লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার
মে ২০২৫ সংখ্যায়
বীরভূমে মহম্মদ বাজার কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের দেউচা পাঁচামি এলাকার প্রায় ১০ বর্গ কিলোমিটার জুড়ে খোলা মুখ কয়লা খনির খনন কাজ শুরু হতে চলেছে। এই এলাকাটি প্রধানত আদিবাসী অধ্যুষিত। এর মধ্যে (ঐ ১০ কিঃমিঃ র মধ্যে) ৯১০০ একরের বেশি (৮১ শতাংশ) জমি আদিবাসীদের। এই কয়লা ব্লকের উপর উপস্থিত ৪১৩৪ টি বাড়ি আদিবাসী, তফশিলি জনজাতি, তফশিলি জাতি, সংখ্যালঘু ও অন্যান্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে কয়লা খনি হলে বর্জ্য নিষ্পত্তির জন্য প্রয়োজন হবে পার্শ্ববর্তী অঞ্চলের আরো কিছু জমি। দেউচায় প্রায় ২১০ কোটি ২০ লাখ টন কয়লা মজুত আছে। আমেরিকার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লা খনি হতে চলেছে দেউচা পাঁচামী।
কলকাতায় আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রীর ঘোষণা মত ব্রাহ্মণ্য রীতি মেনে ভূমি পুজো করে সারবাঁদিতে প্রকল্পের কাজ শুরু হয়েছে। যদিও আইন মোতাবেক কোন ছাড়পত্র এখনো পাওয়া যায়নি। প্রকৃতিকে ধ্বংস করে গড়ে ওঠা এই খোলা মুখ কয়লা খনিতে এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে- তাও বিজনেস সামিটে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যেখানে খনন করে কয়লা উত্তোলন সম্ভব নয়, ব্লকের সেই ৩০ শতাংশ এলাকায় ভূগর্ভস্থ কয়লা গ্যাসীকরণের অনুসন্ধান শুরু করেছে রাজ্য। দেউচা পাচামির বাকি অঞ্চলে কয়লার খনন শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ।The Mining Development & Operator (MOD) প্রাথমিকভাবে কাজ শুরু করে দেবে ও WBPDCL এর তত্ত্বাবধানে গোটা খননকার্য চলবে। এই সংস্থাটি আরো বলেছেন যে তারা ৩০ শতাংশ ওপেন কাস্ট মাইনিং করবে, চল্লিশ শতাংশ ভূগর্ভস্থ খননের মাধ্যমে এবং অবশিষ্ট ত্রিশ শতাংশ গ্যাসীকরণের মাধ্যমে উত্তোলন করবে। গ্যাসিফিকেশন ও খনন কার্য প্রক্রিয়া একই সাথে চলবে। সরকার মনে করে ৩৫ হাজার কোটি টাকার এই প্রকল্প বীরভূম জেলার জন্য এক বিশাল প্রাপ্তি।
WBPDCL সূত্রে জানা যাচ্ছে, ব্লকের যে অঞ্চলে ৪০০ মিটারের গভীরে কয়লা রয়েছে সেখানে কয়লার গ্যাসিফিকেশন করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্লকের যে অংশে কয়লা রয়েছে, সেইখানে অর্থাৎ ওই এলাকায় ব্যাসাল্টের পরত ওপেন কাস্ট মাইনিং এ একটি বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে ওই ব্লকের প্রায় ৩৭৬ একর জমিতে ব্যাসল্ট শিলা উত্তোলনের কাজও শুরু হবে বলে মনে করা হচ্ছে। এর থেকে ৭১.৫% রাজস্ব-ও আসবে WBPDCL এর হাতে।
পশ্চিমবঙ্গে এই ধরনের শিল্প নতুন নয়:
‘উন্নয়ন’ এর নামে মানুষকে উচ্ছেদ করে বিশেষত আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এই ধরনের মেকি উন্নয়নের কাজ পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। পাঞ্চেত, মুকুটমণিপুর, দুর্গাপুর, রানিগঞ্জ এবং অন্যান্য রাজ্যেও নর্মদা, হাঁসদেও, টাটানগর, নিয়মগিরি প্রভৃতি অঞ্চলে জল জঙ্গল জমিকে ধ্বংস করে আদিবাসী উচ্ছেদের কাজ চলেছে।
