মিল বন্ধ করার জন্য মালিক এবং দালাল ইউনিয়নদের চক্রান্ত ব্যর্থ করো।দশ হাজার শ্রমিক পরিবারের পেটে লাথি মারার নীল নকশা রুখে দাও।

নর্থ মিলের গেটে নোটিশ টাঙিয়েছে যে মিল বন্ধ হয়ে যেতে পারে। অজুহাত দিয়েছে, মালের কোয়ালিটি খারাপ হচ্ছে। জানুয়ারি মাসের মধ্যে যদি কোয়ালিটি ভালো না হয়, তাহলে মিল বন্ধ করে দেবে। শোনা যাচ্ছে আসল গল্প অন্য। তিনটে ইউনিয়নের জিএস-দের নিয়ে ম্যানেজমেন্ট মিটিং করেছে এবং তিনটি ইউনিয়নের জিএস-রা মিল বন্ধ করার জন্য মালিকের প্রস্তাবে সই করেছে। হতে পারে ফেব্রুয়ারি থেকে মিল বন্ধ করে দিল। বলছে যে মিল নাকি লোকসানে চলছে। পরপর বিভিন্ন জুট মিল বন্ধ হচ্ছে। ১ তারিখে বন্ধ হয়েছে চন্দননগর-এর গোন্দলপাড়া মিল এবং শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল। ৫ তারিখে নৈহাটি জুট মিল বন্ধ করে দিয়েছে। নৈহাটি জুট মিলে ৪ হাজার শ্রমিক কাজ করেন। এইভাবে একটা পরিকল্পনার অংশ হিসেবে জুট মিলগুলো বন্ধ করা হচ্ছে। বলা হচ্ছে, কাঁচা পাটের দাম বেশি, চাহিদা নেই, লস হচ্ছে, মালের কোয়ালিটি ভালো হচ্ছে না ইত্যাদি। কিন্তু প্রত্যেকটি মিলে প্রোডাকশন মিটার বাড়ানো হচ্ছে। শ্রমিকদের ওপর উৎপাদন বাড়ানোর জন্য প্রতি দিন চাপ বাড়ছে। টার্গেট পূরণ করা শ্রমিকদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। মালের যদি চাহিদা না থাকে তাহলে এত উৎপাদনের চাপ কেনো? তার ওপর একের পর এক মিল বন্ধ করে দেওয়া হচ্ছে। এই হাজার হাজার শ্রমিকরা কোথায় যাবে? নর্থ মিলে তিনটে শিফট মিলিয়ে প্রায় ১০ হাজার শ্রমিক আছে। মিল যদি বন্ধ হয়ে যায়,তাহলে তাদের পরিবারগুলো খাবে কি? আগে এই অঞ্চলে যখন যখন মিল বন্ধ হতো, মিলের শ্রমিকরা জরির কাজে লেগে যেত। আজ জরি শিল্পের এতটা খারাপ অবস্হা যে জরির লোকজন মিলে এসে ভাউচার, কন্ট্রাক্ট শ্রমিক হিসেবে জুটছে। এই রকম অবস্হায় নর্থ মিল বন্ধ হলে শ্রমিকরা কোথায় যাবে, কি কাজ করবে, কিভাবে জীবিকা চালাবে?

একটা বড় পরিকল্পনা চলছে, মিলগুলোতে নতুন মেশিন আনা, কম লোক দিয়ে কাজ চালানো, টানা শিফ্‌ট, ১২ ঘন্টা ডিউটি চালু করা ইত্যাদি বিভিন্ন পরিকল্পনা নিয়ে আইজেএমএ চলছে। যেগুলোর বিষয়ে রাজ্য সরকারও জানে, ইউনিয়নগুলোও জানে। রাজ্য সরকার সব জেনে চুপ করে বসে আছে, আর ইউনিয়নগুলো শ্রমিকদের স্বার্থ রক্ষার কথা বলে মিল বন্ধ করবার চুক্তিতে সই করে আসছে!! বেচারাম মান্না শ্রমমন্ত্রী হবার পর বলল, “আমি নিজে চটকলের শ্রমিক ছিলাম, শ্রমিকদের অবস্হা, দুঃখ কষ্ট আমি বুঝি। একটা মিলও যাতে বন্ধ না থাকে আমি দেখছি।” কিন্তু কি দেখছেন তিনি? প্রেমচাঁদ বন্ধ ৫ মাস হয়ে গেল। রাজ্য সরকার কি করছে? প্রেমচাঁদ এর মালিক এদিকে বালি জুট মিলে নাইট শিফ্‌ট-টা চালাচ্ছে, অর্থাৎ সেখান থেকে মুনাফা কামাচ্ছে। সরকার, শ্ৰম দপ্তর, ইউনিয়ন গুলো চোখ বুজে বসে আছে। এই ইউনিয়ন গুলোকে শুধু দালাল বললে কম বলা হয়, আরও খারাপ কিছু এদের বলা দরকার।

নর্থ মিলের শ্রমিক ভাইদের কাছে আবেদন, আপনারা এখন থেকে সচেতন হোন, সংগঠিত হোন, মিল বন্ধ হওয়াকে কিভাবে ঠেকানো যায় সেই বিষয়ে মতামত দিন, পদক্ষেপ নিন। আজ অবধি নর্থ মিল কখনও বন্ধ হয় নি, শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে মিল চালু থেকেছে, মালিক মুনাফা কামিয়েছে, শ্রমিকদের ছেলে মেয়েরা কোনরকমে দু মুঠো খেয়ে বেঁচে থেকেছে। আজ সেই বেঁচে থাকার অধিকারটুকুও এরা ছিনিয়ে নিতে চাইছে। আজ সবাই একজোট না হতে পারলে আর কবে আমরা একজোট হব?

সংগ্রামী অভিনন্দন সহ
জুট মিল মজদুর ইউনিয়ন, ০৯/০১/২০২২


প্রচারপত্রটি আমাদের হাতে এসেছে। গুরুত্ব বিচার করে আমরা প্রকাশ করলাম – সম্পাদক


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার ফেব্রুয়ারি ২০২২ সংখ্যায়

Leave a Reply