ কনভেনশন

গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর) এর পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে হিংসা ও হানাহানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং সমস্ত ধরনের সন্ত্রাস ও হিংসা অবিলম্বে বন্ধ করবার দাবিতে গত ২০ শে জুলাই মহাবোধি সোসাইটি হলে এক গণ কনভেনশনের আয়োজন করা হয়। এই কনভেনশনে বিশিষ্ট চিত্র পরিচালক অপর্ণা সেন, শিক্ষাবিদ মিরাতুন নাহার, বোলান গঙ্গোপাধ্যায়, নাগরিক মঞ্চের পক্ষ থেকে নব দত্ত, ভাঙ্গরের জমি কমিটির মির্জা হাসান প্রমূখ বক্তব্য রাখেন। অপর্ণা সেন তার বক্তব্যে খুব স্পষ্ট ভাবে তুলে ধরেন যে, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে প্রাক্কালে এই পরিবর্তনের জন্য তিনি এবং অন্যান্য নাগরিক সমাজের প্রতিনিধিরা রাস্তায় নামেননি। আজ যে পরিবর্তন হয়েছে তাতে বিগত সিপিএম নেতৃত্বাধীন সরকারের সন্ত্রাস ও অরাজকতার ছবিই আবার প্রতিফলিত হচ্ছে। অপর্ণা সেন বলেন, আজকে সমস্ত রাজনৈতিক দলই দুর্নীতিগ্রস্ত এবং যারা দুর্নীতিগ্রস্ত নন, তারা হয় নির্বাচনে কোন আসন পান না অথবা তাদেরকে কোনোভাবে সামনে এগিয়ে আসতে দেওয়া হয় না। তিনি বুদ্ধিজীবীদের পক্ষ থেকে এই সন্ত্রাস এবং হিংসার নিন্দা করে এবং এর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে এক খোলা চিঠি প্রকাশ করেন। সমাজকর্মী নব দত্ত পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন যে আজকের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে প্রতি বছর কত কত কোটি টাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ঢুকছে এবং সেই টাকা কিভাবে স্তরে স্তরে চুরি হয়ে যাচ্ছে। বিডিও, থানার ওসি সহ প্রশাসনের বিভিন্ন অংশ যে এই অর্থ তছরূপের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, সেটাও তিনি তুলে ধরেন। এই টাকার দখল পাওয়ার জন্যই আজ পঞ্চায়েতে ক্ষমতা কায়েম করার এই মরিয়া প্রচেষ্টা এবং তারই পরিণামে এই হত্যালীলা, সন্ত্রাস, ভোট লুঠ প্রকৃতি ঘটে চলেছে বলে তিনি উল্লেখ করেন। এই কনভেনশনে আজাদ গণ মোর্চার পক্ষ থেকে প্রসূন পঞ্চায়েত নির্বাচন এবং তাকে কেন্দ্র করে এই যে হত্যালীলা, সে সম্পর্কে আমাদের বক্তব্য তুলে ধরেন এবং আজকের পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য গণ আন্দোলনের অনুপস্থিতি এবং বিপ্লবী শক্তির না থাকাটা শাসকের এই সন্ত্রাসের বাড়বাড়ন্তের পিছনে একটা বড় কারণ হিসেবে চিহ্নিত করেন। যেখানে যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাইরে থেকে ভোট লুঠ করতে আসা রাজনৈতিক দলের গুন্ডাদেরকে প্রতিরোধ করেছেন, সেখানকার জনগণকে তিনি আজাদ গণ মোর্চার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানান। এই কনভেনশনে শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অগাস্ট ২০২৩ সংখ্যায়

Leave a Reply