এই উন্নয়ন কথাটির আক্ষরিক অর্থ হলো উন্নয়নের নামে খনিজ সম্পদের উত্তোলন, বিদ্যুৎ, সেচ জল ও চওড়া বাঁধানো রাস্তা ও অঞ্চলের মানুষজনের জন্য চাকরির বন্দোবস্ত, যেমন দেউচার ক্ষেত্রে নবান্ন থেকে বলা হয়েছে এই প্রকল্পে এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
কয়লা উত্তোলনের পদ্ধতি:
কয়লা উত্তোলনের প্রাথমিক কাজ হিসেবে প্রথমে ব্যাসাল্ট পাথরের যে স্তর আছে তা তুলে নেওয়া হবে। খোলা মুখ খনির পাশাপাশি সুড়ঙ্গ করে কয়লা উত্তোলনের চিন্তাভাবনা রয়েছে প্রশাসনের, যাতে বেশি সংখ্যক মানুষের জমি অধিগ্রহণ করতে না হয় তার জন্য এই পরিকল্পনা। সরকার আন্ডারগ্রাউন্ড মাইনিং এর কথা ভাবছে যাতে বেশি সংখ্যক মানুষকে সরাতে না হয়। অর্থাৎ ওপেন মাইনিং ও আন্ডার গ্রাউন্ড মাইনিং দুটোই হবে।
দেউচা পাচামির প্রস্তাবিত প্রকল্পের উপকারিতা:
সরকারী মতে —
১) এক লক্ষ মানুষের কর্মসংস্থান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি।
২) বিদ্যুতের দাম অনেক কমে যাবে।
৩) মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই কয়লা উত্তোলনের ফলে পরবর্তী ১০০ বছরে বিদ্যুতের কোন অসুবিধা হবে না।
৪) পার্শ্ববর্তী অঞ্চলের রাস্তাঘাটের উন্নতি ঘটবে।
অপকারিতা:
১) অঞ্চলটি প্রধানত আদিবাসী অধ্যুষিত। ফলতঃ তফশিলি জনজাতি, তফশিলি জাতি, সংখ্যালঘু ও অন্যান্য সম্প্রদায়ের বসবাস। কয়লা ব্লকটি যদি সেখানে তৈরি হয় তবে ২১টি গ্রাম উচ্ছেদ হয়ে যাবে। ব্লকের উপর অবস্থিত ৪১৩৪ টি বাড়ি। ফলে উচ্ছেদ হয়ে যাবার আশঙ্কায় তারা এই কয়লা খনি চায় না। মানুষকে তার বসবাসের জায়গা থেকে উচ্ছেদ করে তার বাড়িঘর, চাষের জমি, আয়ের পথ, জীবন যাপনের অধিকার থেকে বঞ্চিত করা এক সামগ্রিক মানবাধিকার লঙ্ঘন। তা কখনো সাধারণ মানুষের উন্নয়ন হতে পারে না।
২) খোলা মুখ কয়লা খনি চালু হলে অর্থাৎ খনি থেকে ড্রিলিং, বিস্ফোরণ, লোডিং ও কয়লা বয়ে নিয়ে যাবার সময় যে পরিমাণ বর্জ্য তৈরি হবে তা পার্শ্ববর্তী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। আকরিক প্রক্রিয়াকরনের পর যে কাদা বা তরল মিশ্রণের আকারে বর্জ্য তৈরি হবে তাকে টেইলিংস বলা হয়, এটি বিষাক্ত। তা পার্শ্ববর্তী নদী ও পানীয় জলের সাথে মিশে সামগ্রিকভাবে পরিবেশের ক্ষতি করবে।
৩) প্রস্তাবিত এই প্রকল্প থেকে কয়লা উত্তোলনের ফলে পার্শ্ববর্তী নদী দ্বারকা ও ময়ূরাক্ষী থেকে যে অতিরিক্ত জল ব্যবহার করা হবে তাতে ভূগর্ভস্থ জলস্তর নেমে যেতে পারে। ফলে স্থানীয়ভাবে সেচের ক্ষতি হতে পারে, পানীয় জলের সমস্যা বৃদ্ধি পেতে পারে। কয়লা উত্তোলনের ফলে যে ধূলিকণা রাসায়নিক বর্জ্য তৈরি হবে, তা ভূপৃষ্ঠের জলকে দূষিত করবে, ফলে জলজ উদ্ভিদের ক্ষতি হবে। তাছাড়া খনন কার্যের ফলে ছোট ছোট নদী, নালা ভর্তি হয়ে পলি জমবে, ফলে ভূপৃষ্ঠের গঠনগত পরিবর্তন ঘটবে তা মানুষ ও পরিবেশের পক্ষে বিপদজ্জনক।
