আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে এক নজরে মেঘালয় রাজ্য

ভারতে এটা প্রায় একটা প্রথার মতো হয়ে দাঁড়িয়েছে যে নির্বাচনের আগের মাসগুলোতে কিছু হিংসাত্মক ঘটনা ঘটবেই, যেগুলো ব্যবহার করে শাসক শ্রেণী সাধারণ মানুষের দৃষ্টিকে তাঁদের মৌলিক প্রয়োজনীয় বিষয়গুলো থেকে জাতিগত-ধর্মগত বিষয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আসন্ন মেঘালয় বিধানসভা (MLA) নির্বাচন, যেটা ২০২৩ সালের ২৭-এ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেও এর কোনো ব্যতিক্রম নেই। গত কয়েক মাসে মেঘালয় রাজ্যকে একাধিক হিংসাত্মক ঘটনার সাক্ষী থাকতে হয়েছে, যেগুলোকে ব্যবহার করা হয়েছে রাজ্যের কিছু জ্বলন্ত সমস্যাকে আড়াল করার উদ্দেশ্যে, যেমন – চরম বেকারত্ব, মেহনতি জনগণের করুণ অবস্থা, মাত্রাছাড়া দুর্নীতি, কর্পোরেটদের দ্বারা জাতীয় সম্পদের লুঠ, ব্যয়বহুল স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা ব্যবস্থা, এবং জাতি-ধর্ম-সম্প্রদায়ের বিভিন্নতাকে অতিক্রম করে একসাথে পথ চলার যে সুন্দর বৈশিষ্ট্য এই রাজ্যে লক্ষ্য করা যায় সেটার ক্রমাগত ক্ষয়। এই বাস্তব সমস্যাগুলোর দিকে জনগণের দৃষ্টিকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসাটাই হলো এই প্রবন্ধের উদ্দেশ্য।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র (RBI) প্রকাশ করা তথ্য অনুযায়ী ২০১১ থেকে ২০২১ – এই দশ বছরে মেঘালয় রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট-এর (GSDP) কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট (CAGR) বা চক্রবৃদ্ধিহারে বার্ষিক বৃদ্ধির হার হলো মাত্র ২%, যা দেশের মধ্যে সবথেকে ধীর গতির। গ্রসের জায়গায় আমরা যদি নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট-এর (NSDP) হিসেব করি, যেখানে মূল্যের হ্রাস-বৃদ্ধিকে বিবেচনা করা হয়, তাহলে আমরা এটা দেখে অবাক হব যে ঐ একই দশকের জন্য গোটা দেশের মধ্যে মেঘালয় হলো একমাত্র রাজ্য যার মাথাপিছু NSDP-র CAGR শূন্যেরও কম (RBI-এর তথ্য অনুযায়ী -০.৫)। মেঘালয়ের ক্ষমতাসীন জোট সরকার এই ভয়ানক পরিস্থিতির জন্য নিজের দায় এড়িয়ে গিয়ে সমস্ত দোষটা আগের সরকারের উপর চাপানোর আপ্রাণ চেষ্টা চালালেও RBI-এর এই পরিসংখ্যান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে গড় মূদ্রাস্ফীতির হার (কনসিউমার প্রাইস ইন্ডেক্স) বিগত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে। এছাড়াও, ২০২০-২১ সালে মেঘালয় রাজ্যের মাথাপিছু বার্ষিক আয় ছিল ৮২১৮২ টাকা, অর্থাৎ প্রতি মাসে ৬৮৪৮ টাকা। অথচ, মেঘালয় সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া ন্যূনতম মজুরির হিসাবে একজন গড়পড়তা শ্রমিক যদি মাসে ২২ দিন কাজ করেন তাহলেও তাঁর মাসিক উপার্জন হওয়ার কথা ৮৩২২ টাকা থেকে ১১৭৪৮ টাকার মধ্যে। অর্থাৎ, প্রকৃত আয় বর্তমান সরকার কর্তৃক নির্ধারিত প্রয়োজনীয় পরিমাণের থেকেই কম! এতে প্রমাণিত হয় যে ন্যূনতম মজুরির ঐ সামান্য টাকাটুকুও শ্রমিকরা পান না। তাছাড়াও, মাথাপিছু আয়ের এই হিসেবটা করার সময় পরোক্ষভাবে ধরে নেওয়া হয় যে সকলের মধ্যে আয়ের বন্টন সমান, যেটা একেবারেই বাস্তব নয়। বরং বাস্তব পরিস্থিতিটাকে যথাযথভাবে তুলে ধরে KAM মেঘালয় নামে একটা প্রগতিশীল মঞ্চ মন্তব্য করেছে –

