ঝাড়খন্ডের গোড্ডাতে আদানী গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের একটা চুক্তি হয়েছে। এই বিদ্যুৎ পরিবহণ করা হবে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা সাবডিভিশনের কয়েকটি গ্রামের ওপর দিয়ে। ডিসেম্বর মাসের মধ্যে এই বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু হবার কথা। এটা কোন সরকারী প্রকল্প নয়, সম্পূর্ণ ভাবে আদানী গোষ্ঠীর মুনাফা কামানোর প্রকল্প ।
মুর্শিদাবাদ জেলার ফারাক্কা সাবডিভিশনের বেনিয়াগ্রাম অঞ্চলের বল্লারপুর ও ইমামনগর মৌজার অন্তর্গত পাঁচটি গ্রাম, ঘোলাকান্দি, দাদনটোলা, ইমামনগর, বল্লারপুর এবং সমসপুর এর মধ্য দিয়ে এই বিদ্যুৎ নিয়ে যাওয়া হবে। এরজন্য ঐ গ্রামগুলির মাঠে বিদ্যুতের খুঁটি পুঁতে তার মধ্য দিয়ে বিদ্যুৎ নিয়ে যাওয়া হবে। এরজন্য ঐ মাঠগুলোর জমি অধিগ্রহণের প্রয়োজন। এই গ্রামগুলোর মাঠে অধিকাংশ জমি হল আমবাগান ও লিচু বাগান। এক একটা আমগাছ, লিচু গাছ থেকে ফল বিক্রি করে চাষীদের বছরে লক্ষাধিক টাকা আয় হয়। আদানী গোষ্ঠী সেখানে নামমাত্র কিছু ক্ষতিপূরণ দিয়ে এই জমিগুলো দখল করার প্রক্রিয়া শুরু করে। এই বছরের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু হয়। রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ ভাবে আদানীকে মদত দিচ্ছিল। গ্রামবাসীরা জমি দিতে অস্বীকার করে প্রতিবাদ জানাচ্ছিল, নিজেদের একটা সংগঠনও গড়ে তোলেন। শেষ পর্যন্ত গত ২-রা জুলাই পুলিশ বাহিনী জমি দখলের জন্য অভিযানে নামে। কৃষকদের শান্তিপূর্ণ জমায়েতের ওপর বেপরোয়া লাঠিচার্জ করা হয়, কৃষকরাও প্রতিরোধ গড়ে তোলেন। বহু কৃষক আহত হন, অনেককে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। প্রায় ১৪-১৫ দিন জেল খাটার পর তারা জামিন পান। অনেকে ঘরছাড়া হয়ে যান। পুলিশ পাহারায় গাছ কেটে আদানীর লোকজন বিদ্যুতের পোল পুঁতে দিয়ে যায়।
এই জমি দখল দেউচা- পাঁচামীর পর আরও একবার তৃণমূল কংগ্রেস সরকারের মুখোশ খুলে দেয়। গোটা রাজ্য জুড়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল মানুষ প্রতিবাদে সোচ্চার হন। যদিও বিরোধী ভোটবাজ দলগুলো এই বিষয় নিয়ে লোকদেখানো কিছু আওয়াজ করে চুপ করে যায়, কারণ প্রভু আদানীর স্বার্থ যেখানে জড়িয়ে আছে সেখানে তার কোন ভৃত্যের সেই সাহসই বা কি করে হবে যে বেশি চিৎকার করবে? বরং এরা চেষ্টা করে আন্দোলনে ভাঙন ধরাতে। তাতে একটা মাত্রায় এরা সফলও হয়েছে। তবে প্রকৃত লড়াকু শক্তিরা এখনও প্রতিবাদ আন্দোলন জারি রেখেছে এবং গ্রামবাসীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই লক্ষ্যে তারা গত ২৫-এ সেপ্টেম্বর একটি গণ কনভেনশনও আয়োজন করেন এবং পরবর্তী আন্দোলনের কিছু পরিকল্পনা তৈরি করেন। মাতৃভূমি পত্রিকা ফারাক্কার গ্রামবাসীদের জবরদস্তি উচ্ছেদ বিরোধী ন্যায়সঙ্গত এই আন্দোলনকে সর্বতভাবে সমর্থন জানাচ্ছে।
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার অক্টোবর ২০২২ সংখ্যায়
কভার ফটো সৌজন্যে – https://www.telegraphindia.com/west-bengal/samyukta-kisan-morcha-condemns-farakka-cop-brutality-on-protesting-farmers/cid/1873503 [Retrieved On: 16/01/2023]
