জমির পাট্টার দাবিতে জলপাইগুড়িতে মিছিল

জলপাইগুড়ি জেলার সদর ব্লকে বসত জমির পাট্টার দাবিতে দীর্ঘ ছয় মাস ধরে ১১৪-টি গ্রামীণ পরিবার বাহাদুর কৃষক মঞ্চের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১৯৮৫ সালে নকশালপন্থীদের নেতৃত্বে জোতদারদের কাছ থেকে ৫৪ বিঘা জমি দখল করে এই বসতি গড়ে ওঠে। কিন্তু ৩৭ বছর পার হওয়ার পরেও বসবাসকারী গ্রামবাসীরা সরকারীভাবে জমির মালিকানা পাননি। বেশ কয়েকবার ডেপুটেশান, অবস্থান, মিছিল ইত্যাদি করার পর BLRO অফিস থেকে প্রস্তাব দেওয়া হয় যে ১৯৮৫ সালে জমি দখলের সময় জোতদার এবং CPM এর পক্ষ থেকে থানায় যাদের বিরুদ্ধে FIR করা হয়েছিল, সেই নামের তালিকা BLRO-এর কাছে আছে। শুধুমাত্র তাদের নামেই পাট্টা দেওয়া যেতে পারে। বাহাদুর কৃষক মঞ্চের নেতৃত্ব এবং গ্রামবাসীরা এই প্রস্তাবকে সপাটে নাকচ করে দেন। তাঁরা বলেন, সেই সময় যাঁদের নামে কেস হয়েছিল, তাঁদের মধ্যে অধিকাংশই এখন জীবিত নেই, তাঁদের পরিবার ভাগ হয়েছে। অনেকে অন্যত্র চলেও গেছেন। এখন যাঁরা বসবাস করছেন, তাঁদের প্রত্যেকটি পরিবারের নামে পাট্টা দিতে হবে। BLRO বলেন এখন যাঁরা বসবাস করছেন, তাঁদের অধিকাংশই জমি দখলের সময় ছিলেন না, এরা পরে এসেছেন, কেউ কেউ দখলকারীদের থেকে অর্থের বিনিময়ে জমি কিনেছেন। তাঁদেরকে কিভাবে পাট্টা দেওয়া যাবে? গ্রামবাসীরা পরিষ্কার জানান যে, এখন যেসমস্ত পরিবার এই জমিতে বসত করছে, তাঁরা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে এখানে থাকছেন, ফলে সবকটা পরিবারকেই জমির মালিকানা দিতে হবে। বাহাদুর কৃষক মঞ্চের নেতৃত্বে গত ১৯/০৯/২০২২ তারিখে গ্রামবাসীরা জলপাইগুড়ি শহরে এক মিছিল করে BLRO এবং BDO এর সাথে সাক্ষাৎ করেন এবং লিখিতভাবে নিজেদের বক্তব্য জানিয়ে আসেন। তাঁরা গত ০৪/০৯/২০২২ তারিখে নিজেদের গ্রামের সামনে কয়েক ঘণ্টা ব্যাপী এক অবস্থান কর্মসূচী চালান এবং মাইক প্রচার করে আশেপাশের সমস্ত গ্রামবাসীদের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন। গ্রামবাসীরা পরিষ্কার বুঝতে পারছেন যে সরকার ও প্রশাসন নানান টালবাহানা করে এবং অজুহাত খাড়া করে বিষয়টাকে ক্রমশ দীর্ঘায়িত করতে চাইছে, যাতে হতোদ্যম হয়ে তাঁরা হাল ছেড়ে দেন এবং উদ্যোগ হারিয়ে ফেলেন। নেতৃত্বও লাগাতার প্রচার চালিয়ে এই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছেন। অতীতেও দীর্ঘ সংগ্রাম করার ইতিহাস ও অভিজ্ঞতা এই এলাকার মানুষদের রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারও লড়াইটা জারি রাখার প্রস্তুতি তাঁরা নিচ্ছেন।


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অক্টোবর ২০২২ সংখ্যায়


কভার ফটো সৌজন্যেhttps://www.telegraphindia.com/west-bengal/kamtapur-peoples-party-united-supporters-rally-to-reassert-their-demand-for-separate-state/cid/1886676 [Retrieved On: 29/01/2023]

Leave a Reply