আমাদের মেঘালয়বাসীদের মধ্যে একটা ছোটো সংখ্যালঘু অংশ আছে যাঁদের ল্যাম্বরঘিনি, SUV কেনার ক্ষমতা আছে, যাঁরা উজ্বল কাঁচের দেওয়াল দেওয়া বিল্ডিং তৈরি করতে পারেন যার ভিতরে স্যুইমিং পুলও থাকে, যাঁরা কাতার-এ গিয়ে বিশ্বকাপ ম্যাচ দেখে আসতে পারেন, যাঁরা দুবাই-এ গিয়ে ক্রিসমাসের কেনাকাটা করে আসতে পারেন।

বিভিন্ন গবেষণা থেকে আরও জানা যায় যে বেসরকারি পুঁজি কর্তৃক জমি দখলের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যেখানে আরও কৃষক ভূমিহীন হয়ে পড়ছে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী মেঘালয় রাজ্যের গ্রামীণ পরিবারের মধ্যে ৭৬%-ই হলো ভূমিহীন, যেখানে এর জাতীয় গড় হলো ৫৬%। মেঘালয়ের অর্থনৈতিক জীবনের একেবারে কেন্দ্রস্থলে আছে চরম বৈষম্য। ২০২১ সালে প্রকাশিত NITI আয়োগ-এর প্রথম মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী মেঘালয়ের জনগণের এক-তৃতীয়াংশ (৩২.৮%) হলো দরিদ্র ও বঞ্চিত। এই রিপোর্ট থেকে এটাও জানা যায় যে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সবথেকে গরীব রাজ্য হলো মেঘালয়, এবং দারিদ্রতার নিরিখে গোটা দেশের মধ্যে এই রাজ্যের স্থান পাঁচ নম্বরে – বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের পর। আগে উল্লেখ করা RBI-এর তথ্য থেকে জানা যায় যে শহরাঞ্চলে বেকারত্বের হার, যেটা ২০১১-১২ সালে ছিল ২.৮%, সেটাই ২০২০-২১ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে ৬.১%। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (CMIE) অনুযায়ী এই বেকারত্বের হার আরও বৃদ্ধি পেয়ে ২০২২ সালের শেষ তিন মাসে এসে পৌঁছেছে ৭.৭%-এ (আবার শুধু ২০-২৯ বছর বয়স্কদের ধরলে এই হার হলো ৯.৫%)। যেটুকু কাজকর্মের সুযোগ বর্তমান তার গুণমানও যথেষ্ট শোচনীয়। ২০১৮-১৯ সালের পিরিওডিক লেবার ফোর্স সার্ভে (PLFS) অনুযায়ী মেঘালয়ের মোট কর্মীবাহিনীর মধ্যে মাত্র ২০.৫% বেতনভুক্ত কর্মচারী, যা জাতীয় গড়ের (২৩.৮%) থেকে কম তো বটেই, সাথে উত্তর-পূর্ব অঞ্চলের মধ্যে সর্বনিম্ন। অতএব, এতে আশ্চর্যের কিছু নেই যে যুব সম্প্রদায় চাকরির সন্ধানে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, আরও বেশি সংখ্যক শিশু অপুষ্টিতে ভুগছে, স্কুলছুটের সংখ্যা ক্রমাগত বাড়ছে, এবং মাদক ব্যবসার মতো অপরাধমূলক কাজকর্ম যুব সম্প্রদায়কে গ্রাস করে নিচ্ছে।

