সারা রাজ্যে ৫৪ টার মধ্যে প্রায় ১৫-১৬ টা জুটমিল বন্ধ হয়ে পড়ে রয়েছে। অজুহাত দেখানো হচ্ছে, কাঁচা পাটের দাম বেশি তাই মিল চালিয়ে মালিকদের লোকসান হচ্ছে। কিন্তু এই বন্ধ মিলগুলোর প্রায় লাখ খানেক শ্রমিক ও তাদের পরিবারগুলো কিভাবে বেঁচে আছেন, সে নিয়ে ভাবনা চিন্তা করার সময় মালিক বা সরকার কারুরই নেই। কানোরিয়া জুটমিল চিরতরে বন্ধ হবার ফলে কত শ্রমিক পরিবারের জীবন ধ্বংস হয়ে গেছে, তার কোন হিসাব নেই। প্রেমচাঁদ জুটমিলও বন্ধ ছিল প্রায় ৮-৯ মাস। এখন খুললেও, কাজ পায়নি সব শ্রমিক। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে শুরু করে চাল, আলু, সর্ষের তেল, ওষুধ, বিদ্যুতের বিল এর দাম প্রতিদিন বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কেন্দ্র বা রাজ্য সরকারের তরফ থেকে দাম কমানোর কোন চেষ্টা নেই, আছে শুধু একে অপরকে দোষারোপের পালা। জুটমিল এর শ্রমিক বলুন, বা জরি শিল্পের সাথে যুক্ত শ্রমিক বলুন, তারা যে দৈনিক মজুরি পান, তাতে এই অগ্নিমূল্যের বাজারে সংসার চালানো তো দূরের কথা, কোনোরকমে বেঁচে থাকাটাই দিনে দিনে অসম্ভব হয়ে যাচ্ছে। জুটমিল শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবী দীর্ঘদিনের। কিন্তু সরকার ও জুটমিল মালিকদের সংগঠন, আই জে এম এ নানারকম টালবাহানা করে এই দাবীকে পাশ কাটিয়ে যাচ্ছে। কখনো ১৩ টাকা বা ২১ টাকা ডি এ বাড়িয়ে মজুরি বৃদ্ধির দাবীকে ধামাচাপা নিতে চাইছে, কখনও টানা শিফট চালুকে মজুরি বৃদ্ধির শর্ত হিসেবে খাড়া করছে, সাথে সাথে মালিকদের সবসময়ের মড়া কান্না- লাভ হচ্ছে না, সে তো আছেই। লজ্জার বিষয় যে আজও জুটমিলগুলিতে ৭০ টাকা রোজে লার্নারদের কাজ করানো হচ্ছে।
জরি শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের অবস্থা একই রকম শোচনীয়। একে কাজ নেই, লকডাউনের পুরো পর্যায়ে জরি শ্রমিকদের রোজগার সম্পূর্ণ বন্ধ ছিল, এখনও বেশীরভাগ জরি শ্রমিক দৈনিক ১৫০-১৭০ টাকা মজুরিতে ১২-১৪ ঘন্টা শ্রম বিক্রি করতে বাধ্য হন। জরি শ্রমিকদের মজুরি বাড়ানো, তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া এবং শ্রমিকদের জন্য নির্ধারিত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতে জরি শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কোন উদ্যোগ বা মাথা ব্যথা নেই। বীরশিবপুর বা ধূলোগড়ের মতো শিল্পাঞ্চলগুলোতেও একই অবস্হা। কোন শ্রম আইনের তোয়াক্কা না করে সেখানে শ্রমিকদের খাটানো হচ্ছে, অনেক শিল্প ক্ষেত্রে বা ওয়্যারহাউজগুলোতে শ্রমিকদের ৩০ দিনই কাজ করানো হয়, ছুটি করলে মাইনে কাটা যায়, ১২ ঘন্টা কাজ করানো হয়। মজুরি দেওয়া হয় দৈনিক ৩০০ বা ৪০০ টাকা। এতটাই কাজের চাপ যে অধিকাংশ মানুষ দু তিন মাসের বেশি টানা কোথাও কাজ করতে পারেন না। সবথেকে দুঃখের কথা, এই শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করার বা আওয়াজ তোলার মতো কেউ নেই। এখানে শ্রমিকদের ইউনিয়ন করা নিষিদ্ধ। যেহেতু ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো শিল্প সংস্হার মালিকদের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা নেয়, ফলে তাদের অনুগত ট্রেড ইউনিয়নগুলোও এখানে সংগঠন করার চেষ্টাই করে না। এক অর্থে এখানকার শ্রমিকরা সমস্ত ধরণের অধিকার থেকে বঞ্চিত হয়ে মালিকদের দয়ার ওপরে পড়ে আছে। কেন্দ্র হোক বা রাজ্য, কোন সরকারই যে সাধারণ মানুষের জীবনের কোন পরোয়া করে না, তার প্রমাণ মেলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে। শুধুমাত্র রেশনের ফ্রি তে চাল বা মাসে ৫০০ টাকার ভর্তুকিতে যে সংসার চলে না, এটা বোঝার মতো বুদ্ধি নিশ্চয়ই সব সরকারের কর্তাব্যক্তিদেরই আছে। কিন্তু তাদের লক্ষ্য তো আম্বানি, আদানই, টাটা, গোয়েঙ্কাদের মতো বড় বড় কর্পোরেটদের আরও আরও মুনাফা কামানোর