শহীদ আনিশ খান সহ প্রতিবাদী হত্যা বিরোধী গণ সংগ্রাম কমিটির কনভেনশন

ছাত্র নেতা আনিশ খাঁন হত্যার পর প্রায় ৮ মাস পেরিয়ে গেল। কিন্তু আনিশ খাঁনের হত্যাকারীদের কোন শাস্তি হলো না। এমনকি শাসক দল তার মৃত্যুকে আত্মহত্যা বা দূর্ঘটনাজনিত মৃত্যু বলে সাজানোর যে চেষ্টা করছিল, হাইকোর্টের নির্দেশে এবং তাদের তত্ত্বাবধানে পরিচালিত সিট (বিশেষ তদন্তকারী দল) এর তদন্ত সেই শাসকদলের তত্ত্বকেই বকলমে মান্যতা দিয়েছে।

সংবাদ মাধ্যমে আনিশ খাঁনের হত্যা নিয়ে শুরুতে যে হৈচৈ শুরু হয়েছিল, আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেছে। আনিশ খাঁনকে নিজের দলের কর্মী হিসাবে প্রতিপন্ন করে বাজার গরম করবার জন্য বিভিন্ন ভোটবাজ দলগুলো শুরুতে যেভাবে রাস্তায় নেমেছিল, তারাও বর্তমানে আবার শীতঘুমে চলে গেছে।

কিন্তু আনিশের পরিবার, তার গ্রামবাসীরা এবং তার সত্যিকারের সংগ্রামী সাথীরা ধারাবাহিকভাবে তার হত্যার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই কারণে আমতা থানার পুলিশ এবং রাজ্য সরকারের উচ্চ মহলের প্রশ্রয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী লাগাতার আনিশের পরিবারের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। আনিশের ভাই সালমান খান এবং আনিশের চাচার ওপর এক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী হামলা করা হয়৷

আনিশের পরিবার, গ্রামবাসী এবং গণ আন্দোলনের বন্ধুরা তার হত্যার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকে আরও ছড়িয়ে দিতে জোটবদ্ধ হয়েছেন। তারা শহীদ আনিশ খাঁন সহ প্রতিবাদী হত্যা বিরোধী গণ সংগ্রাম কমিটি নামে এক যুক্তফ্রন্ট গড়ে তুলেছেন।

গত ১৫-ই সেপ্টেম্বর কলকাতার ভারত সভা হলে ঐ মঞ্চের পক্ষ থেকে এক গণ কনভেনশনের আয়োজন করা হয়, প্রায় ১২০ টি গণ সংগঠনকে আহ্বান জানান হয়েছিল এই কনভেনশনে সামিল হবার জন্য। কনভেনশনে উপস্থিত বিভিন্ন বক্তাদের কথা থেকে যৌথ আন্দোলনকে শক্তিশালী করা এবং কলকাতার বুকে বৃহৎ জন সমাবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে। এই মঞ্চ আনিশ খাঁনের হত্যাকারীদের শাস্তির দাবিতে আন্দোলন জারি রাখার অঙ্গীকার রেখেছে।


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অক্টোবর ২০২২ সংখ্যায়


কভার ফটো সৌজন্যে – https://thewire.in/rights/protests-in-west-bengal-after-student-leader-anis-khan-found-dead [Retrieved On: 07/01/2023]

Leave a Reply