দীর্ঘ ২ বছর ধরে লাগাতার চেষ্টা চালিয়ে যাবার পর অবশেষে গত ২৯-এ জুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (কলকাতা) কনট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়ন রেজিস্ট্রেশন করাতে সক্ষম হলো। আজকের দিনে দাঁড়িয়ে কোনো স্বীকৃত ট্রেড ইউনিয়ন-এর অনুমোদনবিহীন স্বাধীন ও স্বতন্ত্র ইউনিয়নের রেজিস্ট্রেশন করানোটা এক দূরূহ কাজের সমান হয়ে দাঁড়িয়েছে। আবার রেজিস্ট্রেশন পেলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাও নয়, বরং ইউনিয়নকে দুর্বল করার জন্য, ভাঙার জন্য প্রচেষ্টা উত্তরোত্তর বাড়ছে। যখন রেজিস্ট্রেশন হয়নি, সেই সময়ও ইউনিয়নের প্রেসিডেন্টকে শো কজ কাম সাসপেনশনের চিঠি ধরানো হয়েছিল, শো কজ করা হয়েছিল কার্যকরী কমিটির সদস্য অষ্ট সর্দারকে। পরবর্তীতে রেজিস্ট্রেশন হবার পর বিশেষ করে সিকিউরিটি গার্ড ও ফায়ার সেফটি ডিপার্টমেন্ট-এর কর্মীদের ওপর আইসার কর্তৃপক্ষের সক্রিয় মদতে কনট্রাক্টর এজেন্সি ঝাঁপিয়ে পড়ে। ইউনিয়নের দুই ভাইস প্রেসিডেন্ট, মিহির ব্যানার্জী ও সৌমেন ভট্টাচার্যকে, এবং কার্যকরী কমিটির সদস্য কবিতা মন্ডলকে শো-কজ করা হয়। পরবর্তীতে কবিতা মন্ডল-এর দুদিনের বেতন কেটে নেওয়া হয়, সৌমেন ভট্টাচার্যকে একমাস অবজার্ভেশনে রাখার নির্দেশ দেওয়া হয় এবং মিহির ব্যানার্জীকে সল্টলেক ক্যাম্পাসে ট্রান্সফারের আদেশ দেওয়া হয়। ইউনিয়নের সমস্ত সদস্যরা এর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। এজেন্সির এরিয়া কমান্ডারের অফিস ঘেরাও করা হয়, তিনি পালিয়ে যান। সমস্ত কর্মীরা কাজ বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেন, তখন চাপে পড়ে আইসার কর্তৃপক্ষ ইউনিয়নের নেতৃত্বকে আলোচনায় ডাকে। মিহির ব্যানার্জীর ট্রান্সফার অর্ডার রদ করা হয়। কর্মচারীদের বেশ কিছু দাবি মেনে নেবার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু তারপরও এজেন্সি নিজের খুশি মতো নতুন লোক ঢোকাতে থাকে। ৯ জনকে বাইরে থেকে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়, তাতে নিয়োগ কমিটির সদস্য, একজন ফ্যাকাল্টি মেম্বার নিজের আত্মীয়কেও ঢুকিয়ে দেন। ইউনিয়নের পক্ষ থেকে ডিরেক্টর-এর কাছে যাওয়া হয়, তিনি প্রতিশ্রুতি দেন বিষয়টি খতিয়ে দেখার। কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। পূর্বে কাজ থেকে বসিয়ে দেওয়া ৪ জন সিকিউরিটি কর্মচারীকে ইউনিয়ন পুনর্বহালের দাবি রেখেছিল, সেই দাবিও এখনও পূরণ হয়নি। প্রত্যেক সিকিউরিটি গার্ড যাতে মাসে ২৬ দিন করে ডিউটি পায়, তা সুনিশ্চিত করার দাবি রেখেছিল ইউনিয়ন। কথা হয়েছিল ডিউটি রোস্টার নিয়ে একসাথে বসে ডিউটি বন্টন প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করা হবে, সেই বসাও এখনও হয়নি। সিনিওরিটির ভিত্তিতে পদোন্নতির দাবিকেও এখনও মান্যতা দেয়নি আইসার কর্তৃপক্ষ। অধিকাংশ ডিপার্টমেন্ট-এর বেশিরভাগ কর্মীকেই আনস্কিল্ড লেবারের স্তরে ফেলে রাখা হয়েছে।
সিকিউরিটি ডিপার্টমেন্ট-এর ঠিকা এজেন্সি, ক্লিফোর্ড সবচেয়ে সক্রিয় ভাবে ঝাঁপিয়ে পড়েছে কর্মীদের শায়েস্তা করবার জন্য। যখন তখন যাকে খুশি কাজ থেকে বসিয়ে দিচ্ছে, বলছে কর্মীদের লিখে দিতে হবে যে এজেন্সির এরিয়া কমান্ডার এর কথা মতো তারা ডিউটি করবে, একদিন ডিউটি কামাই করলে ৫০০ টাকা ফাইন ধার্য করার কথা বলছে, ফায়ার সেফটি ডিপার্টমেন্ট-এর কর্মীদের বলছে বিনা প্রশিক্ষণে সাপ ধরার কাজ করতে হবে, না হলে মাইনে কমিয়ে দেওয়া হবে। কর্মীরা প্রতিবাদ করলে পুলিশ ডাকার হুমকি দিচ্ছে, শাসক দলের লোকাল নেতাদের দিয়ে কর্মীদের ঠান্ডা করার হুমকি দিচ্ছে। শাসক দলের লোকাল নেতারা ইউনিয়নের পদাধিকারীদের ফোন করে বলছে, তোমরা আমাদের সাথে এসো, না হলে বিপদে পড়বে। ইউনিয়নের নেতৃত্ব যখন বলছে যে তারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় যাবেন না, তখন শাসক দলের লোকাল নেতা বলছে যে আমার এলাকায় কোনো গন্ডগোল বরদাস্ত করব না, আইন শৃঙ্খলা বিঘ্নিত করে কোনো আন্দোলন এখানে করা যাবে না। ইউনিয়নের নেতৃত্ব কল্যাণীর লেবার কমিশন অফিসে ঠিকা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে, তারা বলে দেয় নিজাম প্যালেসে সেন্ট্রাল লেবার কমিশনের কাছে যেতে। তাদের বক্তব্য আইসার যেহেতু কেন্দ্রীয় সরকারী প্রতিষ্ঠান, মাইনে কেন্দ্র সরকার দেয়, ফলে এখানকার বিষয়ে তাঁরা মাথা গলাবেন না, সেন্ট্রাল লেবার কমিশন এটা দেখবে! অথচ ইউনিয়নের রেজিস্ট্রেশন হয়েছে পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের অধীনে এবং এখানে যাঁরা সদস্য তাঁরা প্রত্যেকেই ঠিকাদারের অধীনে ঠিকা শ্রমিক, কেন্দ্রীয় সরকারের কর্মচারী নন।
ফলে এটা পরিষ্কার যে এই ইউনিয়ন যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, তার জন্য বিভিন্ন স্তর থেকে লাগাতার চেষ্টা চলতেই থাকবে। অথচ এই শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকারগুলো যাতে তারা পায় সেই নিয়ে কিন্তু সংশ্লিষ্ট কোনো পক্ষেরই কোন মাথা ব্যথা নেই। এখানকার কর্মীরা ২৬ দিন কাজ করলে ২৬ দিনের বেতন পান, সাপ্তাহিক রেস্টের কোনো মজুরি নেই। কোনো সিএল, ইএল বা মেডিকেল লিভ নেই। অনেক কর্মীরা মাসে ২৬ দিন ডিউটিও পান না।
তাই রেজিস্ট্রেশন একটা ধাপ মাত্র, সামনে আরও আরও অনেক লড়াই বাকি আছে, যদি সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধ থেকে ঠান্ডা মাথায় লড়াই চালিয়ে যেতে পারেন তবেই ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ন্যায্য অধিকারগুলো অর্জন করা সম্ভব হবে।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অক্টোবর ২০২২ সংখ্যায়