দুর্ভাগ্যবশত, মেঘালয়ের ৬০ জন MLA-র মধ্যে কেউই এমন কোনো নীতি প্রণয়ন করতে পারেননি বা করার কথা ভাবতেও পারেননি যা নিয়মনিষ্ঠার সাথে সমগ্র পরিস্থিতির একটা উন্নতি ঘটাতে পারে। বরং নির্বাচনের আগে তাঁরা এককালীন দান-খয়রাতি করতে, যেমন সস্তা মানের কাপ-ডিশ, কম্বল, লটারির টিকিট, এমনকি নগদ টাকা ইত্যাদি বিতরণ করতেই ব্যস্ত থাকেন। এছাড়াও, দুর্নীতির প্রশ্ন তো আছেই। MLA প্রকল্পগুলোর টাকা সম্পূর্ণভাবে অপব্যবহার করা হচ্ছে এবং MLA বা তাদের পরিবার বা তাদের বন্ধুবান্ধবদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত লোকজন বা ব্যবসার মধ্যে দিয়ে সেই টাকার সঞ্চালন ঘটানো হচ্ছে। সংক্ষেপে, জনগণের টাকা মাঝারি ও বড় ব্যবসায়ীদের পকেটে পাচার করে দেওয়া হচ্ছে, বদলে যারা শাসক শ্রেণীর জাঁকজমকপূর্ণ নির্বাচনী প্রচারের খরচা বহন করছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (AITC) এবং আম আদমি পার্টি (AAP), যারা এই বছর প্রথম বারের জন্য মেঘালয়ের বিধানসভা নির্বাচনে লড়বে, তারা যে অন্যরকম কিছু করবে এমন সম্ভাবনা খুবই কম, কারণ এই আঞ্চলিক দলগুলো নিজ নিজ রাজ্যে ঠিক একই পন্থাই অবলম্বন করে চলে।

নির্বাচনের আগে আগে আরেকটা চিরাচরিত কৌশল হলো মেরুকরণ, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তির সৃষ্টি করা। উৎসবের মাস ডিসেম্বর শুরু হওয়ার ঠিক আগেই শিলং শহর দুটো হিংসাত্মক ঘটনার সাক্ষী হয়। প্রথমটা ঘটে ২৮-এ অক্টোবর ২০২২, যখন ফেডারেশন অফ খাসি জয়ন্তিয়া অ্যান্ড গারো পিপ্‌ল (FKJGP) কর্তৃক আয়োজিত ‘বেকারত্বের বিরুদ্ধে একটা মিছিল’-এ অংশগ্রহণকারী কিছু যুবক এমন একটা গন্ডগোলের সৃষ্টি করে যেটার সাথে বেকারত্বের দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই। তারা অ-স্থানীয় পথচারী, বাইক আরোহীদের বেছে বেছে মারধর করে, অ-স্থানীয় ব্যক্তিদের মালিকানাধীন দোকান ও পেট্রোল-পাম্প লক্ষ্য করে পাথর ছোঁড়ে, এবং স্লোগান দিতে থাকে – “আমার জায়গায় আমি যা খুশি করতে পারি।” দ্য শিলং টাইম্‌স-এর সম্পাদক প্যাট্রিসিয়া মুখিম যথার্থই বলেছিলেন যে, “এই স্লোগানটা দেওয়ার উদ্দেশ্যই হলো নাগরিকদের মধ্যে হিংসা ও বৈষম্য উস্কে দেওয়া। যারা এই রাজ্যের নয় সেই ‘অন্য’দের জন্যও এটা ঘৃণা ছড়ায়।” মিছিলের যাত্রাপথ বরাবর পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আবার কয়েক সপ্তাহ যেতে না যেতেই ট্রিগার-প্রিয় আসাম পুলিশ কর্তৃক আসাম-মেঘালয় সীমান্তে ২২-এ নভেম্বর ২০২২ তারিখে গুলি চালানোর ঘটনার পর মেঘালয় রাজ্য জুড়ে আরও এক দফা হিংসাত্মক ঘটনা ঘটে, এবং সেখানেও কিছুক্ষেত্রে অ-স্থানীয় জনগণকে আক্রমণের শিকার হতে হয়। বিভিন্ন স্থানে মেঘালয়ের বাইরে থেকে আসা গাড়ীতে আগুন লাগিয়ে দেওয়া হয়; অ-স্থানীয় জনগণকে লক্ষ্য করে হামলা/হয়রানি ও পাথর ছোঁড়ার একাধিক ঘটনা রিপোর্ট করা হয়; এমনকি কিছু বিক্ষোভকারী শিলং সিভিল হাসপাতালেও ভাঙচুর চালায়। মজার বিষয় হলো, “কোনো বিধায়ক বা রাজনৈতিক দল এই হিংসাত্মক ঘটনার নিন্দা করার বিষয়ে স্পষ্ট অবস্থান নিচ্ছে না কারণ তারা তাদের নির্বাচনী হিসেবনিকেশ করছে”, যেমনটা উল্লেখ করেছেন শিলং-এর একজন সমাজকর্মী অ্যাঞ্জেলা রঙ্গদ।

