২০২১ সালের ৫-ই জুলাই। ৮৪ বছরের বৃদ্ধ যাজক ফাদার স্ট্যান স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিথ্যা মামলায় জেলে বন্দী রেখে তাঁকে হত্যা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার ও তাদের পোষা তদন্তকারী সংস্থা এনআইএ। ঝাড়খণ্ডের প্রান্তিক আদিবাসী মানুষের জল-জঙ্গল-জমি রক্ষার সংগ্রামের অন্যতম সহযোগী ছিলেন ফাদার স্ট্যান। আদিবাসী মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য দীর্ঘ তিরিশ বছর ধরে তিনি প্রয়াস চালিয়ে গেছিলেন। বনাধিকার আইন, আদিবাসী অঞ্চলে পঞ্চায়েত আইনকে সঠিকভাবে লাগু করার জন্য তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন গণ আন্দোলনে অংশ নিয়েছেন। কন্ট্র্যাক্ট লেবার আইনের অপপ্রয়োগ ঘটিয়ে আদিবাসী মানুষদের ওপর ক্রিমিনাল মামলা দায়ের করার বিরুদ্ধে তিনি অত্যন্ত সরব ছিলেন। খনিজ সম্পদে সমৃদ্ধ ঝাড়খণ্ডের লৌহ আকরিক, তামা, ইউরেনিয়াম খনিগুলো কর্পোরেট গোষ্ঠীগুলোর কাছে জলের দরে বিক্রি করে দেবার বিরুদ্ধে গণ প্রতিবাদ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অগ্রণী ভূমিকা থেকেছে। বিস্থাপন বিরোধী জন বিকাশ আন্দোলন, ঝাড়খণ্ড জন্মাধিকার আন্দোলন প্রভৃতি ব্যাপক গণ মঞ্চ গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি। খুন্তি জেলার আদিবাসী মানুষদের, সংবিধানে প্রাপ্য অধিকারগুলো আদায়ের দাবিতে গড়ে ওঠা পাথালগাড়ী আন্দোলনের সমর্থনে কলম ধরার অপরাধে বিজেপি সরকার রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে। এমনকি তার নিজের সম্পত্তি বলতে থাকা একটা লোহার খাট, একটা টেবিল এবং তিনটে চেয়ার অবধি বাজেয়াপ্ত করে নেওয়া হয়।
ঝাড়খণ্ডে ইউএপিএ, রাষ্ট্রদ্রোহিতা প্রভৃতি আইনে মিথ্যা মামলায় হাজার হাজার আদিবাসী মানুষ জেলবন্দী। তাদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের চেহারাটা দেশ ও দুনিয়ার মানুষের সামনে তুলে ধরার জন্য এবং এই নিরাপরাধ মানুষদের জেল থেকে মুক্ত করার উদ্দেশ্যে তিনি পিপিএসসি বলে একটি মানবাধিকার সংগঠন তৈরি করেন। ফলস্বরূপ ফ্যাসিবাদী আরএসএস-বিজেপি সরকার দেশের অন্যান্য প্রতিবাদী বুদ্ধিজীবীদের সাথে তাকে আরবান নকশাল তকমা দিয়ে ভীমা কোরেগাঁও-এর মিথ্যা মামলায় এনআইএ দ্বারা ইউএপিএ আইনে জেলবন্দী করে। গুরুতর অসুস্থ মানুষটিকে কোনো চিকিৎসা দেওয়া হয় না, বারবার তার জামিনের আবেদন নাকচ করে তাকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়, তার প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়।
ফাদার স্ট্যান-এর এই হত্যা সারা দেশে সাধারণ মানুষের মধ্যে শাসকদের প্রতি তীব্র ঘৃণার সৃষ্টি করেছিল। দেশের বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন ভাবে তাঁদের প্রতিবাদ ব্যক্ত করেছিলেন। বিরোধী দলগুলো, যেমন কংগ্রেস, সিপিএম, তৃণমূল, ডিএমকে, এনসিপি এই প্রতিবাদের ঘোলা জলে ফায়দা তুলতে নেমেছিল, অথচ এই দলগুলো যে যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানেও বিরোধী মতের মানুষদের ওপর একই কায়দায় অত্যাচার চালাচ্ছে। তৃণমূলের শাসনে অন্তত ৭ জন রাজনৈতিক বন্দী জেলের মধ্যেই মারা গেছেন, সিপিএম কেরালায় গত পাঁচ বছরে ১৪৫ জন মানুষকে ইউএপিএ আইনে জেলবন্দী করেছে। আর ইউএপিএ, এনআইএ, আফস্পা সহ দেশে যতগুলি দমনমূলক আইন ছিল বা আছে, সবকটির জন্মদাতা হলো কংগ্রেস পার্টি। ফলে আজ ফাদার স্ট্যান-এর হত্যা নিয়ে এরা যে কুমীরের কান্না কাঁদছে তা বুঝতে অসুবিধা হয় না।
ফাদার স্ট্যান স্বামী ভারতের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র হসাবে চিরকাল নিপীড়িত জনতার শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। আমরা নতমস্তকে ফাদার স্ট্যান-এর জীবন, কর্ম ও আত্মত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি।
