গত ৬ ই জানুয়ারি ঘটা করে রাজ্য সরকার ১১ জনের একটি কমিটি গঠন করেছে, যারা জুটমিল শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টা আলোচনা করে রাজ্য সরকারের কাছে সুপারিশ দেবে। এছাড়াও কমিটি শ্রমিকদের কাজের সুবিধা, কাজের পরিবেশ, সামাজিক সুরক্ষা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়েও রাজ্য সরকার কে পরামর্শ দেবে। তারপর সেই সুপারিশ রাজ্য সরকার গ্রহণ করলে, তখন ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার ঠিক করা হবে। এই ১১ জনের কমিটিতে INTTUC, CITU, BMS, INTUC, AICCTU, AITUC এই ছটা কেন্দ্ৰীয় ট্রেড ইউনিয়ন থেকে একজন করে প্রতিনিধি থাকছে। আইজেএমএ থেকে তিন জন প্রতিনিধি এবং রাজ্য সরকারের শ্রম দফতর থেকে দুজন প্রতিনিধি থাকছে।
মজুরি বাড়াতে এত টালবাহানা কিসের??
আমাদের যেটা বলার বিষয়, এক, যেভাবে প্রতি দিন জিনিসপত্রের দাম বাড়ছে, খরচপত্র বাড়ছে, তাতে সর্বস্তরের সমস্ত শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিটা আশু সমস্যা। কোনরকম দেরি না করে, অবিলম্বে ন্যূনতম মজুরি ২৫০০০ টাকা করা দরকার। একটা শ্রমিক পরিবারের অন্ততপক্ষে সাধারণ মানুষের মত জীবনধারণ করতে আজকের বাজার দরে এই পরিমাণ মজুরি একান্ত প্রয়োজন। কিন্তু লক্ষ্য করার বিষয় হল, শ্রমমন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে বেশ কয়েকবার ত্রিপাক্ষিক বৈঠক হল, অনেক কিছু আলোচনা হল। কিন্তু সরকার মজুরি বাড়ানোর কোন সিদ্ধান্ত নিতে পারল না। উল্টে নতুন করে আর একটা কমিটি গঠন করে দিল। তাও এই কমিটির কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই। তারা সরকারকে সুপারিশ করবে, সেই সুপারিশ যদি সরকারের মনোমত হয়, তাহলে তারা তা গ্রহণ করে আবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকবে। অর্থাৎ সবমিলিয়ে বলা যায়, মজুরি বৃদ্ধির প্রশ্নটা আপাতত বস্তার তলায় ধামাচাপা দিয়ে দেওয়া হল। নর্থ মিলের একজন মিলহ্যান্ডস শ্রমিক, যিনি ১২-১৪ বছর ধরে কাজ করছেন, ৮ ঘন্টা কাজ করে পিএফ, ইএসআই কেটে দৈনিক ৩৭৫ টাকা বাড়ি নিয়ে যেতে পারেন। যারা সিনিয়র শ্রমিক, ২০ বছর মত কাজ করছেন তারা সবকিছু কেটে কুটে ৪১০-৪২০ টাকা দৈনিক হাতে পান। যারা অপেক্ষাকৃত জুনিয়র শ্রমিক তারা হাতে পান দৈনিক ৩৫০ টাকা। কোন শ্রমিকের পক্ষেই মাসে ২৬ দিন ডিউটি করা সম্ভব হয় না। ফলে এই মজুরি তে চলতি বাজার দরে সংসার চালানো যে অসম্ভব, তা বুঝতে কোন বিশেষজ্ঞ বা কমিটি লাগে না। তার ওপর গত বছর শ্রমিকদের ডিএ কমানো হয়েছে ১০ টাকা করে। যেখানে রান্নার গ্যাস, সর্ষের তেল, পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া হয়ে গেছে, সেখানে কোন যুক্তিতে শ্রমিকদের মহার্ঘ ভাতা কমে যায়, সেটার উত্তর রাজ্য সরকার কে দিতে হবে। ভাউচার কন্ট্রাক্ট শ্রমিক ও লার্নার রা তো মিলহ্যান্ডস দের থেকেও কম দৈনিক মজুরি পান। এক শ্রমিকের থেকে জানা গেল, তিনি বিয়ে করবার সময় কিছু ঋণ করেন, আজ তার ছেলের বয়স ১১ বছর হয়ে গেছে, এখনও সেই ঋণ তিনি শোধ করতে পারেন নি। একটা ঋণ শোধ করার জন্য আর একটা ঋণ নিয়েছেন, সেই ঋণ শোধ দেবার জন্য আরও একটা ঋণ, এইভাবে আজ তার ঋণের বোঝা যে জায়গায় চলে গেছে, তিনি তার জীবনকালে ঋণ মুক্ত হতে পারবেন বলে আর আশা করেন না।
মালিকের অন্যায় আবদারে সরকার না বলতে পারছে না কেন??
