জমির পাট্টার দাবিতে গ্রামবাসীদের আন্দোলন চলছে

জলপাইগুড়ি জেলার সদর ব্লকের অন্তর্গত বাহাদুর অঞ্চলে প্লেন ঘাঁটি সংলগ্ন আনারস বাগানে ১৯৮৬ সালে গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে জোতদারদের ৫৪ বিঘা জমি দখল করেন। সেই সময় CPM-এর হামলা, পুলিশের চোখরাঙানিকে প্রতিহত করে জমির ওপর নিজেদের দখল ধরে রাখেন। আজ ঐ জমিতে ৮৯-টা পরিবার বসবাস করেন। কারুরই নিজের চাষযোগ্য জমি নেই। পরের জমিতে মুনিষ খেটে বা অন্যান্য রোজ ভিত্তিক লেবারের কাজ করে তাঁদের জীবিকা চলে। কেউ কেউ চাষের মরশুমে অল্প কিছু জমি ভাগ্যে নিয়ে চাষ করে। ৩৫ বছর ধরে ঐ জমিতে বসবাস করলেও আজ অবধি তাঁরা জমির মালিকানা স্বত্ব পাননি। এই নিয়ে বহু আবেদন নিবেদনেও কাজ না হওয়ায় গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে বাহাদুর কৃষক মঞ্চ নামে এক সংগঠন গড়ে তুলেছেন। গ্রামের প্রতিটা পরিবার এই সংগঠনের সদস্য হয়েছেন। এই কৃষক মঞ্চের পক্ষ থেকে জলপাইগুড়ি সদর ব্লকের BLLRO-এর কাছে ডেপুটেশন দেওয়া হয় (যে সংবাদ গত সংখ্যার মাতৃভূমি-তে প্রকাশ হয়েছিল)। কিন্তু আশানুরূপ কাজ না হওয়ায় গত ২৮-এ নভেম্বর সন্ধ্যাবেলা বাহাদুর কৃষক মঞ্চ-এর সাধারণ সভা ডাকা হয়, সেখানে সবাই মিলে সিদ্ধান্ত নেন যে ১-লা ডিসেম্বর তাঁরা দল বেঁধে সবাই মিলে ফের BLLRO অফিসে যাবেন, বিক্ষোভ দেখাবেন এবং ডেপুটেশন দেবেন।

সেই মতো ১-লা ডিসেম্বর বেলা ১২-টা নাগাদ BLLRO অফিসের সামনে জমায়েত ও স্লোগান দেওয়া শুরু হয়। BLLRO তাঁদের সাথে দেখা করে ডেপুটেশন নেয় এবং বলে প্রত্যেকটি পরিবার একটি করে ইন্ডিভিজুয়াল দরখাস্ত জমা দিক, সেগুলো তারা রিসিভ করে দেবে এবং সেই দরখাস্তের ভিত্তিতে জমির ইন্সপেকশন করা হবে, তারপর সেই রিপোর্টের ভিত্তিতে পাট্টা দেওয়া হবে। কিন্তু গোটা প্রক্রিয়াতে কিছুটা সময় লাগবে।

কৃষক মঞ্চের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করেন যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে আলাদা আলাদা দরখাস্ত জমা করা হবে, কিন্তু সেটা ADM (ল্যান্ড) এর কাছে দেওয়া হবে। সেই মতো সংগঠনের উদ্যোগে দরখাস্ত তৈরি করে সবাইকে দিয়ে স্বাক্ষর করিয়ে জমা করা হয়। ADM (ল্যান্ড)-ও একই কথা বলে যে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য রাখুন।

গ্রামবাসীরা আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছেন। পাশাপাশি তাদের অন্যান্য যে সকল সমস্যা এবং বাহাদুর অঞ্চলের অন্যান্য গ্রামের মানুষের যে সকল সমস্যা সেগুলো নিয়ে আওয়াজ তোলার জন্য প্রচার চালাচ্ছেন।

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার ফেব্রুয়ারি ২০২২ সংখ্যায়


জমির পাট্টার দাবিতে গণ অবস্থান – সামান্য হলেও নড়েচড়ে বসল প্রশাসন

৩৬ বছর ধরে বসবাস করলেও, পাট্টা মেলেনি এখনও। আবেদন, ডেপুটেশন অনেক হলেও সাড়া দেয়নি প্রশাসন। এবার সরাসরি রাস্তায় নেমে ধর্ণায় বসলেন গ্রামবাসীরা। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলের পাঙ্গা প্লেন ঘাঁটি সংলগ্ন আনারস বাগান গ্রামের প্রায় ৮০-৯০ টা পরিবারের কয়েক ঘণ্টা ব্যাপী অবস্থান বিক্ষোভে নড়েচড়ে বসতে বাধ্য হল মিডিয়া থেকে প্রশাসন। বাহাদুর কৃষক মঞ্চের নেতৃত্বে গ্রামবাসীরা জমির পাট্টার দাবীতে বিগত ৬-৭ মাস ধরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। প্রশাসন দেখছি, দেখব করলেও কোন সদিচ্ছা তাদের মধ্যে দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে গ্রামবাসীরা ২৪ -এ মে ধর্ণা বিক্ষোভের পথে যান, ঘোষণা করেন এরপর শুরু হবে দুয়ারে অনশন কর্মসূচি। অবস্থানে উপস্থিত ছিলেন বাহাদুর কৃষক মঞ্চের নেতৃত্ব স্বাধীন রায়, সন্ধ্যা বর্মন, লক্ষী রায় প্রমুখ, আজাদ গণ মোর্চার জলপাইগুড়ির নেতৃত্ব সরোজ ঘোষ, রুমকি বিশ্বাস প্রমুখ। বিক্ষোভের খবর পেয়ে উত্তরবঙ্গ সংবাদ এর সাংবাদিকরা চলে আসেন, খবর পৌঁছায় প্রশাসন এর দপ্তরগুলিতেও। পরের দিন বিএলআরও অফিস থেকে লোকজন ছুটে আসে, গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন, দ্রুত তাদের দাবি পূরণের ব্যবস্থা করা হবে, অনশন ইত্যাদি করার দরকার নেই। পরবর্তীতে গ্রামবাসীরা পুনরায় বিএলআরও অফিসে জমায়েত হয়েছিলেন। বিএলআরও খুব শীঘ্রই এলাকা পরিদর্শনে আসবে বলে কথা দিয়েছেন। গ্রামবাসীদের পরিষ্কার বক্তব্য, পাওয়া না পাওয়া অবধি প্রতিবাদ আন্দোলন চলবে এবং দিনে দিনে এই আন্দোলনের তীব্রতাও বাড়বে। বাহাদুর কৃষক মঞ্চের নেতৃত্বে এই আন্দোলন আশেপাশের এলাকাগুলিতে যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত জমির পাট্টা পাননি, তাদের মনোবল বাড়াচ্ছে, তারাও ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছেন এবং বাহাদুর কৃষক মঞ্চের পতাকাতলে সমাবেশিত হচ্ছেন।

লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার জুন ২০২২ সংখ্যায়

Leave a Reply