রাস্তা করে দেওয়া, সাধারণ মানুষের প্রয়োজন তো তাদের কাছে শুধুমাত্র ভোটের আগে, ভোট মিটে গেলে তারা, আর সাধারণ মানুষের দিকে ফিরেও তাকায় না। তাই তো জিনিস পত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে প্রতিদিন, ওষুধ, বিদ্যুতের মূল্য আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। শ্রমিকদের ই এস আই চিকিৎসা পাবার প্রক্রিয়াকে দিন দিন আরও জটিল করা হয়, নামে সুপার স্পেশালিটি হলেও হাসপাতালগুলোতে রুগীরা চিকিৎসা পায় না, থ্যালাসেমিয়া রোগীদের রক্তের জন্য হন্যে হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে হয়, আর ব্যাঙের ছাতার মতো বেসরকারি নার্সিংহোম, ক্লিনিক গজিয়ে ওঠে, বড় বড় বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ্য ক্ষেত্রে একচেটিয়া ব্যবসা ফেঁদে বসে, মানুষকে রক্ত চোষার মতো ছিবড়ে করে দেয়।
সরকারী শিক্ষা, সরকারী স্কুলগুলোকে তুলে দেবার ব্যবস্থাও মোটামুটি পাকাপাকি হয়ে গেছে, সাধারণ ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা করার অধিকারটাই সরকার কেড়ে নিতে চাইছে। নতুন জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী বড়লোকদের সেবা প্রদান করার জন্য সাধারণ, খেটে খাওয়া ঘরের ছেলে মেয়েদের বৃত্তিমূলক প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হবে, যাতে মোটর মেকানিক, ইলেকট্রিক মিস্ত্রি, ধোপা, নাপিত, আয়া, গার্ড এর যোগান বজায় থাকে। শিক্ষা ক্ষেত্রে চাকরি দেবার নাম করে যে দূর্নীতির চিত্র আমাদের রাজ্যে সামনে আসছে, যেভাবে বিভিন্ন চাকরির বিনিময়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, তাতে পরিষ্কার যে এই রাজ্যে সততা, যোগ্যতা বলে কোন কিছুর অস্তিত্ব নেই এবং শাসকেরাই সমাজের মাপকাঠি তৈরি করে দিচ্ছে যে ‘ফেলো কড়ি মাখ তেল’ এবং ‘যেভাবে পারো পয়সা কামাও’।
আর যারা সরকার ও শাসকের এই অনাচার এবং স্বৈরাচার এর বিরুদ্ধে আওয়াজ তুলছেন, তাদেরকে ওপর নেমে আসছে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস। মারধর করা, ঘরবাড়ি ভাঙচুর করা, বাড়ি ছাড়া করা, মিথ্যা মামলা দিয়ে জেলে পোরা, রাতবিরেতে বেআইনি পুলিশী অভিযান চালিয়ে হত্যা করা আজ আমাদের রাজ্যের দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমতার প্রতিবাদী যুবক আনিশ খান কে হত্যা যার সবচেয়ে বড় উদাহরণ। পুলিশ ও শাসক দলের যৌথ ষড়যন্ত্রে খুন হওয়া আনিশের হত্যাকে ধামাচাপা দিতে যে নাটক চলছে, আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি এবং আসল দোষীদের উপযুক্ত শান্তির দাবীতে আন্দোলনে নামার জন্য সমস্ত গণতন্ত্রপ্রিয় প্রগতিশীল মানুষের কাছে আহ্বান রাখছি।
জনস্বার্থে আমাদের দাবী –
- কোন শ্রমিককে ছাঁটাই না করে অবিলম্বে সমস্ত বন্ধ জুটমিল খুলতে হবে
- জুটমিল ও জরি শ্রমিক, বীরশিবপুর ও ধূলোগড়সহ সমস্ত শিল্পাঞ্চলের অসংগঠিত শ্রমিকদের দৈনিক মজুরি অবিলম্বে বাড়াতে হবে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
- পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, চাল, আলু, কেরোসিন, ওষুধ, বিদ্যুৎ, শিক্ষাসহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিসেবার মূল্য হ্রাস করতে হবে।
- রাজনৈতিক বিদ্বেষের কারণে কোন মানুষের ওপর হামলা, হত্যা ও ঘরছাড়া করা এবং বেআইনি পুলিশী অভিযান চালানো ও মিথ্যা মামলা দেওয়া বন্ধ করতে হবে।
- সকলের জন্য সরকারী ব্যয়ে স্বাস্থ্য ও শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করতে হবে।
এপিডিআর (উলুবেড়িয়া শাখা প্রস্তুতি কমিটি),
জুটমিল মজদুর ইউনিয়ন
প্রচারপত্রটি আমাদের হাতে এসেছে। গুরুত্ব বিচার করে আমরা প্রকাশ করলাম – সম্পাদক
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার জুন ২০২২ সংখ্যায়