দ্বিতীয়তঃ, এর আগে যে কটা ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে, তাতে মালিকপক্ষ মজুরি বাড়ানোর শর্ত হিসেবে কাটা শিফটের বদলে টানা শিফট চালু, শ্রমিকদের অবসরকালীন প্রাপ্য গ্রাচুইটি দেবার দায় থেকে হাত ঝেড়ে ফেলার শর্ত রেখেছিল। টানা শিফট চালু হলে কার লাভ, মালিকের না শ্রমিকদের- সেই বিষয়টা নিয়ে এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি। মেশিন বন্ধ করা- চালু করার সময় কমানো, লাইন সাজানো, প্রোডাকশন ল্যাগ কমানো এগুলোর মধ্যে দিয়ে মালিকের মুনাফা আরও বাড়বে। কিন্তু টানা শিফটে ডিউটি করে খুব কম সংখ্যক শ্রমিকই সপ্তাহে ছয় দিন বা মাসে ২৬ দিন ডিউটির ধকল সামলে মাসের পর মাস বছরের পর বছর কাজ করে যেতে পারবেন। এখন একমাত্র নাইট শিফটে টানা ডিউটি (রাত ১০টা-সকাল ৬ টা) চালু আছে। কত জন শ্রমিক নাইট শিফট চলাকালীন পুরো সপ্তাহ ডিউটি করতে পারেন? যদি গড় পরিসংখ্যান দেখা যায় নাইট শিফট যে সপ্তাহে থাকে, সেই সপ্তাহে শ্রমিকরা ৪ দিন ডিউটি করেন। ফলে টানা শিফট চালু হলে আখেরে শ্রমিকদের কোন লাভ নেই, মালিকেরই লাভ। প্রত্যেক মিলেই যা প্রয়োজন, তার দুই গুণ শ্রমিকের নাম লেখানো আছে। ফলে কোন শ্রমিক যদি টানা শিফটের চাপে ডিউটি নাও আসতে পারে, বদলি শ্রমিক দিয়ে তার উৎপাদন ঠিকঠাকই চলতে থাকবে। কিন্তু শ্রমিক প্রতি কাজ পাওয়ার পরিমাণ কমতে থাকবে।
গ্র্যাচুইটির হকের টাকা হাপিশ করার চক্রান্ত??
