জনগণের উপর শাসকের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে যৌথ প্রতিবাদ কর্মসূচী

১৯৯১ সালে নরসীমা রাও- মনমোহন সিংয়ের হাত ধরে ভারতবর্ষে উদারীকরণ, বেসরকারিকরণ এবং বিশ্বায়নের নীতি প্রয়োগ হওয়া শুরু হওয়ার পর থেকে সারাদেশের সমস্ত প্রাকৃতিক সম্পদ জলের দরে দেশী-বিদেশি কর্পোরেটদের হাতে বেচে দেওয়ার জন্য সমস্ত সরকার চেষ্টা করে যাচ্ছে । ২০০৪ সালে ইউপিএ সরকার গঠন হওয়ার পর মনমোহন সিং- চিদাম্বরম রা একইভাবে মধ্য ভারতের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে প্রাকৃতিক সম্পদকে দখল করবার জন্য নৃশংস সামরিক অভিযান শুরু করে। পরবর্তীতে ২০১৪ এ মোদি ক্ষমতায় আসার পর থেকে এই প্রাকৃতিক সম্পদ দখল এবং লুণ্ঠনের জন্য রাষ্ট্রীয় প্রচেষ্টা সর্বোচ্চ আকার ধারণ করেছে। কাশ্মীরে ৩৭০ ধারা রদ করে সেখানে মাটির নিচে সঞ্চিত খনিজ পদার্থ লিথিয়াম লুঠ করবার প্রয়াস চলছে। উত্তর-পূর্ব ভারতে জনগোষ্ঠীগুলোর মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে সেখানকার প্রাকৃতিক সম্পদ লুঠ করবার জন্য শাসকেরা ফন্দি আঁটছে। একইভাবে বস্তার সহ মধ্য ভারতে পাহাড় জঙ্গল দখলের চেষ্টার বিরুদ্ধে ওখানকার আদিবাসী জনগণ বিপ্লবী শক্তির নেতৃত্বে মে প্রতিরোধ সংগ্রাম চালাচ্ছেন, তাকে ধ্বংস করবার জন্য ড্রোন হামলা, হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ শুরু করেছে। এতে বেশ কিছু গ্রাম ছারখার হয়ে গেছে, বেশ কিছু মানুষ মারা গেছেন। এর বিরুদ্ধে সারাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। এভাবে দেশের নাগরিকদের ওপর বোমাবর্ষণ বন্ধ করবার জন্য সমাজের বিভিন্ন স্তর থেকে আওয়াজ উঠছে। কলকাতাতেও আজাদ গণ মোর্চার আহবানে বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। সারা দেশে জনগণের উপর শাসক শ্রেণীর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করার দাবিতে ‘Stop War On People’ শীর্ষক দুটি পথসভার আয়োজন করা হয়। ১৪ এপ্রিল যাদবপুর এফবি বাসস্ট্যান্ডেএবং ২৮ এপ্রিল বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে পথসভা দুটি অনুষ্ঠিত হয়। আজাদ গণ মোর্চা ছাড়াও এপিডিআর, এমকেপি, পিডিএসএফ, নো এন আর সি মুভমেন্ট, ডব্লিউ পি এস ইউ এফ, ইফটু সমাজবিজ্ঞান ও প্রকৃতি পরিচয় পত্রিকা, গণ অধিকার মঞ্চ দুর্গাপুর প্রভৃতি সংগঠন এই পথসভা দুটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং শাসকের এই নিন্দনীয় যুদ্ধ প্রচেষ্টার বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ ব্যক্ত করেন সংগঠনগুলির পক্ষ থেকে যৌথভাবে একটি লিফলেট প্রচার করা হয়।


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অগাস্ট ২০২৩ সংখ্যায়

Leave a Reply