মেঘালয়ের শাসক শ্রেণী, তার রাজনৈতিক ঝোঁক নির্বিশেষে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একাধিক চাপ-সৃষ্টিকারী গোষ্ঠীকে (FKJGP-র মতো) আর্থিকভাবে লালনপালন করে থাকে। শাসকশ্রেণী স্থানীয় বেকার যুবকদের সামনে তাদের বেকারত্বের জন্য অ-স্থানীয়দের দায়ী করে, যাতে করে স্থানীয় আর অ-স্থানীয়দের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করা যায়। এর ফলে অ-স্থানীয়দের কাছে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়, এবং সেই ভয়ের পরিবেশকে আরও দৃঢ় করে তোলা হয় অ-স্থানীয়দের লক্ষ্য করে হামলা করার মতো ঘটনা ঘটিয়ে; এবং তারপর অ-স্থানীয় জনগণকে তাদের ভোটের বদলে সুরক্ষা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়। শিলং শহরে এই অ-স্থানীয়দের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সংখ্যালঘুদের জন্য সুরক্ষা আর নিরাপত্তা প্রধান চিন্তার কারণ হয়ে উঠেছে, এবং শাসক শ্রেণী সচেতনভাবে তাদের বোঝানোর চেষ্টা করে চলেছে যে এই সুরক্ষা আর নিরাপত্তা তাদের মৌলিক মানবাধিকারের অংশ নয়, বরং এমন একটা কিছু যেটা একমাত্র অর্থ ও পেশীবলে বলীয়ান সবথেকে ক্ষমতাশালী গুন্ডাকে ভোট দিয়েই অর্জন করা যেতে পারে। তবে যাইহোক, ইতিবাচক দিকটা হলো স্থানীয় জনগণের অধিকাংশই তাদের সহ-নাগরিকদের উপর এই সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করেছেন। কারণ এই ধরনের অবাঞ্ছিত ঘটনাগুলো তাদেরও নিত্যনৈমিত্তিক ব্যবসায়িক লেনদেনের সামনে বাধা সৃষ্টি করে এবং মেহনতি জনগণের একটা বড় অংশকে অকারণে আরও দুর্দশার মুখে ঠেলে দেয়। এই প্রসঙ্গে সেই বহুল প্রচলিত উক্তিটার কথা মনে করা যেতে পারে, “আপনি কিছু সময়ের জন্য সকল মানুষকে বোকা বানাতে পারেন এবং কিছু মানুষকে সব সময় বোকা বানাতে পারেন, কিন্তু আপনি সকল মানুষকে সব সময় বোকা বানাতে পারবেন না।”


লেখাটি প্রকাশিত হয় আজাদ গণ মোর্চা-র মুখপত্র মাতৃভূমি পত্রিকার ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যায়


কভার ফটো সৌজন্যে – https://theshillongtimes.com/2022/10/28/fkjgp-members-go-berserk-during-rally-innocent-people-journalist-attacked/ [Retrieved On: 16/02/2023]

One thought on “আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে এক নজরে মেঘালয় রাজ্য”

Leave a Reply