জমি জীবন জীবিকা প্রকৃতি লুঠ বিরোধী জনগণের কমিটি-র কনভেনশনের প্রস্তাবনা

সাথী,

২০২২-এর জানুয়ারি মাস থেকে আমাদের জীবনের অনেক পরিবর্তন এসেছে। আমরা এক বৃহৎ শক্তি আদানির বিরুদ্ধে, তার গুণ্ডা বাহিনীর বিরুদ্ধে, পুলিশের জবরদস্তির বিরুদ্ধে লড়তে শিখছি। প্রতিবাদ করতে শিখছি, অবরোধ করতে শিখছি, প্রয়োজনে প্রতিরোধ করতেও শিখছি। জুতোর শুকতলা খুইয়ে কোর্টে কোর্টে ঘুরে আদানি ও পুলিশের জবরদস্তির বিরুদ্ধে কেস করতে শিখছি। এসব যে শিখতে হবে বা শিখতে হয়, আগে কোনদিন ভাবিনি।

আমাদের বাপ ঠাকুরদার আম লিচু বাগানের ওপর দিয়ে জবরদস্তি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার নিয়ে যাচ্ছে আদানই কোম্পানি। বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করবে। কৃষকের জমি, বাপ ঠাকুরদার জমি, এত মানুষের জীবন জীবিকা, পরিবেশের ভারসাম্য, ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে বড় করার আশা আকাঙ্ক্ষা, সবই লুঠ। সবই যাবে আদানির পকেটে। আদানই হয়ে উঠবে আরও ফুলে ফেঁপে লাল। আর কৃষকরা হয়ে পড়বে ভিখারি। এটা হয় না। আমরা এর বিরোধিতায় দাঁড়িয়েছি। পুলিশের ছোঁড়া ইটের বাড়ি আমরা খেয়েছি। বেপরোয়া লাঠিচার্জ খেয়েছি। চোখের সামনে আমাদের সন্তানদের মাথা ফাটিয়েছে। রক্ত ঝরিয়েছে। আমাদের মা বনেদের ওপর চলেছে নির্মম লাঠিচার্জ। রেহাই পায়নি ছয় মাসের বাচ্চা কোলে থাকা মা।

আমাদের ঘরের ছেলেদের, বাবাদের গারদে পুরেছে। মিথ্যা মামলা দিয়েছে গ্রামের ছেলে, বাবা, মা, বৌ, মেয়ে সকলের নামে। বহু কষ্ট করে, লড়ে সকলের জামিন করিয়েছি। এখনও লড়ছি।

কিছু কিছু জটিলতায় আমরা ভাগ হয়ে গিয়েছি। ছত্রভঙ্গ হয়ে পড়েছি। কেউ ছুটেছি নিজে নিজে বা নিজের পরিবারকে নিয়ে আদানির বিরুদ্ধে কেস করতে, কেউবা বড় পার্টিকে ধরে কেস করতে, আবার কেউবা অধিকার আন্দোলনকারীদের সাথে জুড়ে কেস করতে। মোট কথা আমরা এলাকায় হয়ে পড়েছি ছত্রভঙ্গ। নিজেদের আস্থা, নিজেদের বিশ্বাসেও চিড় ধরেছে। ওদিকে ফায়দা লুটছে প্রশাসন, ফায়দা লুটছে আদানি। ঘোষণা করছে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ দিয়ে দেবে। অথচ এর বিরুদ্ধে দাঁড়াতে গেলে ঐতিহাসিক কৃষক আন্দোলনগুলির শিক্ষা ও বর্তমান অবস্থা বলছে, উকিলবাবুরাও বলছেন, আইন বা বিচারের থেকে বেশি এলাকার জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর ভরসা করতে। অথচ আমরা বিভক্ত।

তাই আজকের কনভেনশনে আমাদের সুনির্দ্দিষ্ট প্রস্তাব –
১) যে যার মতো কেস করলেও, সংগঠন করলেও, আসুন, কৃষক হিসাবে, এলাকার জনগণ হিসাবে আমরা এলাকার আন্দোলনে ঐক্যবদ্ধ হই।
২) সমস্ত গ্রাম মিলে আবার নতুন করে কমিটিকে পুনর্গঠন করি।
৩) আগামী ৯-ই অক্টোবর কমিটির ব্যানারে সমস্ত গ্রামের মধ্যে দিয়ে একটি সাড়া জাগানো মিছিল করি ও আবার নিজ নিজ এলাকায় কমিটির নামে হাতে লেখা পোস্টারিং শুরু করি।
৪) প্রয়োজন ও কমিটির সাধ্য অনুযায়ী এলাকায় ও এলাকার বাইরে নানা ধরনের ছোট ছোট প্রতিবাদ ও আন্দোলনমুখী কর্মসূচি গ্রহণ করি।

সকলকে সংগ্রামী অভিনন্দন,
জোবাইর আলী
মহঃ বরকত আলী
(কমিটির পক্ষে)
২৫/০৯/২২
ফারাক্কা, মুর্শিদাবাদ


প্রচারপত্রটি আমাদের হাতে এসেছে। গুরুত্ব বিচার করে আমরা প্রকাশ করলাম – সম্পাদক


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অক্টোবর ২০২২ সংখ্যায়


Leave a Reply