দেউচায় আদিবাসী সমাজের জমি বাঁচাবার আন্দোলন:
বীরভূমের দেউচা পাচামী এলাকায় এই খোলা মুখ কয়লা খনিতে কয়লা উত্তোলনের জন্য বাহান্নটা গ্রামের প্রায় একুশ হাজার মানুষ উচ্ছেদের সম্মুখীন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই জমি কেড়ে নেওয়া হচ্ছে। সেজন্য জল জঙ্গল জমিন ও আদিবাসী বাঁচাও মঞ্চের পক্ষ থেকে এক বিশাল আন্দোলন গড়ে তোলা হয়েছে। দেউচা পাঁচামি গ্রাম সমন্বয় হুল মঞ্চ ও প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ মূলত এই আন্দোলনের ডাক দিয়েছে। ওনাদের মতে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি যে উচ্ছেদ হয়ে তারা কোথায় থাকবে? ড্যামের / খনির নাম করে আদিবাসী মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে অথচ তাদের কোন দায়িত্ব নেয় না, ফলে তারা গরীব থেকে গরীবতর হয়ে যাচ্ছে। এক সাংবাদিক সম্মেলন করে তারা তাদের অভিযোগ জানান, তারা বলেন চাকরির লোভ দেখিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। পাথরের খাদান হবে না কয়লা খনি হবে সেটা তারা বুঝতে পারছেন না। এই উচ্ছেদের ফলে তাদের কৃষ্টি – সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। বাঁকুড়া পুরুলিয়া থেকে তারা দৃষ্টান্ত দেন যে কোন ক্ষেত্রেই পুনর্বাসনের ব্যবস্থা হয় না। উচ্ছেদ হলে জীবন জীবিকা হারাবে, কৃষ্টি-সংস্কৃতি, পরম্পরাগত সামাজিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। সরকার যদি কর্ণপাত না করে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসে তারা একটি সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেন। দেউচা পাঁচামি গ্রাম সমন্বয় হুল কমিটি ও প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তারা এটাও ঘোষণা করেন যে বিভিন্ন সংবাদপত্রে ও সোশ্যাল মিডিয়াতে যে খবর বেরিয়েছে- যে আদিবাসী জনগণ এই প্রস্তাবিত কয়লা খনিতে সম্মতি জানিয়েছেন, তা দেখে তারা স্তম্ভিত। এটি যে সর্বই মিথ্যা তা জানানোর জন্যই তাদের এই সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজেন টুডু, সুপেন হেমব্রম, সুশীল মুর্মু প্রমুখ।
মূল কথা:
দেউচা পাঁচামি কয়লা খনি জনিত যে তথাকথিত উন্নয়ন তা কাদের জন্য? যদি আদিবাসী মূলবাসী জনগণ তাদের ভূমি থেকে উচ্ছেদ হয়ে যান, তাহলে এলাকার উন্নয়ন/ কর্মসংস্থান তাদের কি কাজে আসবে? সারা ভারত বা পশ্চিমবঙ্গ জুড়ে যে আদিবাসীদের উচ্ছেদ করার কাজে কেন্দ্রীয়/ রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে তা তো শুধু কর্পোরেটদের হাতে সেই সব জল জঙ্গল জমিকে তুলে দেওয়ার স্বার্থে, যাতে তারা আরো বেশি ধনী হতে পারে। কিন্তু প্রকৃতি ধ্বংস করে, আদিবাসীদের উচ্ছেদ করে, কৃষি জমি ধ্বংস করে যে মেকি উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে, তা তো আদিবাসীদের স্বার্থ রক্ষা করার জন্য নয়। কারণ মূলবাসী জনগণ উচ্ছেদ হবার পরে তারা কোথায় যান, সে খবর তখন কেউ আর রাখার প্রয়োজন মনে করে না। তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হয় না, তাছাড়া তাদের ক্ষেত্রে কোন সম্মানীয় জীবিকার ব্যবস্থা করা হয় না। বাঁকুড়া/ পাঞ্চেত/ ডিভিসি তে যে পরিমাণ আদিবাসীদের উচ্ছেদ করা হয়েছে, তাদের কতজনকে সম্মানীয় চাকরি দেওয়া হয়েছে? ডিভিসি তে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তা কতটা তাদের জন্য ব্যয় হয়? এখনো ডিভিসির অঞ্চলের মধ্যে অনেক গ্রাম আছে, যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি। বাঁকুড়া জেলার মুকুটমনিপুর গড়ার সময় সেচের জল পাওয়া যাবে- এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল আদিবাসী জনগণ জল সেচের কোন সুবিধাই পেলেন না।
এই মেকী উন্নয়নের কি প্রয়োজন? তা কি শুধুই তাদের উচ্ছেদ করে আরো নিঃস্ব ও গরিবে পরিণত করার পরিকল্পনা মাত্র? সরকারী পরিসংখানি বলছে যে মোট উচ্ছেদ হওয়া মানুষের ৬০% ই আদিবাসী। এন এফ এইচ এস (ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে) রিপোর্ট অনুসারে আদিবাসী সমাজের পাঁচ বছরের নিচে ৪৫ শতাংশ শিশুই অপুষ্টিজনিত রোগে ও ২৭ শতাংশ শিশু ভয়ানক অপুষ্টিজনিত রোগে আক্রান্ত। রিপোর্টে আরও বলা হয়েছে বনভূমি/ অরণ্য ও নিজেদের ভূমি থেকে উচ্ছেদ হওয়ার ফলে খাদ্যাভ্যাসে বদল ও সরকারী পুষ্টিহীন দয়ার রেশন নির্ভর হওয়াই এই অপুষ্টির অন্যতম কারণ। এই একই ঘটনা ঘটছে বা ঘটবে এই দেউচা পাচামি কয়লা খনি অঞ্চলে। কৃষ্টি সংস্কৃতি, পরম্পরাগত সামাজিক ব্যবস্থাটাও মার খাবে, ফলে তারা এই সামাজিক ব্যবস্থায় আর থাকতে পারবে না। ঝাড়খণ্ড ও উড়িষ্যায় যে যে অঞ্চলে খনি হয়েছে তাতে আদিবাসীদের এই অবস্থা হয়েছে। তাছাড়া সরকার কি ক্ষতিপূরণ দিচ্ছে তার সম্বন্ধেও তাদের কোনো স্পষ্ট ধারণা থাকে না। তাছাড়া সরকারী এই যে চাকরি প্রদান তা তাদের মধ্যে সামাজিকভাবে বিভেদ ডেকে আনবে, অর্থাৎ কোন পরিবারের তিন ভাই থাকলেও একজনকে চাকরি দেওয়া হবে। তাছাড়া চাকরির মেয়াদ হবে ৬০ বছর অবধি । কিন্তু নিজের জমি থাকলে তা মৃত্যু পর্যন্ত তারা চাষবাস করে জীবিকা অর্জন করতে পারবেন। অন্যান্য জায়গায় যে বিদ্যুৎ প্রকল্পগুলো হয়েছে (যেমন অযোধ্যা পাহাড়) তা কিন্তু সঠিকভাবে হয়নি। একদিন বৃষ্টি হলে তিন দিন বিদ্যুৎ থাকে না। কিন্তু তাতে উচ্ছেদে ভাটা পড়েনি। ফলে সামগ্রিকভাবে আদিবাসী সমাজের অবনমন ঘটেছে। মূল কথা, আদিবাসী সমাজ চাইছে বন সংরক্ষণ আইন ২০০৬ অনুসারে পরিবেশ অক্ষুন্ন রেখে উন্নয়ন। তাই আমরাও চাইছি এই মেকি উন্নয়নের জন্য আদিবাসী উচ্ছেদ বন্ধ হোক। জল জঙ্গল জমি রক্ষাকারী এই আদিবাসী সমাজের উচ্ছেদের প্রতিবাদে আন্দোলন চলবে/ চলছে। কোন হামলা করে, মামলা করে এই আন্দোলন বন্ধ করা যায়নি/ যাবে না।
কভার ফটো সৌজন্যে – https://www.peoplesreporter.in/news/news-from-state/deucha-pachami-the-anti-mining-movement-is-gaining-momentum-left-congress-present-at-the-tribal-meeting [Retrieved On: 30/07/2025]