একইভাবে অবসরের সময় প্রাপ্য গ্রাচুইটি শ্রমিকদের ন্যায্য পাওনা, মালিকের কোন দয়ার দান নয়। ইতিমধ্যে সামনে আসছে মিলগুলোতে শ্রমিকদের পি এফ র টাকা নিয়ে এক বড় নয় ছয় চলছে, কেন্দ্ৰীয় সরকারের হিসাব অনুযায়ী প্রায় ২০২ কোটি টাকা এদিক ওদিক হয়েছে, যা নিয়ে কেন্দ্রীয় সরকার অডিট করারও নির্দেশ দিয়েছে। যদিও এই সবে কিছুই সুরাহা হবে না, অডিটও ম্যানেজ হয়ে যাবে, সবই টাকার খেলা। এমনিতেই গ্রাচুইটির ক্ষেত্রে বর্তমানে একটা বর্বর নিয়ম চলছে। বছরে কোন শ্রমিক ২৪০ দিন কাজ না করলে লাইন ছুটি হবে না, আর লাইন ছুটি না হলে সেই বছর ঐ শ্রমিকের গ্রাচুইটির টাকাও জমা হবে না। ঘটনা হল, মিলের এক বড় সংখ্যক শ্রমিককে মালিকরা বছরে ২৪০ দিন কাজই দিতে পারে না। ল্যাডলো মিলের এক শ্রমিকের থেকে জানা যে তিনি ২০২০ সালে কাজ পেয়েছেন ৫৭ দিন, আর ২০২১ সালে কাজ পেয়েছেন ৫২ দিন। মিলের নথিভুক্ত শ্রমিককে মালিক কাজ না দিতে পারলে, সেটা মালিকের দায়, তারজন্য শ্রমিক কেন তার প্রাপ্য গ্রাচুইটি থেকে বঞ্চিত হবেন, সেই প্রশ্নের উত্তর কারুর কাছে নেই । তারপরও, প্রত্যেক দিন যেভাবে শ্রমিকদের ওপর প্রোডাকশন টার্গেট (মিটার) বাড়ানো হচ্ছে, তাতে কোন শ্রমিকের পক্ষে টানা বারো মাস ২০ দিন করে কাজ করে যাওয়াটা যথেষ্ট চাপের বিষয়। আর এই বারে তো আইজেএমএ মজুরি বাড়ানোর শর্ত হিসেবে পুরোপুরি গ্রাচুইটির দায়িত্ব থেকে হাত ঝেড়ে ফেলতে চাইছে। অর্থাৎ যতদিন শ্রমিক মিলে কাজ করলেন, ততদিন তাকে মজুরি দিল। অবসর নেওয়ার পর তার আর কোনো দায়িত্ব মালিক নিজের ঘাড়ে রাখতে চাইছে না। গ্র্যাচুইটি আইনকে বুড়ো আঙুল দেখানোর এই চেষ্টা সম্পর্কে কেন রাজ্য সরকার স্পষ্ট অবস্থান রাখতে পারছে না?
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো কে কতটা এর প্রতিবাদ করবে, আমরা জানি না। এদের সবারই অতীত ইতিহাস শ্রমিকদের খুব ভালো করেই জানা আছে। এদের সবারই মালিকের দরজায় নাড়া বাঁধা থাকে। ফলে শ্রমিকরা যদি নিজেরা শ্রেণী হিসাবে সচেতন না হন, নিজেদের ন্যায্য অধিকারগুলো বুঝে নিতে সংগঠিত না হতে পারেন, নিজেদের শ্রেণী ইউনিয়নকে মজবুত না করতে পারেন, তাহলে আগামী দিনে আরও বেশি শোষণ এবং নির্যাতনের শিকার তাদের হতে হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়।
তাই আসুন আওয়াজ ওঠাই,
- কোন কমিটির ভাঁওতাবাজি নয়, অবিলম্বে মজুরি বৃদ্ধি করতে হবে। ন্যূনতম মজুরি মাসিক ২৫০০০ টাকা নির্ধারণ করতে হবে।
- কোনরকম ছাঁটাই, বসিয়ে দেওয়া ছাড়া প্রেমচাঁদ সহ সমস্ত বন্ধ জুট মিল খুলতে হবে।
- শ্রমিকদের ওপর প্রোডাকশন এর চাপ না বাড়িয়ে মিলের নথিভুক্ত সমস্ত শ্রমিকদের পর্যাপ্ত ডিউটি দিতে হবে।
- মিলের নথিভুক্ত সমস্ত শ্রমিকদের গ্রাচুইটির অধীনে আনতে হবে। কোন শ্রমিক যদি কোনদিন কাজ না পেয়ে ঘুরে যায়, তাহলে সেদিন তিনি কাজে এসেছিলেন বলে রেকর্ড করতে হবে।
- শ্রমিকদের পি এফ এর টাকা নয় ছয় করা অবিলম্বে বন্ধ করো, যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
- কোন অবস্থাতেই কাটা শিফট বন্ধ করে টানা শিফট চালু করা চলবে না।
সংগ্রামী অভিনন্দন সহ, জুট মিল মজদুর ইউনিয়ন।
প্রচারপত্রটি আমাদের হাতে এসেছে। গুরুত্ব বিচার করে আমরা প্রকাশ করলাম – সম্পাদক
লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার ফেব্রুয়ারি ২০২২ সংখ্যায়
